‘রাজবীর ফিরুক, তারপরই সব উত্তর দেব!’ বিগ বস শেষ হলেই কি সাতপাকে বাঁধা পড়বেন নন্দিনী? বিয়ের জল্পনায় মুখ খুলে কী বললেন অভিনেত্রী?

‘বিগ বস বাংলা’র ঘরে শুরু হয়েছিল প্রেম, খুনসুটি, মান-অভিমান। আর সেই সম্পর্কই এবার পৌঁছে গেল বিয়ের জল্পনায়! ছোটপর্দার অভিনেত্রী নন্দিনী দত্ত এবং রাজবীর দে-র সম্পর্ক নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। কখনও একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত, কখনও অভিমান, আবার কখনও ঝগড়া, সব মিলিয়ে তাঁদের সমীকরণ নিয়ে কম আলোচনা হয়নি। এমনকী, শোয়ের মধ্যে নন্দিনীকে আদর করে ‘বউ’ বলেও সম্বোধন করতে শোনা গিয়েছে রাজবীরকে। এবার সেই সূত্র ধরেই জল্পনা, রিয়্যালিটি শো শেষ হলেই কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দু’জনে? অবশেষে এই প্রশ্নেরই উত্তর দিলেন নন্দিনী। তবে অভিনেত্রীর কথায় এমন ইঙ্গিত রয়েছে, যা নতুন করে কৌতূহল বাড়াবে দর্শকদের।

আসলে বিগ বসের ঘরে নন্দিনী এবং রাজবীরের সম্পর্ক প্রথম থেকেই আলোচনার কেন্দ্রে। একে অপরের প্রতি ভালো লাগা প্রকাশ করতে কখনও পিছপা হননি তাঁরা। তাঁদের ঘনিষ্ঠতা দেখে দর্শকদের একাংশ যেমন খুশি হয়েছেন, তেমনই অনেকে আবার এই সম্পর্কের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। কেউ কেউ মনে করেছেন, ক্যামেরার সামনে জনপ্রিয়তা পাওয়ার জন্যই হয়তো এই প্রেমের সমীকরণ তৈরি হয়েছে। অন্যদিকে, তাঁদের ঝগড়া এবং মনোমালিন্যও বারবার নজর কেড়েছে। রাজবীরকে মারধর করার ঘটনায় নন্দিনীকে ঘিরে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। শেষ পর্যন্ত শোয়ের নিয়ম ভাঙার অভিযোগে মাঝপথেই তাঁকে বেরিয়ে যেতে হয়। নন্দিনীর আকস্মিক বিদায়ে ভেঙে পড়েছিলেন রাজবীরও। ফলে তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আরও বেড়েছে।

নন্দিনী শো থেকে বেরিয়ে আসার পর থেকেই নতুন করে চর্চা শুরু হয়েছে তাঁদের বিয়ে নিয়ে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে রাজবীরের ‘বউ’ সম্বোধন এবং বিয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে অভিনেত্রী জানান, রাজবীর মজা করেই এমন কথা বলেছিল। কথায় কথায় যেমন অনেকে এই ধরনের সম্বোধন করেন, বিষয়টিও তেমনই। তবে এখনই বিয়ে নিয়ে কোনও মন্তব্য করতে চান না তিনি। নন্দিনীর কথায়, রাজবীর আগে বিগ বসের ঘর থেকে ফিরে আসুক। তার পর এই বিষয়ে কথা বলা যাবে। কারণ বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস একটি বিষয়। তাই শুধুমাত্র রিয়্যালিটি শোয়ের কিছু মুহূর্তের উপর ভিত্তি করে এমন সিদ্ধান্তের কথা বলতে নারাজ অভিনেত্রী।

শুধু বিয়ে নয়, তাঁদের সম্পর্ক আদৌ সত্যি কি না, সেই প্রশ্নেও বেশ বিরক্ত নন্দিনী। তাঁর বক্তব্য, মানুষ বারবার জানতে চাইছেন তাঁদের ভালোবাসা সত্যি, নাকি শুধুই লোকদেখানো। তাঁদের সম্পর্ক নিয়ে সমাজমাধ্যমে এত কাটাছেঁড়া হচ্ছে যে বিষয়টি নিয়ে আর নতুন করে কিছু বলতে চাইছেন না তিনি। রাজবীর ফিরে না আসা পর্যন্ত এই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ অভিনেত্রী। বরং বিয়ের প্রশ্নে তিনি স্পষ্ট করে দিয়েছেন, আসল উত্তর দিতে পারবেন রাজবীর নিজেই। অর্থাৎ নিজের তরফ থেকে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানালেন না নন্দিনী।

এখন স্বাভাবিকভাবেই দর্শকদের নজর রাজবীরের দিকে। বিগ বসের ঘরে থাকাকালীন নন্দিনীর প্রতি তাঁর ভালোবাসা এবং আবেগ একাধিকবার প্রকাশ্যে এসেছে। অন্যদিকে, নন্দিনীও বাইরে থেকে রাজবীরকে মিস করার কথা জানিয়েছেন। কিন্তু ক্যামেরা, প্রতিযোগিতা এবং রিয়্যালিটি শোয়ের পরিবেশের বাইরে তাঁদের সম্পর্ক কতটা মজবুত থাকে, সেটাই এখন দেখার। সত্যিই কি রাজবীর বাড়ি ফিরলে বিয়ের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেবেন তাঁরা? নাকি এই সম্পর্ক শুধুই বিগ বসের ঘরের একটি অধ্যায় হয়ে থেকে যাবে? আপাতত সেই উত্তর অধরাই রাখলেন নন্দিনী।

Piya Chanda

                 

You cannot copy content of this page