দু’দিনের প্রেমিকার জন্য সম্মান নিয়ে বেরিয়ে যাওয়া প্রতিযোগীদের স্মৃতি মুছলেন রাজবীর! প্রেমিকার বিরহে এতটাই অন্ধ রাজবীর? ‘তুমি প্রেমিকার হাতে মার খাও’, বিগ বসের প্রতিযোগীকে তুলোধোনা রূপাঞ্জনার!

রাজবীর দে-র কাণ্ডে ফের বিতর্কে ‘বিগ বস বাংলা’র বাড়ি। প্রেমিকা নন্দিনী দত্তের বহিষ্কারের পর থেকেই মনমরা হয়ে রয়েছেন রাজবীর। আর এ বার প্রেমিকার স্মৃতি খুঁজতে গিয়ে এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন, যাতে অপমানিত বোধ করছেন বাড়ি থেকে সম্মানের সঙ্গে বেরিয়ে যাওয়া পুরনো প্রতিযোগীরা। বিগ বসের বাড়িতে একটি বিশেষ দেওয়াল রয়েছে, যেখানে প্রত্যেক প্রতিযোগী শো ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে নিজের অভিজ্ঞতা, অনুভূতি এবং স্মৃতির কথা লিখে যান। সেই দেওয়ালে নন্দিনীর লেখা দেখতে না পেয়ে রেগে যান রাজবীর। তিনি জানতে চান, কে নন্দিনীর লেখাটি মুছে দিয়েছে? বাড়ির সদস্যরা জানান, নন্দিনী নিজেই বেরিয়ে যাওয়ার আগে নিজের লেখাটি মুছে দিয়েছিলেন। কিন্তু সেই কথা বিশ্বাস না করেই রাগের মাথায় দেওয়ালে থাকা বাকি প্রাক্তন প্রতিযোগীদের লেখাও মুছতে শুরু করেন রাজবীর। বাড়ির অন্য সদস্যরা তাঁকে আটকানোর চেষ্টা করলেও ততক্ষণে অর্ধেকের বেশি লেখা মুছে ফেলেছেন তিনি।

রাজবীরের এই আচরণে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বাড়ির অন্যান্য প্রতিযোগীরা। সৃজলা, সোনামণি, রণিতা থেকে শুরু করে সৌরভ, প্রত্যেকেই তাঁর এই কাজের বিরোধিতা করেন। সোনামণির বক্তব্য, এই কাজের মাধ্যমে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া প্রত্যেক প্রতিযোগীকেই অসম্মান করেছেন রাজবীর। অন্যদিকে, রণিতা তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে নন্দিনীর লেখাটি অন্য কেউ মুছে দেয়নি, তিনি নিজেই মুছে দিয়ে গিয়েছেন। অর্থাৎ, বিষয়টি ভালো করে না জেনেই অন্যদের স্মৃতি নষ্ট করে ফেলেছেন রাজবীর। পরে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চান তিনি। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। যে দেওয়ালে এত দিন ধরে একের পর এক প্রতিযোগী নিজেদের অভিজ্ঞতা ও ভালো লাগার মুহূর্ত লিখে রেখেছিলেন, সেই স্মৃতির অনেকটাই মুছে গিয়েছে রাজবীরের রাগের কারণে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। অভিনেতা সায়ক চক্রবর্তীও রাজবীরের এই আচরণে বিরক্তি প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, ওই দেওয়ালটি শুধুমাত্র কয়েকটি লেখা বা সই করার জায়গা ছিল না, বরং প্রত্যেক প্রতিযোগীর কাছে সেটি ছিল নিজেদের অভিজ্ঞতা ধরে রাখার একটি স্মৃতি। সেখানে ঝিলম, দীপেন্দু, ভরত কল-সহ একাধিক প্রাক্তন প্রতিযোগী নিজেদের মনের কথা লিখে গিয়েছিলেন। সায়ক মনে করেন, নন্দিনীকে ভালোবেসে রাজবীর এই কাজ করে থাকলেও অন্যদের স্মৃতির প্রতি তাঁর সম্মান দেখানো উচিত ছিল। কাউকে কিছু না জিজ্ঞাসা করে এমন সিদ্ধান্ত নেওয়া একেবারেই ঠিক হয়নি। তাঁর কথায়, রাজবীর মানুষ হিসেবে ভালো হলেও রাগের মাথায় না ভেবে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তাঁর ক্ষতি করছে। বিশেষ করে জাতীয় টেলিভিশনের একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী হিসেবে থাকাকালীন আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

এ বার রাজবীরের এই কাণ্ড নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও। সমাজমাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছেন, “একটি ছেলে বিগ বস হাউসে থাকার যোগ্য নয়, কারণ ও অপদার্থ। পুরোনো housemates দের লেখা গ্রাফিটি ওয়াল থেকে কি করে মুছে দিতে পারে? যাঁরা সম্মান নিয়ে বেরিয়ে গেছে তাঁরা কি দোষ করেছে? এই ছেলেটা কাউকে সম্মান করতে পারেনা। ওকে বার করে দেওয়া হোক ইমমেডিয়েটলি…He is a looser!” অর্থাৎ, রাজবীরের এই আচরণকে কোনওভাবেই সমর্থন করতে পারছেন না অভিনেত্রী। তাঁর মতে, নন্দিনীর প্রতি ভালোবাসা থাকলেও তার জন্য অন্য প্রতিযোগীদের স্মৃতি এবং সম্মান নষ্ট করার অধিকার রাজবীরের নেই। বিশেষ করে যাঁরা নিজেদের বিগ বসের সফর শেষ করে সম্মানের সঙ্গে বাড়ি ছেড়েছেন, তাঁদের লেখা এ ভাবে মুছে দেওয়াকে অপমানজনক বলেই মনে করছেন তিনি।

প্রসঙ্গত, রাজবীর ও নন্দিনীর সম্পর্ক বিগ বসের বাড়িতে শুরু থেকেই চর্চার কেন্দ্রে ছিল। তাঁদের ঘনিষ্ঠতা যেমন নজর কেড়েছে, তেমনই দু’জনের মধ্যে বারবার অশান্তি এবং নন্দিনীর রাজবীরের গায়ে হাত তোলার ঘটনাও দর্শকদের বিরক্তির কারণ হয়েছে। শেষ পর্যন্ত বিগ বসের নিয়ম ভাঙার কারণে নন্দিনীকে শো থেকে বেরিয়ে যেতে হয়। যাওয়ার আগে রাজবীরকে বিজয়ী হওয়ার শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি। কিন্তু প্রেমিকার বিদায়ের পর রাজবীরের এমন আচরণে নতুন করে প্রশ্ন উঠছে তাঁর খেলা এবং মানসিকতা নিয়ে। মাত্র কয়েক দিনের সম্পর্কের আবেগে কি এত দিনের প্রতিযোগীদের স্মৃতি মুছে দেওয়া যায়? প্রেমিকার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে অন্যদের অসম্মান করাটা কি আদৌ ঠিক? রূপাঞ্জনা মিত্রের মতো একাধিক পরিচিত মুখের সমালোচনার পর এ বার রাজবীরের বিরুদ্ধে বিগ বস কর্তৃপক্ষ কী পদক্ষেপ করেন, সেটাই দেখার।

Piya Chanda

                 

You cannot copy content of this page