বিগ বস বাংলার ঘরে রাজবীর দে ও নন্দিনী দত্তের সম্পর্ক নিয়ে চর্চা যেন কিছুতেই থামছে না। কখনও তাঁদের ঘনিষ্ঠতা, কখনও মনোমালিন্য, আবার কখনও বিতর্কিত ঘটনা, সব মিলিয়ে এই দুই প্রতিযোগীকে ঘিরে দর্শকদের কৌতূহল তুঙ্গে। বিশেষ করে গত সপ্তাহে রাজবীরের গায়ে হাত তোলার ঘটনায় নন্দিনীকে বিগ বসের ঘর ছাড়তে হয়েছিল। কিন্তু শো থেকে নন্দিনী বিদায় নিলেও তাঁর সঙ্গে রাজবীরের সম্পর্কের প্রসঙ্গ যে এখনও অভিনেতার মনে ঘুরছে, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল সাম্প্রতিক পর্বে। ছেলেকে দেখতে সুদূর শিলিগুড়ি থেকে বিগ বসের বাড়িতে হাজির হয়েছিলেন রাজবীরের মা ও ভাই। তাঁদের দেখে আবেগ ধরে রাখতে পারেননি রাজবীর। তবে মায়ের সঙ্গে দেখা হওয়ার পরেই তিনি এমন একটি প্রশ্ন করে বসেন, যার উত্তর দিতে গিয়ে মুহূর্তের মধ্যে বদলে যায় মায়ের মুখের অভিব্যক্তি।
রাজবীর যে তাঁর মা ও ভাইকে বিগ বসের বাড়িতে দেখতে পাবেন, তা একেবারেই ভাবতে পারেননি। বাড়ির মূল ফটকের ওপারে মাকে দেখতে পেয়েই ছুটে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন অভিনেতা। বিস্ময় মেশানো গলায় মাকে জানান, তিনি ভাবতেই পারেননি এত দূর থেকে মা তাঁকে দেখতে আসবেন। ছেলের সঙ্গে দেখা করে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর মা। এরপর বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গেও পরিচিত হন তিনি। সোনামণির সঙ্গেও কথা বলেন। রাজবীরের দুষ্টুমি নিয়ে বাড়ির সদস্যদের কাছ থেকে অভিযোগ শুনে হাসিমুখে মজার ছলে উত্তর দেন, আর তো কয়েকটা দিন, এই সময়টুকু একটু সহ্য করে নিতে হবে। সব মিলিয়ে প্রথমদিকে পরিবেশ ছিল বেশ হাসিখুশি। কিন্তু নন্দিনীর প্রসঙ্গ উঠতেই সেই পরিবেশে যেন কিছুটা বদল আসে।
মায়ের কাছে রাজবীর সরাসরি জানতে চান, নন্দিনীকে তাঁর পছন্দ কি না। বিগ বসের বাড়িতে তাঁদের সম্পর্কের নানা মুহূর্ত দেখেছেন দর্শক। ফলে রাজবীরের এই প্রশ্ন যে একেবারে অপ্রত্যাশিত নয়, তা বলাই যায়। কিন্তু ছেলের মুখে নন্দিনীর নাম শুনেই মায়ের মুখের হাসি মিলিয়ে যায়। তিনি সরাসরি কোনও ইতিবাচক বা নেতিবাচক উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। বরং ছেলেকে বলেন, এখন এসব নিয়ে কথা বলার সময় নয়। বাইরে বেরিয়ে এসে এই বিষয়ে কথা হবে। আপাতত যা হয়ে গিয়েছে, তা ভুলে গিয়ে খেলায় মন দিতে হবে। তাঁর বক্তব্য, রাজবীর বিগ বসের বাড়িতে এসেছে জেতার জন্য। তাই ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে বেশি ভাবলে চলবে না। মায়ের এই কথায় স্পষ্ট, এই মুহূর্তে ছেলের খেলার দিকটিকেই বেশি গুরুত্ব দিতে চাইছেন তিনি।
তবে নন্দিনীকে নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ কথা রাজবীরকে জানান তাঁর মা। তিনি বলেন, নন্দিনী তাঁকে ফোন করেছিলেন এবং নিজের আচরণের জন্য ক্ষমাও চেয়েছেন। অর্থাৎ বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসার পর রাজবীরের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন নন্দিনী। কিন্তু ক্ষমা চাওয়ার কথা জানার পরেও ছেলের প্রশ্নের সরাসরি উত্তর দেননি রাজবীরের মা। উল্টে রাজবীর যখন আবার নন্দিনীর প্রসঙ্গ তোলেন এবং মাকে দেখাতে চান, নন্দিনীর সঙ্গে তিনি কোন বিছানায় শুতেন, তখন তাঁকে বকুনি দিয়ে থামিয়ে দেন। মায়ের এই প্রতিক্রিয়া দেখে দর্শকদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, নন্দিনীকে নিয়ে কি এখনও ক্ষুব্ধ রাজবীরের মা? নাকি ছেলের খেলার কথা ভেবেই আপাতত এই সম্পর্কের আলোচনা থেকে তাঁকে দূরে রাখতে চাইছেন?
আরও পড়ুনঃ ‘পাক্কা পলিটিশিয়ান! বিগ বসে রাজনীতি করেই জিতবে!’ দুর্নিবারকে নাম না করে তুলোধোনা সৌম্যর, ১৬ লক্ষ টাকা নিয়ে কোন বি’স্ফো’রক অভিযোগ তুললেন গায়ক?
বিদায় নেওয়ার আগে রাজবীরকে আরও কিছু পরামর্শ দিয়ে যান তাঁর মা। ছেলেকে মাথা ঠান্ডা রেখে খেলার কথা বলেন তিনি। পাশাপাশি জিতুকে নিয়েও সতর্ক করেন রাজবীরকে। তাঁর মতে, খেলা এখন এমন জায়গায় পৌঁছেছে, যেখানে অন্য কারও উপর নির্ভর করে থাকলে চলবে না। নিজের খেলার দায়িত্ব নিজেকেই নিতে হবে। অন্যের উপর ভরসা না করে নিজের সিদ্ধান্ত বুঝে এগোনোর পরামর্শ দেন তিনি। মায়ের এই কথাগুলি রাজবীর কতটা মেনে চলেন, তা আগামী পর্বেই বোঝা যাবে। তবে নন্দিনীকে নিয়ে মায়ের নীরবতা এবং ছেলেকে দেওয়া কড়া বার্তা নতুন করে জল্পনা তৈরি করেছে। বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে রাজবীর কি নন্দিনীর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবেন? আর নন্দিনীকে কি শেষ পর্যন্ত মেনে নেবেন রাজবীরের মা? আপাতত এই প্রশ্নগুলির উত্তর অধরাই রয়ে গেল।
