বিগ বস বাংলার ঘরে জিতু কমলের আচরণ নিয়ে এত দিন দর্শকদের একাংশ নানা প্রশ্ন তুলেছেন। কখনও সহপ্রতিযোগীদের সঙ্গে তাঁর কথার লড়াই, কখনও বয়স্ক প্রতিযোগীদের সঙ্গে ব্যবহার, আবার কখনও সৃজলার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা, সব কিছু নিয়েই চলছে আলোচনা। তবে এবার শুধু দর্শকরাই নন, জিতুর আচরণ নিয়ে সরব হলেন ইন্ডাস্ট্রির অন্দরের এক পরিচিত মুখ। অভিনেতা বিশ্বজিৎ ঘোষের সঙ্গে জিতুর বহুদিনের পরিচয়। একসময় একসঙ্গে কাজ করা থেকে আড্ডা, সবই হয়েছে তাঁদের। কিন্তু বিগ বসের ঘরে জিতুকে দেখে রীতিমতো অবাক বিশ্বজিৎ। তাঁর কথায়, এই জিতুকে তিনি যেন চিনতেই পারছেন না। পুরনো বন্ধুর এমন আচরণ দেখে নিজের অসন্তোষও আর চেপে রাখেননি অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিগ বসের প্রতিযোগীদের নিয়ে কথা বলতে গিয়ে জিতুর প্রসঙ্গ ওঠে। বিশেষ করে ভারত কলের সঙ্গে জিতুর আচরণে আপত্তি জানিয়েছেন বিশ্বজিৎ। একটি টাস্কে ভারত কলকে যেভাবে ওঠবস করানো হয়েছে এবং চাকরের মতো খাটানো হয়েছে, তা তাঁর একেবারেই ভালো লাগেনি। ভারত কল নিজে বিষয়টিকে খেলার অংশ হিসেবে মেনে নিলেও বিশ্বজিৎ তা মেনে নিতে পারেননি। এমনকী মনামী ঘোষকে নাম ধরে ডাকার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, বিগ বসের ঘরের খেলা কয়েক মাসের জন্য হলেও বাইরে বেরিয়ে আবার সেই মানুষগুলির সঙ্গেই কাজ করতে হবে। তাই দর্শকদের বিনোদন দেওয়ার জন্য নিজের ব্যক্তিত্ব ও অন্যের সম্মানবোধ ভুলে যাওয়ার কোনও প্রয়োজন নেই।
জিতুর উদ্দেশে বিশ্বজিতের সরাসরি প্রশ্ন, “এই ক্যারেক্টারটা কার জন্য প্লে করছে?” তাঁর মতে, দর্শকদের মনোরঞ্জন করতে গিয়ে এমন রুক্ষ আচরণ করার প্রয়োজন নেই। শুধু তর্ক বা ঝগড়া নয়, অন্যকে ইচ্ছাকৃতভাবে উস্কে দেওয়ার বিষয়টিও তাঁর অপছন্দ। পাশাপাশি জিতু ও সৃজলার বন্ধুত্ব নিয়েও নিজের মতামত জানিয়েছেন অভিনেতা। তাঁদের ফিসফিস করে কথা বলা এবং নিজেদের মধ্যে ইশারায় আলোচনা করার বিষয়টি তাঁর কাছে বেশ অদ্ভুত মনে হয়েছে। বিগ বসের ঘরে খেলার কৌশল নিয়ে আলোচনা না করে তাঁরা ভিয়েতনামের গল্প করছেন, এমন মন্তব্যও করেছেন তিনি। সৃজলাকে অত্যন্ত আবেগপ্রবণ বলে মনে করেন বিশ্বজিৎ। তবে তাঁদের সম্পর্কের পিছনে কোনও বিশেষ কৌশল রয়েছে কি না, তা নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি।
আরও পড়ুনঃ প্রেম-সংসারের গল্পে এবার বন্ধুত্বের ছোঁয়া! আসছে ‘আদরের নৌকো’, একসঙ্গে ফিরছেন অর্কপ্রভ-শিরিন! কোন চ্যানেলে?
অন্য প্রতিযোগীদের নিয়েও নিজের মতামত জানিয়েছেন বিশ্বজিৎ। তাঁর মতে, রাজবীরের খেলায় সম্ভাবনা রয়েছে। সৌরভকে আরও আগে বিগ বসের ঘরে আনা উচিত ছিল বলেও মনে করেন তিনি। অন্যদিকে সোনামণি নিজের সম্মান বজায় রেখে খেলছেন বলে তাঁর মত। তবে পুরনো বন্ধু জিতুর আচরণই সবচেয়ে বেশি অবাক করেছে তাঁকে। বিশ্বজিতের মতে, বিগ বস জেতার লড়াইয়ে কাউকে অসম্মান করা, খাবার নষ্ট করা কিংবা অন্যকে ইচ্ছাকৃতভাবে উস্কে দেওয়া কখনওই সমর্থনযোগ্য নয়। এত দিন জিতুর খেলা নিয়ে দর্শকদের মধ্যেই মূলত আলোচনা হচ্ছিল। এবার ইন্ডাস্ট্রির অন্দর থেকেও তাঁর আচরণ নিয়ে প্রশ্ন ওঠায় বিতর্ক নতুন মাত্রা পেল। তাহলে কি বিগ বসের ঘরে বিনোদন দিতে গিয়ে নিজের পরিচিত ব্যক্তিত্ব থেকেই সরে যাচ্ছেন জিতু? পুরনো বন্ধুর এই মন্তব্য কি তাঁর খেলায় কোনও প্রভাব ফেলবে?
