জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“বৌয়ের কথা শুনে চলতেই হবে!” অভিনেতা সুদীপ সরকারের জন্য কড়া নির্দেশ চিকিৎসকের! হাসপাতাল থেকে বাড়ি ফিরলে এখন পুরোপুরি সুস্থ নন অভিনেতা, কী জানালেন স্ত্রী অনিন্দিতা?

টেলিপর্দার পরিচিত মুখ সুদীপ সরকারকে নিয়ে গত কয়েকদিন ধরেই উদ্বেগে ছিলেন তাঁর অনুরাগীরা। ধারাবাহিকের শুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। জানা যায়, শুটিংয়ের আগের দিন থেকেই জ্বরে ভুগছিলেন অভিনেতা। প্রথমে বিষয়টি খুব একটা গুরুতর মনে না হলেও ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিতে হয়।

চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় সুদীপকে। হাসপাতাল সূত্রে জানা যায়, অতিরিক্ত গরম ও খাবারজনিত সমস্যার কারণেই তাঁর শারীরিক অসুস্থতা বাড়তে পারে। বেশ কিছু গুরুত্বপূর্ণ টেস্টও করানো হয়। চিকিৎসকেরা প্রথম থেকেই সতর্ক ছিলেন এবং কিছুদিন পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেন। যদিও শুরুতে পরিস্থিতি চিন্তার ছিল, ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন অভিনেতা।

সুদীপ সরকার বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন। বিশেষ করে খল চরিত্রে তাঁর অভিনয় বরাবরই প্রশংসিত হয়েছে। অভিনয়ের আগে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। তারপর থিয়েটারের সঙ্গে যুক্ত হন। ‘সমকাল’ এবং ‘পাইকপাড়া নাট্যগোষ্ঠী’র মতো দলের সঙ্গে কাজ করতে করতেই তিনি টেলিভিশনের জগতে প্রবেশ করেন। ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে সহকারী হিসেবে কাজ করার পর অভিনয়ে আত্মপ্রকাশ। ‘আয় বৃষ্টি ঝেঁপে’, ‘চ্যাম্পিয়ন’, ‘অগ্নিপরীক্ষা’ এবং ‘তুমি আসবে বলে’প্রতিটি ধারাবাহিকেই নিজের অভিনয়ের ছাপ রেখেছেন তিনি।

বর্তমানে সুদীপের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। গতকাল তাঁর স্ত্রী তথা অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান, সুদীপ এখন বাড়িতে ফিরেছেন। তিনি লেখেন, বিপদ আপাতত কেটে গেছে, তবে অভিনেতা এখনও বেশ দুর্বল এবং বিশ্রামে রয়েছেন। সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে বলেও জানান তিনি। পাশাপাশি চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী ওষুধ এবং নিয়ম মেনে চলার কথাও উল্লেখ করেন।

সেই পোস্টে একটি ছবিও শেয়ার করেছেন অনিন্দিতা। ছবিতে দেখা যাচ্ছে, বাড়িতে ফিরে নিজের মেয়েকে কোলে নিয়ে রয়েছেন সুদীপ।এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনেক ভক্তই। অনিন্দিতা তাঁর পোস্টে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সমস্ত স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন, যাঁরা এই কঠিন সময়ে পাশে ছিলেন। পাশাপাশি বন্ধু ও আত্মীয়দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পোস্টের শেষে অনিন্দিতা মজার ছলে লিখেছেন, চিকিৎসকের বিশেষ নির্দেশ “বৌয়ের কথা শুনে চলতে হবে”। সেই সঙ্গে পাহাড়ের একটি ছবি শেয়ার করে তিনি জানান, আপাতত কোথাও যাওয়া সম্ভব না হলেও মনটা পাহাড়েই রাখতে চান তাঁরা। সব মিলিয়ে এখন সুদীপের দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় তাঁর পরিবার এবং অনুরাগীরা।

Piya Chanda

                 

You cannot copy content of this page