বিয়ের পর থেকেই দু’জনের জীবন যেন আরও ব্যস্ত হয়ে উঠেছে। একদিকে নতুন কাজের প্রস্তুতি, অন্যদিকে নতুন সংসার মিলিয়ে সময় কাটছে রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) এবং ‘শ্যামৌপ্তি মুদলি’র (Shyamoupti Mudly)। সামনেই রণজয়ের নতুন ধারাবাহিকের কাজ শুরু হওয়ার কথা, যেখানে তাঁর বিপরীতে থাকতে পারেন অভিকা মালাকার। লুক সেটও নাকি ইতিমধ্যেই হয়ে গিয়েছে, খুব শিগগিরই প্রচার শুরু হবে। অন্যদিকে শ্যামৌপ্তিকেও দেখা যাবে নতুন ছবিতে।
এত কাজের ব্যস্ততার মধ্যেই এখনও পর্যন্ত হানিমুনে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি এই নবদম্পতির! এর মধ্যেই ব্যক্তিগত জীবনের এক সুন্দর মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেত্রী। বাবার জন্মদিন উপলক্ষে পরিবারের সঙ্গে কাটানো কিছু ছবি সমাজ মাধ্যমে ভাগ করেন তিনি। ছবিগুলোর একটিতে দেখা যায়, বাবা নিজে হাতে মেয়েকে কেক খাইয়ে দিচ্ছেন। অন্য ছবিতে রণজয়, শ্যামৌপ্তি এবং তাঁর বাবাকে একসঙ্গে সেলফিতে ধরা পড়তে দেখা যায়।
পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন সেই ছোট্ট ঘরোয়া উদযাপনে। একটি ছবিতে আবার দেখা যায়, শ্বশুরমশাইয়ের হাত থেকে কেক খাচ্ছেন রণজয়। এই ছবিগুলোর সঙ্গে শ্যামৌপ্তি লেখেন, এতদিন বাবাকে নিয়ে তিনি আলাদা করে কিছু প্রকাশ করেননি। ব্যক্তিগত মুহূর্তগুলো তিনি সাধারণত ক্যামেরার চেয়ে নিজের স্মৃতিতেই ধরে রাখতে বেশি পছন্দ করেন। তাই অনেক সময় ছবি তোলার কথাই মনে থাকে না। তবে, এবারের জন্মদিনে হঠাৎ মনে হয়েছিল, কিছু মুহূর্ত ধরে রাখা দরকার।
সেই ভাবনা থেকেই পরিবারের সঙ্গে কাটানো সময়ের কয়েকটি ছবি তুলে রাখেন আর তাতে পাশে থেকেছেন তাঁর স্বামীও। প্রসঙ্গত, রণজয় এবং শ্যামৌপ্তির সম্পর্কের শুরুটা অবশ্য অনেকটাই গল্পের মতো। ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় থেকেই দর্শকেরা তাঁদের জুটিকে পছন্দ করতে শুরু করেন। তবে, সেই সময় প্রেমের সম্পর্ক তৈরি হয়নি। ধারাবাহিক শেষ হওয়ার পরেই ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং পরে তা পরিণতি পায় বিয়েতে। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হয়।
আরও পড়ুনঃ “শুটিং নয়, আসল উদ্দেশ্য ছিল…” চোখ মেরে ফাঁস করলেন আরাত্রিকা মাইতি! মজার স্বীকারোক্তি ঘিরে সোশ্যাল মিডিয়ায় আবারও তুঙ্গে আলোচনা! কী এমন বললেন অভিনেত্রী?
এদিকে বিয়ের আগে শ্যামৌপ্তি জানিয়েছিলেন, প্রথমদিকে তাঁর মা নাকি রণজয়কে খুব একটা পছন্দ করতেন না। সময়ের সঙ্গে সেই দূরত্ব মুছে গেছে এবং এখন পরিবারের সদস্য হিসেবেই তাঁকে দেখেন সবাই। কাজের ব্যস্ততার কারণে ঘুরতে যাওয়া এখনও বাকি থাকলেও, পরিবার আর নতুন কাজের মধ্যেই এখন আনন্দে সময় কাটাচ্ছেন এই দম্পতি। সামনে নতুন প্রোজেক্টের পাশাপাশি জীবনের নতুন অধ্যায়ও যে সমানভাবে এগিয়ে চলেছে, তা তাঁদের সাম্প্রতিক ছবিতেই স্পষ্ট।
