‘বিগ বস বাংলা’-র ঘরে জীতু কমল ও সৃজলা গুহের সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। কখনও একে অপরের পাশে দাঁড়ানো, কখনও টাস্কের সময় বিশেষ সমর্থন, আবার কখনও জীতুর মুখে সৃজলার প্রতি ভালো লাগার কথা শোনা, সব মিলিয়ে তাঁদের সমীকরণ নিয়ে দর্শকদের কৌতূহল ক্রমশ বেড়েছে। ক্যামেরার সামনে একাধিকবার সৃজলার প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন জীতু। যদিও সৃজলা কখনও সরাসরি সেই অনুভূতির জবাব দেননি। বরং বেশির ভাগ সময় বিষয়টি এড়িয়ে গিয়েছেন তিনি। তবে ঘরের মধ্যে জীতুই যে তাঁকে সবচেয়ে বেশি সমর্থন করেন এবং পাশে থাকেন, তা স্বীকার করেছেন সৃজলা নিজেও। কিন্তু এবার রাতের একটি ঘটনায় তাঁদের সম্পর্কের সমীকরণে নতুন মোড় এসেছে। জীতুর কথায় কি এবার স্পষ্ট হচ্ছে, এই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন তিনি?
শুক্রবারের সম্প্রচারিত পর্বে রাত সাড়ে তিনটের একটি দৃশ্য নজর কেড়েছে দর্শকদের। পাউডার রুমের সোফায় একা বসে নিজের মনেই কথা বলতে দেখা যায় সৃজলাকে। তাঁর মুখে তখন শোনা যায়, ‘এইরকম হয়? এইরকম হয়? এইভাবে ভালোবাসা… এতটা ভালোবাসা!’ সৃজলার এই কথার অর্থ কী, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। কাকে উদ্দেশ্য করে এমন কথা বলছিলেন তিনি, সেটিও স্পষ্ট নয়। তবে ঠিক এর পরেই বাথরুম থেকে বেরিয়ে আসতে দেখা যায় জীতুকে। রাতের এই দৃশ্যের পর ভোরের ফুটেজে তাঁদের দু’জনকে একসঙ্গে গার্ডেন এরিয়ায় দেখা যায়। সেখানেই ঘটে এমন একটি ঘটনা, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এতদিন যে দু’জনকে একে অপরের পাশে থাকতে দেখা গিয়েছে, তাঁদের মধ্যে এবার কি সত্যিই কোনও পরিবর্তন আসতে চলেছে?
ভোর পাঁচটার ফুটেজে দেখা যায়, টাস্কের জন্য কেটে রাখা সৃজলার চুলের একটি অংশ জীতুর হাতে রয়েছে। সেই চুল সৃজলার হাতে তুলে দেন তিনি। এরপর বেশ কিছু কথা বলেন অভিনেতা। জীতুর কথায়, ‘এই নাও তোমার জিনিস। এটা নিয়ে আমাদের মধ্যে কোনওদিন কোনও কথা হয়নি, হবেও না। চিন্তা কোরো না। অভিশাপ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে।’ এরপর আরও বলেন, ‘সবকিছু ভালো কিন্তু একটা জুটি ভালো আছে, তাদেরকে ভাঙা কখনও না।’ তাঁর এই কথাগুলি শুনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কোন জুটির কথা বলতে চেয়েছেন জীতু? সৃজলার সঙ্গে নিজের সম্পর্কের প্রসঙ্গেই কি এমন কথা বলছেন তিনি, নাকি অন্য কোনও সমীকরণের ইঙ্গিত রয়েছে তাঁর কথায়? তবে জীতুর কথার মধ্যে একটা বিষয় স্পষ্ট, তিনি কোনও সম্পর্ক ভাঙার কারণ হতে চান না। সৃজলার কাটা চুল ফিরিয়ে দেওয়ার ঘটনাটিও তাই নিছক একটি সাধারণ মুহূর্তের বাইরে গিয়ে বিশেষ তাৎপর্য তৈরি করেছে।
এরপর সৃজলাকে ঘুমিয়ে পড়ার পরামর্শ দেন জীতু। তিনি বলেন, আর মাত্র ১৬ দিন বাকি, তিনি সব সামলে নেবেন। নিজেকে ফিল্মি মানুষ বলেও উল্লেখ করেন অভিনেতা। তাঁর কথায়, তিনি অন্যভাবে, অন্য পৃথিবীর কথা ভাবেন। কিন্তু সবকিছু যে নিজের কল্পনামতো হয় না, সেটাও বুঝতে পারছেন। এতক্ষণ জীতু নিজের মনের কথা বলে গেলেও সৃজলাকে সেভাবে কোনও উত্তর দিতে দেখা যায়নি। তাঁর নীরবতাও দর্শকদের মনে একাধিক প্রশ্ন তৈরি করেছে। এতদিন জীতুর ভালো লাগা নিয়ে নানা আলোচনা হলেও এবার তাঁর কথায় যেন অন্য সুর। একদিকে সৃজলার প্রতি অনুভূতির কথা, অন্যদিকে তাঁদের মধ্যে কোনও সম্পর্কের জটিলতা তৈরি না করার ইঙ্গিত, সব মিলিয়ে পরিস্থিতি বেশ অন্যরকম। তবে সৃজলা ঠিক কী ভাবছেন, তা এখনও বোঝা যায়নি।
আরও পড়ুনঃ ফিনালের আগেই বড় ধা’ক্কা! ‘বিগ বস বাংলা’ থেকে কি একসঙ্গে বিদায় রনিতা ও তনুশ্রীর? এই সপ্তাহে হতে চলেছে ডবল এভিকশন? জল্পনায় তোলপাড় নেটপাড়া
উল্লেখ্য, এর আগেও জীতু জানিয়েছিলেন, বিগ বসের বাড়ির বাইরে সৃজলার একটি সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক নষ্ট করতে চান না তিনি। তাই এবার ভোররাতের এই কথোপকথন নতুন করে সেই প্রসঙ্গ সামনে নিয়ে এসেছে। তাহলে কি সৃজলার প্রতি নিজের অনুভূতি থাকলেও বাস্তব পরিস্থিতির কথা ভেবে পিছিয়ে আসতে চাইছেন জীতু? নাকি প্রতিযোগিতা শেষ হওয়ার আগে তাঁদের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে? সৃজলার নীরবতা এবং জীতুর একের পর এক মন্তব্য কোনও নির্দিষ্ট উত্তর দিচ্ছে না। ফলে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। বিগ বসের ঘরে আর মাত্র ১৬ দিন বাকি বলে জানিয়েছেন জীতু। এই শেষ কয়েক দিনে তাঁদের সমীকরণ কোন দিকে এগোয়, সেটাই এখন দেখার। যে সম্পর্ক নিয়ে এতদিন দর্শকদের মধ্যে নানা জল্পনা চলেছে, তার পরিণতি কি শেষ পর্যন্ত বন্ধুত্বেই আটকে থাকবে, নাকি সামনে আসবে অন্য কোনও সত্যি? উত্তর মিলবে আগামী পর্বগুলিতে।
