৫০ দিনও না খেলে বিগ বস বাংলার ট্রফি কেন জিতবেন সৌরভই? রাজবীরের আগেই অভিনেতার যোগ দেওয়ার কথা ছিল? সামাজিক মাধ্যমে লাগাতার কটাক্ষে জর্জরিত দর্শনা, শাশুড়ি মায়ের অসুস্থতার কারণ জানিয়ে ট্রো*লারদের দিলেন জবাব দর্শনার?

বিগ বস বাংলার ঘিরে এখন দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে সম্ভাব্য বিজেতা হিসেবে সৌরভ দাসের নাম উঠে আসতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। শোয়ের অর্ধেকেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে ঘরে প্রবেশ করেছেন তিনি। আর সেই কারণেই একাংশের দাবি, এত দেরিতে প্রতিযোগিতায় যোগ দিয়ে বিগ বস বাংলার বিজেতা হওয়ার যোগ্য নন সৌরভ। এই সমালোচনার জবাব দিতেই এবার স্বামীর পাশে দাঁড়ালেন অভিনেত্রী দর্শনা বণিক।

এর আগেও রাজবীর দে এবং জীতু কমলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন দর্শনা। তারপর থেকেই নেটপাড়ার একাংশের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে সমালোচনায় পিছিয়ে আসেননি অভিনেত্রী। বরং বিগ বসের ঘরে সৌরভের লড়াইকে সমর্থন করে একের পর এক পোস্ট করছেন তিনি। এবার সৌরভের দেরিতে শোয়ে প্রবেশের নেপথ্যের কারণও প্রকাশ্যে আনলেন দর্শনা। তাঁর বক্তব্য, প্রথম থেকেই বিগ বস বাংলার নির্মাতাদের সঙ্গে সৌরভের কথা হয়েছিল।

দর্শনার দাবি, প্রথমদিকে অন্য একটি কাজের সঙ্গে সৌরভের তারিখ দেওয়া ছিল। তাই সেই কাজ শেষ না করে বিগ বসের ঘরে যাওয়া সম্ভব হয়নি। এর মধ্যেই সৌরভের মা, অর্থাৎ দর্শনার শাশুড়ির শারীরিক অবস্থার অবনতি হয়। পরবর্তী সময়ে যখন রাজবীর দে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে শোয়ে প্রবেশ করেন, তখনও সৌরভের যোগ দেওয়া নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু মায়ের অসুস্থতার কারণে সেই সময়েও বিগ বসের ঘরে যেতে পারেননি অভিনেতা। ফলে তাঁর প্রবেশের সময় নির্ধারণ করার বিষয়টি পুরোপুরি নিজের হাতে ছিল না বলেই জানিয়েছেন দর্শনা।

সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য জানিয়ে দর্শনা লিখেছেন, সৌরভের ওয়াইল্ড কার্ড এন্ট্রি তাঁর ব্যক্তিগত পছন্দে হয়নি। শোয়ে যোগ দেওয়ার পরিকল্পনা আগে থেকেই থাকলেও নানা পরিস্থিতির কারণে তা বারবার পিছিয়ে গিয়েছে। তবে বিগ বসের ঘরে প্রবেশের পর প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই সম্পূর্ণ সৌরভের নিজের। তাই কখন তিনি শোয়ে প্রবেশ করেছেন, শুধু সেই বিষয়টি দিয়ে তাঁর যোগ্যতা বিচার না করার আবেদন জানিয়েছেন অভিনেত্রী। স্বামীর প্রতি সমর্থন জানিয়ে দর্শনার এই পোস্ট ঘিরেও শুরু হয়েছে আলোচনা।

এদিকে সম্ভাব্য বিজেতাদের তালিকায় জীতু কমল ও রাজবীর দের নাম নিয়েও সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। মজার বিষয়, তাঁরাও দুজনেই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী। তবে রাজবীর শুরুর দিকেই, অর্থাৎ শো শুরুর আট দিনের মাথায় বিগ বসের ঘরে প্রবেশ করেছিলেন। অন্যদিকে, তাঁর প্রায় সাত দিন পর প্রতিযোগিতায় যোগ দেন জীতু কমল। ফলে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে সৌরভকে ঘিরে যে প্রশ্ন উঠছে, তা নিয়েই এখন দর্শকদের মধ্যে শুরু হয়েছে নতুন বিতর্ক।

Piya Chanda

                 

You cannot copy content of this page