‘বিগ বস বাংলা’-র ঘরে পা রাখার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন জীতু কমল। কখনও সহ-প্রতিযোগীদের সঙ্গে তাঁর ঝামেলা, কখনও টাস্ক চলাকালীন শারীরিক আঘাতের অভিযোগ, আবার কখনও নিজের বক্তব্যের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেতাকে। মনামী থেকে সৌরভ দাস, একাধিক প্রতিযোগীর সঙ্গে তাঁর বিবাদ নিয়ে সরগরম থেকেছে বিগ বসের বাড়ি। এমনকি শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছেও সম্প্রতি বেশ কিছু বিষয়ে বকা খেতে হয়েছে তাঁকে। এবার জীতুকে নিয়ে নতুন করে শুরু হল আলোচনা। তবে এবার বিগ বসের ঘরের কোনও প্রতিযোগী নন, অভিনেত্রী মিশমি দাসের একটি সমাজমাধ্যমের পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কাউকে সরাসরি নাম না করে তীব্র কটাক্ষ করেছেন তিনি। কিন্তু নেটপাড়ার একাংশের ধারণা, তাঁর নিশানায় রয়েছেন জীতু কমল।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে মিশমি লিখেছেন, বেশ কিছুদিন ধরে বিগ বস দেখা বন্ধ রেখেছেন তিনি। এবার মনে হচ্ছে ফেসবুক খোলাও বন্ধ করে দিতে হবে। কারণ নিউজফিডে একটি নির্দিষ্ট মুখ ভেসে উঠলেই তাঁর বমি পায়। এমনকি সেই মুখ দেখলে মাথার তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে এসিও হার মেনে যাবে বলে মন্তব্য করেছেন অভিনেত্রী। এরপরই আরও একটি কটাক্ষ করে লিখেছেন, নাম বলার প্রয়োজন নেই, কারণ সবাই জানেন তিনি কার কথা বলছেন। হিরোর ঠিক উল্টোটা ভাবলেই নাকি সেই ব্যক্তির মুখ মনে পড়ে। মিশমির এই পোস্টে কোথাও জীতু কমলের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু বিগ বস বাংলা নিয়ে পোস্ট এবং হিরোর বিপরীত শব্দের উল্লেখ, এই দুই বিষয় থেকেই নেটিজেনদের একাংশের ধারণা, অভিনেতার দিকেই ইঙ্গিত করেছেন তিনি। যদিও মিশমি নিজে সরাসরি কারও নাম করেননি।
তবে মিশমির এই পোস্ট সামনে আসতেই পালটা আক্রমণ শুরু করেন জীতুর অনুরাগীরা। বিশেষ করে JKians-রা অভিনেত্রীর মন্তব্যের বিরোধিতা করে সমাজমাধ্যমে একাধিক প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, অনেকদিন ধরে মিশমিকে কোনও কাজ করতে দেখা যাচ্ছে না, ধারাবাহিকেও তাঁকে আর দেখা যাচ্ছে না। অথচ এখন প্রচারের জন্য সেই মানুষটির নাম ব্যবহার করতে হচ্ছে, যাঁর মুখ একসময় তাঁকে কাজ এনে দিয়েছিল। একই সঙ্গে জীতুর প্রশংসা করে ওই অনুরাগী দাবি করেছেন, অভিনেতা অনেক মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন এবং বহু পরিবারের অন্নসংস্থানের ব্যবস্থা করছেন। তাই তাঁকে নিয়ে এমন মন্তব্য মেনে নিতে পারছেন না তাঁরা। অন্য এক অনুরাগী আবার মিশমিকে কটাক্ষ করে লিখেছেন, তাঁরও কি রিচ বা প্রচারের প্রয়োজন হয়েছে? জীতুকে নিয়ে মন্তব্য করে কি নিজের পরিচিতি বাড়াতে চাইছেন অভিনেত্রী? সব মিলিয়ে মিশমির পোস্টের মন্তব্য বিভাগেই শুরু হয়েছে পালটা কটাক্ষের লড়াই।
এদিকে বিগ বসের বাড়ির পরিস্থিতিও এখন বেশ উত্তপ্ত। সম্প্রতি শনিবার ও রবিবারের বিশেষ পর্বে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে বেশ কিছু কারণে বকা খেতে হয়েছে জীতুকে।সহ-প্রতিযোগীদের সঙ্গে তাঁর আচরণ এবং টাস্কের সময় কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে বিগ বসের বাড়ি কার্যত দু’টি শিবিরে ভাগ হয়ে গিয়েছে। একদিকে রয়েছেন জীতু ও সৃজলা, অন্যদিকে বাকি প্রতিযোগীরা। যদিও দর্শকদের একাংশের দাবি, এই দূরত্বও তাঁদের গেম প্ল্যানের অংশ হতে পারে। ফলে ঘরের ভিতরের সমীকরণ নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনই বাইরে থেকেও একের পর এক তারকা নিজেদের মতামত জানাচ্ছেন।
আরও পড়ুনঃ বিগ বস বাড়িতে তৈরি হওয়া জীতু-সৃজলা, রাজবীর-নন্দিনীর প্রেম কি সত্যিই টিকবে? বিগ বস থেকে বেরিয়েই মুখ খুলে এ কী কথা বললেন রণিতা?
আর মাত্র দু’সপ্তাহ পরেই বিগ বস বাংলার গ্র্যান্ড ফিনালে। ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছেন জীতু কমল ও সৌরভ দাস। ফলে বাকি প্রতিযোগীদের মধ্যে কার যাত্রা শেষ হবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সৃজলা, নিরঞ্জন, দুর্নিবার, রাজবীর, মনামী ও তনুশ্রীর মধ্যে কে শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছবেন, সেটাই এখন দেখার। তার মধ্যেই মিশমির এই পোস্ট নতুন করে জীতুকে ঘিরে বিতর্ক বাড়াল। তবে অভিনেত্রী সত্যিই জীতুকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন কি না, তা স্পষ্ট নয়। কারণ পোস্টে কোথাও তাঁর নাম উল্লেখ করেননি মিশমি। তবু নেটিজেনদের অনুমান এবং অনুরাগীদের পালটা প্রতিক্রিয়ায় বিষয়টি ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে। বিগ বসের খেলা যত শেষের দিকে এগোচ্ছে, জীতুকে ঘিরে বিতর্কও যে থামার নাম নিচ্ছে না, এই ঘটনা যেন আরও একবার তারই প্রমাণ।
