‘আগে রিয়েল হোক, তারপর দেখা যাবে’, রাজবীর-নন্দিনীর প্রেম নিয়ে সৌরভের মন্তব্যে নতুন জল্পনা! বিগ বসের ঘরে দাদার পছন্দের প্রতিযোগী কে?

‘বিগ বস বাংলা’র ঘরে রাজবীর দে ও নন্দিনী দত্তের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা অব্যাহত। তাঁদের সম্পর্ক কি সত্যিই প্রেমের, নাকি পুরোটাই খেলার কৌশল? এই প্রশ্ন ঘুরছে দর্শকদের মনে। এবার সেই প্রসঙ্গ উঠতেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জবাব দিলেন শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়।রাজবীর-নন্দিনীর সম্পর্ক নিয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও তাঁর ছোট্ট উত্তরেই যেন লুকিয়ে রইল অনেক ইঙ্গিত।

বৃহস্পতিবার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কলকাতার একটি প্রেক্ষাগৃহে ‘দৃশ্যম ৩’ দেখতে গিয়েছিলেন সৌরভ। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই স্বাভাবিকভাবেই উঠে আসে ‘বিগ বস বাংলা’র প্রসঙ্গ। ডোনাও জানান, তিনি নিয়মিত এই অনুষ্ঠান দেখেন। স্বামীর সঞ্চালনাও তাঁর বেশ পছন্দের। এরপর সৌরভকে প্রশ্ন করা হয়, প্রতিযোগীদের মধ্যে তাঁর সবচেয়ে পছন্দের কে? তবে কোনও একজনের নাম নিতে রাজি হননি মহারাজ। বরং হেসে বলেন, তাঁর সবাইকে পছন্দ।

এরপরই রাজবীর ও নন্দিনীর সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। এই প্রসঙ্গ এড়িয়ে সৌরভ জানান, টেলিভিশনের বিষয় টেলিভিশনেই থাকা উচিত। তবে সাংবাদিকরা যখন বলেন, তাঁদের সম্পর্কটা দেখতে বেশ মিষ্টি লাগে, যদি সত্যিই প্রেম হয়ে থাকে, তাহলে বিষয়টি অন্যরকম হতে পারে, তখনই সৌরভের মুখে শোনা যায় সেই মন্তব্য, ‘আগে রিয়েল হোক, তারপর দেখা যাবে।’ অর্থাৎ, এই সম্পর্কের সত্যতা নিয়ে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছতে নারাজ তিনি।

এদিকে রাজবীর ও নন্দিনীর সম্পর্ক নিয়ে শুধু দর্শকদের মধ্যেই নয়, প্রতিযোগীদের মধ্যেও নানা আলোচনা চলছে। তাঁদের ঘনিষ্ঠতা কি সত্যিই বিগ বসের বাড়ির বাইরে পর্যন্ত গড়াবে, নাকি এই সম্পর্ক শুধুই প্রতিযোগিতার কৌশল, তা নিয়ে সন্দেহ রয়েছে অনেকের। যদিও দু’জনের পরিবারের তরফে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে। রাজবীরের মা এবং নন্দিনীর বাবা-মা জানিয়েছেন, শো থেকে বেরিয়ে দু’জনে যদি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চান, তাতে তাঁদের আপত্তি নেই। বরং সন্তানদের সিদ্ধান্তকেই তাঁরা গুরুত্ব দেবেন।

অন্যদিকে, ফিনালের লড়াইও ক্রমশ কঠিন হয়ে উঠছে। এই সপ্তাহে নমিনেশনের তালিকায় রয়েছেন রাজবীর, নন্দিনী, সৃজলা এবং তনুশ্রী। ফলে আগামী পর্বগুলিতে কার যাত্রা থামে, তা নিয়েও দর্শকদের কৌতূহল তুঙ্গে। সব মিলিয়ে রাজবীর-নন্দিনীর সম্পর্কের ভবিষ্যৎ এবং প্রতিযোগীদের টিকে থাকার লড়াই, দুই নিয়েই এখন সরগরম ‘বিগ বস বাংলা’র ঘর।

Piya Chanda

                 

You cannot copy content of this page