বিয়ের বয়স মাত্র দেড় বছর, আর তার মধ্যেই জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখলেন টেলিভিশনের জনপ্রিয় জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। ২০২৫ সালের জানুয়ারিতে গাঁটছড়া বাঁধার পর থেকেই কাজের ব্যস্ততায় ডুবে ছিলেন দুজনেই। শ্বেতা তখন অভিনয় করছিলেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে, আর রুবেলের নিম ফুলের মধু শেষের পথে। পরে তিনি শুরু করেন তুই আমার হিরো। এখন আপাতত দুজনের হাতেই নতুন মেগা নেই, তাই সময়টা যেন শুধুই নিজেদের জন্য। এই ফাঁকেই একান্তে সফরে বেরিয়ে পড়লেন তারা, আর সেই খবরেই উচ্ছ্বসিত অনুরাগীরা।
বুধবার সোশ্যাল মিডিয়ায় এয়ারপোর্ট থেকে একটি মিষ্টি সেলফি শেয়ার করেন রুবেল ও শ্বেতা। সাদা টি শার্টে রুবেল আর অফ হোয়াইট স্ট্রাইপড টি শার্টের সঙ্গে নীল শ্রাগে শ্বেতা, দুজনকেই লাগছিল বেশ ফুরফুরে মেজাজে। ক্যাপশনে লেখা লেটস গো অ্যাট নো নেটওয়ার্ক জোন। কোথায় যাচ্ছেন তা অবশ্য খোলসা করেননি তারা। তাতেই বেড়েছে কৌতূহল। কমেন্ট বক্স ভরে গেছে শুভেচ্ছা আর ভালোবাসায়। কেউ লিখেছেন বিয়ের পর এই প্রথম একা ঘুরতে যাচ্ছ, সাবধানে থেকো। আবার কেউ বলেছেন তোমাদের একসঙ্গে দারুণ লাগে।
বিয়ের পর পুরীতে গিয়েছিলেন ঠিকই, তবে সে সফর ছিল পারিবারিক। প্রভু জগন্নাথের দর্শনে গিয়েছিলেন সবাই মিলে। কিন্তু এবারকার ট্রিপ একেবারেই ব্যক্তিগত, শুধুই দুজনের সময় কাটানো। স্বাভাবিকভাবেই অনুরাগীদের কাছে এটি বিশেষ মুহূর্ত। অনেকে আবার মজা করে সুখবরের ইঙ্গিতও খুঁজেছেন। তবে এর আগেও শ্বেতার মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। তখন অভিনেত্রী স্পষ্ট জানিয়েছিলেন তিনি প্রেগন্যান্ট নন। পাশে দাঁড়িয়ে রুবেলও হালকা মজার ছলে বলেছিলেন এখন সরস্বতী আছে, পরে লক্ষ্মী আসুক।
প্রসঙ্গত, যমুনা ঢাকি ধারাবাহিকে কাজ করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন শ্বেতা ও রুবেল। পর্দার সম্পর্ক ধীরে ধীরে বাস্তব জীবনের ভালোবাসায় পরিণত হয়। প্রায় পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। বিয়ের পর এক সাক্ষাৎকারে রুবেল জানিয়েছিলেন, একসঙ্গে থাকার পর শ্বেতাকে তিনি আরও বেশি ভালোবাসছেন। এক ছাদের নিচে থাকার অনুভূতি নাকি তাদের সম্পর্ককে আরও গভীর করেছে। ভালোবাসা কমার প্রশ্নই ওঠে না।
আরও পড়ুনঃ আবিরে রাঙা ভালোবাসা, হোলিতে তারকাদের মিলনমেলা! নবদম্পতি শুভ্রজিৎ-প্রিয়াঙ্কার নাচ থেকে দেব-রুক্মিণীর পরিণত রঙ খেলা, আবার সাহেব-সুস্মিতার খুনসুটি উস্কে দিল জল্পনা! টলিপাড়ার কার কেমন গেল রঙের উৎসব?
আজ টেলিভিশন দুনিয়ায় শ্বেতা ও রুবেলের জুটি আলাদা করে নজর কাড়ে। নেটপাড়ায় তাদের ছবি মানেই লাইক আর কমেন্টের ঝড়। অনেকেই তাদের টলিউডের পাওয়ার কাপল বলতেই ভালোবাসেন। ব্যক্তিগত জীবনের এই ছোট ছোট মুহূর্ত ভাগ করে নেওয়ার মধ্যেই যেন তাদের সম্পর্কের উষ্ণতা আরও স্পষ্ট হয়। এখন দেখার এই নো নেটওয়ার্ক জোন থেকে ফিরে তারা অনুরাগীদের সঙ্গে কেমন নতুন স্মৃতি ভাগ করে নেন। শুভকামনায় ভরে উঠেছে তাদের এই নতুন সফর।
