“রাজবীর আমার প্রিয় প্রতিযোগী…বিগ বসে যেতে পারিনি ভালোই হয়েছে” জিতু-সৃজলার ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন শন, ডিসেম্বরে ঠিক ছিল অভিনেত্রীর সঙ্গে বাগদান, অবশেষে ভাঙছে?

বিগ বস বাংলার ঘরে জিতু কমল ও সৃজলা গুহর ঘনিষ্ঠতা নিয়ে এখন জোর চর্চা চলছে। বিশেষ করে ক্যামেরার সামনে সৃজলাকে জিতুর প্রকাশ্যে ভালোবাসার কথা জানানোয় নতুন করে শুরু হয়েছে আলোচনা। একদিকে জিতুর প্রেম নিবেদন, অন্যদিকে সৃজলার নীরবতা, সব মিলিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। তবে এই সমীকরণের মাঝেই উঠে এসেছে সৃজলার সঙ্গে অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের প্রসঙ্গ। বেশ কিছুদিন ধরেই তাঁদের বিয়ে এবং বাগদান নিয়ে নানা জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, চলতি বছরের ডিসেম্বরেই বাগদান সারতে পারেন তাঁরা।

‘মন ফাগুন’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় থেকেই শন ও সৃজলাকে ঘিরে প্রেমের গুঞ্জন শুরু হয়। মাঝে সৃজলা নিজেকে সিঙ্গল বললেও গত বছর থেকে তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে ফের আলোচনা শুরু হয়। অভিনেত্রীর পারিবারিক সমস্যার সময়েও পাশে দেখা গিয়েছিল শনকে। এমনকি দু’জনের একসঙ্গে বিগ বসের ঘরে প্রবেশ করার কথা ছিল। কিন্তু শোয়ের এন্ট্রি শুটের সময় হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট পান শন। অস্ত্রোপচারও করাতে হয় তাঁকে। সেই কারণেই শেষ পর্যন্ত বিগ বসে যোগ দেওয়া হয়নি অভিনেতার। এখনও ক্রাচের সাহায্যে হাঁটছেন তিনি।

এদিকে, বিগ বসের ঘরে জিতু ও সৃজলার সম্পর্কের সমীকরণ নিয়ে শনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “বিগ বসের ঘরে যা ঘটছে, তা দেখে মনে হচ্ছে আমার ওখানে না গিয়ে ভালই হয়েছে। কারণ, ওই ঘরে যা ঘটছে তা একেবারেই আমার চরিত্রের সঙ্গে যায় না।” তবে জিতু ও সৃজলার সম্পর্ক নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি তিনি। শনের কথায়, “এটা একটা গেম শো। সেখান থেকে বেরিয়ে এসে কী হবে, তা সময় বলবে। এখনই এ নিয়ে কিছু মন্তব্য করার সময় হয়নি।” পাশাপাশি এই শোয়ের জন্য সৃজলাকে শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেতা।

অন্যদিকে, শন ও সৃজলার বাগদান নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তা নিয়েও মুখ খুলেছেন অভিনেতা। আপাতত বাগদানের কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন তিনি। ভবিষ্যতে এমন কোনও সিদ্ধান্ত নিলে তা সকলেই জানতে পারবেন। অর্থাৎ, তাঁদের সম্পর্ক ভেঙে যাচ্ছে বা বিয়ে হচ্ছে না, এমন কোনও কথা বলেননি শন। তবে ডিসেম্বর মাসে বাগদান হওয়ার যে খবর ছড়িয়েছিল, আপাতত তাতে জল পড়ল বলেই মনে করা হচ্ছে। অভিনেতার বক্তব্যে স্পষ্ট, ব্যক্তিগত জীবন নিয়ে এখনই কোনও চূড়ান্ত ঘোষণা করতে চান না তিনি।

সব মিলিয়ে বিগ বসের ঘরে জিতুর প্রেম নিবেদন এবং সৃজলার প্রতিক্রিয়াহীনতা ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। তার মধ্যেই শনের মন্তব্য এবং বাগদান নিয়ে তাঁর বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে জিতু ও সৃজলার ঘনিষ্ঠতা কি শুধুই গেম শোয়ের অংশ, নাকি এর প্রভাব পড়বে শনের সঙ্গে সৃজলার সম্পর্কেও? আপাতত এই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর মেলেনি। অভিনেতাও বিষয়টি সময়ের উপরেই ছেড়ে দিয়েছেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page