জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘আমি হিন্দু, ব্রাহ্মণ, কিন্তু তার আগে মানুষ!’ অন্তঃসত্ত্বা রোশনিকে ‘জি’হাদি’ কটা’ক্ষ, এ কী জবাব অভিনেত্রীর?

পুজোর পরই জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে রোশনি ভট্টাচার্যের। মাতৃত্বের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। এই সময়টায় নিজের ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত থাকার কথা তাঁর। কিন্তু সম্প্রতি একটি সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করতে গিয়ে কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বা SRFTI-এর সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে একটি প্রতিবাদী বার্তা পোস্ট করেছিলেন রোশনি। সেই পোস্টের পরেই তাঁর মেসেজ বক্সে আসে একের পর এক কুরুচিকর মন্তব্য। এমনকী তাঁকে ‘জিহাদি’ এবং ‘অ্যান্টি-ন্যাশনাল কমিউনিস্ট’ বলেও আক্রমণ করা হয়।

রোশনির পোস্টে ঠিক কী ছিল, তা নিয়ে বিতর্কের মধ্যেই এক ট্রোল অ্যাকাউন্ট থেকে অভিনেত্রীর উদ্দেশে ব্যক্তিগত আক্রমণ করা হয়। মেসেজে তাঁকে ‘জিহাদি’, ‘অ্যান্টি ন্যাশন্যাল কমিউনিস্ট’ বলে কটাক্ষ করার পাশাপাশি আরও আপত্তিকর মন্তব্য করা হয়। বিষয়টি চুপচাপ এড়িয়ে যাননি রোশনি। বরং ওই মেসেজের স্ক্রিনশট নিজের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। অভিনেত্রী লেখেন, ট্রোলাররা তাঁদের স্বভাবসিদ্ধ কাজই করছেন। এরপরই নিজের ধর্মীয় পরিচয়ের কথা উল্লেখ করে রোশনি বলেন, তিনি হিন্দু এবং ব্রাহ্মণ, কিন্তু তার আগে তিনি একজন মানুষ। তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবিকতাকেই গুরুত্ব দেওয়ার বার্তা দিতে চেয়েছেন অভিনেত্রী।

রোশনির এই প্রতিবাদী পোস্টের নেপথ্যে রয়েছে SRFTI-কে ঘিরে সাম্প্রতিক অশান্তি। অডিটোরিয়াম ভাড়া নেওয়া এবং ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা তৈরি হয়। পরে পরিস্থিতি হাতাহাতি ও বিক্ষোভের দিকে গড়ায়। ঘটনাকে কেন্দ্র করে তিনটি পৃথক FIR দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। একটি অভিযোগ করেছে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের তরফে, অন্যটি পড়ুয়াদের পক্ষ থেকে এবং তৃতীয় মামলাটি পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করেছে। দুই পক্ষের অভিযোগও পরস্পরের থেকে আলাদা। এক পক্ষের দাবি, নিয়ম মেনে অনুষ্ঠান আয়োজনের পরেও পড়ুয়ারা বাধা দেন। অন্যদিকে পড়ুয়াদের অভিযোগ, অডিটোরিয়াম ভাড়ার নামে ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকে তাঁদের উপর হামলা চালায়।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র‌্যাফ মোতায়েন করা হয়। একাধিক ছাত্র ও শিক্ষক আহত হওয়ার কথাও উঠে এসেছে। বর্তমানে ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতেই SRFTI নিয়ে নিজের অবস্থান জানিয়ে ট্রোলের মুখে পড়লেন রোশনি। তবে ব্যক্তিগত আক্রমণের জবাবে নিজের পরিচয়ের পাশাপাশি মানবিকতার কথাই সামনে এনেছেন তিনি। অন্তঃসত্ত্বা অভিনেত্রীর এই প্রতিক্রিয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page