সদ্য সাতপাকে বাঁধা পড়েছেন টেলিপর্দার জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। গুড্ডি ধারাবাহিকের পর্দার প্রেম বাস্তব জীবনে পূর্ণতা পেয়েছে। বিয়ের পরেই দুজনেই ফিরেছেন নিজের নিজের কাজে, তবে তার মাঝেই অনুরাগীদের জন্য নিয়ে এলেন এক বিশেষ চমক। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন রণজয়, যেখানে দেখা যায় তিনি আদর করে শ্যামৌপ্তির চুল আঁচড়ে দিচ্ছেন, মাথায় ম্যাসাজ করছেন। তারপর দেখা যায় ঘরের কোণে বসে বই পড়ছেন শ্যামৌপ্তি আর তাঁর পাশে বসে মুগ্ধ চোখে তাকিয়ে রয়েছেন রণজয়। নেপথ্যে বাজছে তাঁদের বিয়ের দিন মুক্তি পাওয়া নতুন মিউজিক ভিডিওর গান মনের শহর, যা ইতিমধ্যেই ভক্তদের মনে জায়গা করে নিয়েছে।
ভিডিওর শেষেই আসে আসল চমক। রণজয় এবং শ্যামৌপ্তি অনুরাগীদের উদ্দেশ্যে জানান, মনের শহর গানটির সঙ্গে রিল বানিয়ে তাঁদের ট্যাগ করতে। যাঁরা এই ট্রেন্ডে অংশ নেবেন এবং গানটিকে ভাইরাল করে তুলবেন, তাঁদের মধ্য থেকে সেরা তিনজনকে বেছে নেবেন এই তারকা দম্পতি। শুধু তাই নয়, সেই তিনজন কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে সরাসরি দেখা করবেন, আড্ডা দেবেন, এমনকি কোল্যাবও করবেন। এমন ঘোষণার পরেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। অনেকেই ইতিমধ্যেই রিল বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার একটি ব্যাঙ্কোয়েট হলে বসেছিল তাঁদের বিবাহ বাসর। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয়। টলিউডের একাধিক পরিচিত মুখ উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। ভালোবাসার দিনে বিয়ে করে যেন আরও বিশেষ করে তুলেছেন তাঁদের সম্পর্ককে। পর্দার জুটি থেকে বাস্তবের দাম্পত্যে পা রাখা এই মুহূর্তটি তাঁদের অনুরাগীদের কাছেও ছিল আবেগঘন।
প্রসঙ্গত, রণজয় ও শ্যামৌপ্তিকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল জনপ্রিয় ধারাবাহিক গুড্ডি তে। সেখান থেকেই শুরু হয় তাঁদের বন্ধুত্ব, তারপর প্রেম। অনস্ক্রিন রসায়ন এতটাই জনপ্রিয় হয়েছিল যে দর্শক চেয়েছিলেন বাস্তবেও এই জুটিকে একসঙ্গে দেখতে। অবশেষে সেই ইচ্ছেই পূরণ হয়েছে। পর্দার আলাপ থেকে বাস্তবের সম্পর্ক, তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, তাঁদের প্রেমকাহিনি যেন এক আধুনিক রূপকথা।
বিয়ের পরই কাজের ব্যস্ততায় ফিরেছেন দুজনেই। শ্যামৌপ্তি সেরে ফেলেছেন তাঁর প্রথম ছবি ফুল পিসি ও এডওয়ার্ড এর ডাবিং, যা প্রযোজনা করেছে Windows Production। অন্যদিকে রণজয় ফিরতে চলেছেন নতুন ধারাবাহিক নিয়ে, যেখানে তাঁর বিপরীতে থাকবেন অভিকা মালাকার, যিনি তোমাদের রাণী ধারাবাহিকের জন্য পরিচিত। ব্যক্তিগত ও পেশাগত জীবনের এই নতুন অধ্যায়ে রণজয় ও শ্যামৌপ্তিকে ঘিরে উচ্ছ্বাস যে আরও বাড়বে, তা বলাই যায়।
