জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

স্বপ্নের টানে কলকাতায়, আশ্রয় শিয়ালদহ স্টেশন! প্রত্যাখ্যান, অনিশ্চয়তা আর সংগ্রামের পথ পেরিয়ে এবার বড়পর্দায় ‘বিগ-বস সিজন ২’ ফাইনালিস্ট স্যান্ডি! মুক্তির অপেক্ষায়, ‘পরবর্তী স্টেশন বেগুনকোদর’!

দুর্গাপুরের ছেলে স্যান্ডির জীবনের গল্প যেন এক বাস্তব সংগ্রামের কাহিনি। ছোট শহরে বড় হয়ে ওঠা এই শিল্পী খুব অল্প বয়স থেকেই নাচ ও অভিনয়ের প্রতি গভীর আগ্রহ অনুভব করতেন। জীবনে বড় কিছু করার স্বপ্ন নিয়ে তিনি প্রায় ১৮ বছর দুর্গাপুরে কাটানোর পর চলে আসেন কলকাতায়। নতুন শহরে পা রাখার সময় সামনে ছিল অজানা ভবিষ্যৎ, কিন্তু মন ভরা ছিল স্বপ্নে। পরিবারের সদস্যরা এখনও দুর্গাপুরেই থাকেন এবং তাঁদের আশীর্বাদই স্যান্ডির পথ চলার শক্তি হয়ে থেকেছে।

কলকাতায় এসে শুরু হয় কঠিন বাস্তবের সঙ্গে লড়াই। কাজের খোঁজে দিনের পর দিন স্টুডিও পাড়ায় ঘুরেও সহজে সুযোগ মেলেনি। এমন সময়ও গেছে যখন থাকার মতো জায়গা না থাকায় শিয়ালদহ স্টেশনেই রাত কাটাতে হয়েছে তাঁকে। প্রতিদিন সেখান থেকে নতুন আশায় স্টুডিওর দরজায় কড়া নাড়তেন তিনি। কিন্তু নতুনদের জন্য তখন সুযোগ খুবই সীমিত ছিল। বারবার প্রত্যাখ্যান সত্ত্বেও নিজের স্বপ্নকে ছাড়েননি স্যান্ডি। ধৈর্য আর পরিশ্রমকে সঙ্গী করেই তিনি এগিয়ে যেতে থাকেন।

অবশেষে তাঁর জীবনে সুযোগ আসে ব্যাকআপ ড্যান্সার হিসেবে কাজ করার মাধ্যমে। সেখান থেকেই ধীরে ধীরে কোরিওগ্রাফির জগতে নিজের জায়গা তৈরি করেন তিনি। বিভিন্ন রিয়েলিটি শো, বড় বড় মঞ্চ এবং চলচ্চিত্রে কোরিওগ্রাফি করার সুযোগ পান স্যান্ডি। তাঁর কাজের তালিকায় রয়েছে চিরদিনই তুমি যে আমার, কবির, ক্লাসরুম এবং বলো দুগ্গা মাইকি মতো জনপ্রিয় বাংলা ছবি। এই কাজগুলো তাঁকে শিল্পী হিসেবে আরও আত্মবিশ্বাসী করে তোলে এবং বিনোদন জগতে তাঁর পরিচিতিও বাড়তে থাকে।

২০১৬ সালে তিনি অংশ নেন জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস বাংলা সিজন ২ এ। সেই মঞ্চে নিজের ব্যক্তিত্ব ও উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করে ফাইনালিস্ট পর্যন্ত পৌঁছে যান তিনি। এই শো তাঁর জীবনের বড় একটি মোড় হয়ে দাঁড়ায়। এরপর তিনি অভিনয়ে আরও মনোযোগ দেন। যদিও ২০২১ সালে আবারও এক কঠিন সময়ের মুখোমুখি হতে হয় তাঁকে, যখন আয় প্রায় বন্ধ হয়ে যায়। তবুও সেই পরিস্থিতিকে জয় করে আবার নতুনভাবে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে শুরু করেন স্যান্ডি।

ছোটপর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজে একের পর এক কাজ করে তিনি ধীরে ধীরে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। মাধবীলতা, আলোর ঠিকানা এবং রোশনাই ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি একাধিক ওয়েব সিরিজেও দেখা গেছে তাঁকে। সম্প্রতি পরিচালক রাজ চক্রবর্তী পরিচালিত জনপ্রিয় সিরিজ আবার প্রলয় ২ এ মনীশ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন স্যান্ডি। খুব শিগগিরই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘পরবর্তী স্টেশন বেগুনকোদর’ যেখানে তিনি মুস্তাক চরিত্রে অভিনয় করছেন। সেখানে তাঁর সঙ্গে থাকছেন সোহম মজুমদার এবং দেবরাজ সহ আরও অনেকে। স্টেশন থেকে শুরু হওয়া তাঁর এই দীর্ঘ পথচলা আজ সত্যিই স্বপ্ন পূরণের এক অনুপ্রেরণার গল্প।

Piya Chanda

                 

You cannot copy content of this page