টলিপাড়ায় ফের এল খুশির খবর। ছোটপর্দার পরিচিত মুখ রোশনি ভট্টাচার্য জানালেন, খুব শীঘ্রই তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। বিয়ের চার বছর পর প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী ও তাঁর স্বামী তুর্য সেন। নিজের সমাজমাধ্যমের পাতাতেই এই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন রোশনি। কয়েকদিন আগে বিদেশ সফরে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন তিনি। বিমানবন্দর থেকে সেই ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে নানা জল্পনা শুরু হয়। এবার সেই সফর থেকেই এল আরও বড় ঘোষণা। সমুদ্রের ধারে বিশেষ মুহূর্তের একটি ভিডিও পোস্ট করে সন্তান আসার খবর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। ভিডিওটি সামনে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায় সমাজমাধ্যমে।
রোশনি শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বিদেশের সমুদ্র সৈকতে স্বামী তুর্যের সঙ্গে আনন্দের সময় কাটাচ্ছেন তিনি। কখনও একসঙ্গে হাঁটছেন, কখনও আবার হাসিখুশি মুহূর্ত ভাগ করে নিচ্ছেন ক্যামেরার সামনে। ভিডিওর শেষেই উঠে আসে আসল চমক। সেখানে স্পষ্টভাবে জানানো হয়, দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। এই সুখবর সামনে আসতেই অনুরাগীদের পাশাপাশি টলিউডের বহু তারকাও শুভেচ্ছা জানান দম্পতিকে। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২২ সালে বিয়ে করেছিলেন রোশনি ও তুর্য। বিয়ের পর থেকেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তাই নতুন অতিথির আগমনের খবর সামনে আসতেই খুশি দ্বিগুণ হয়েছে অনুরাগীদের মধ্যে।
যদিও এখন ছোটপর্দায় আগের মতো নিয়মিত দেখা যায় না রোশনিকে, তবুও অভিনয় জগতের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। সম্প্রতি বড়পর্দার কাজ নিয়েও আলোচনায় এসেছিলেন অভিনেত্রী। অভিনেতা শুভাশিস মুখার্জি-র সঙ্গে ফণীবাবু ভাইরাল ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি মুক্তির পর দর্শকদের মধ্যে বেশ আলোচনা শুরু হয়েছিল। বিশেষ করে অসমবয়সি এই জুটিকে ঘিরে নেটমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই ছবির বিষয়বস্তু ও অভিনয়ের প্রশংসা করেছিলেন। কমেডির মোড়কে তৈরি হলেও ছবিটি সমাজের বাস্তব কিছু দিক তুলে ধরেছিল বলেই দর্শকদের আলাদা আগ্রহ তৈরি হয়েছিল ছবিটিকে ঘিরে।
ফণীবাবু ভাইরাল ছবির গল্পে দেখানো হয়েছিল এক বৃদ্ধ মানুষের জীবনের লড়াই। ফণীবাবু নামের সেই চরিত্র সারা জীবন পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিলেও, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারের কাছেই অবহেলিত হয়ে পড়েন। শারীরিক অসুস্থতা ও কর্মক্ষমতা কমে যাওয়ার পর বদলে যায় চারপাশের মানুষের ব্যবহার। এমন পরিস্থিতি সমাজের বহু পরিবারেই দেখা যায়। তবে গল্পে নতুন মোড় আসে যখন আচমকা সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যান ফণীবাবু। এরপরই বদলাতে শুরু করে তাঁর জীবন। ছবিতে একদিকে যেমন বৃদ্ধদের প্রতি পরিবারের আচরণ দেখানো হয়েছে, তেমনই সমাজমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠার প্রবণতাও তুলে ধরা হয়েছে অন্যভাবে।
আরও পড়ুন : মাঝ আকাশে প্যারাসুটে সম্রাট-ঝিনুক, দেখেই ক্ষু’ব্ধ দর্শকরা! ‘হিন্দিতে এত সুন্দর, বাংলায় এটা কী বানালো?’ ‘রিমেকের নামে শুধু কপি-পেস্ট আর সস্তা ভিএফএক্স!’ ‘বাজেট না থাকলে বানান কেন?’ ‘কমলা নিবাস’-এর নতুন ট্র্যাক ঘিরে তুমুল সমালোচনা,বাংলা ধারাবাহিকের বর্তমান ট্রেন্ড নিয়ে উঠছে প্রশ্ন?
ছবির মাধ্যমে লাইক, শেয়ার ও ভাইরাল সংস্কৃতির প্রভাবও দেখানোর চেষ্টা করেছিলেন নির্মাতারা। হাসির আড়ালে বাস্তব জীবনের টানাপোড়েনকে তুলে ধরায় দর্শকদের একাংশের প্রশংসা পেয়েছিল ছবিটি। অন্যদিকে ব্যক্তিগত জীবনেও এখন সুখের সময় কাটাচ্ছেন রোশনি। প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন অভিনেত্রী ও তাঁর পরিবার। বিদেশের মাটিতে দাঁড়িয়ে এই বিশেষ খবর ভাগ করে নেওয়ার পর থেকেই তাঁর সমাজমাধ্যমের পাতায় শুভেচ্ছার ঢল নেমেছে। অনুরাগীরা নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন অভিনেত্রী ও তাঁর স্বামীকে। টলিপাড়ার এই সুখবর এখন বিনোদন জগতের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে।
