সম্প্রতি এক রহস্যময় সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তন্বী লাহা রায়। সূর্যাস্তের আবহে নিজের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “আমার গল্পটা অসম্পূর্ণই রয়ে গেল।” এই একটিমাত্র বাক্যই নেটপাড়ায় তুমুল কৌতূহলের জন্ম দিয়েছে। ভক্তদের অনেকেই মনে করছেন, অভিনেত্রীর এই আবেগঘন মন্তব্য হয়তো তাঁর পেশাগত বা ব্যক্তিগত জীবনের গভীর কোনও ইঙ্গিত বহন করছে। ছবির আবহ আর ক্যাপশনের বিষণ্ণতা মিলিয়ে যেন আরও রহস্য ঘনীভূত হয়েছে।
ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এ ‘মীরা’ চরিত্রে তন্বীর অভিনয় দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছিল। ধূসর ছায়াযুক্ত এই জটিল চরিত্রে তাঁর উপস্থিতি গল্পে আলাদা মাত্রা এনে দিয়েছিল। কিন্তু বেশ কিছুদিন ধরেই তাঁকে আর সিরিয়ালে দেখা যাচ্ছে না। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট এবং ভক্তদের সঙ্গে কথোপকথন জল্পনা আরও বাড়িয়েছে। অনেকেরই প্রশ্ন, তা হলে কি মীরা চরিত্রটি সত্যিই আর ফিরছে না পর্দায়।
এক অনুরাগীর প্রশ্নের উত্তরে তন্বীর মন্তব্য আরও চাঞ্চল্য তৈরি করেছে। তিনি লিখেছেন, “ওরা মনে হয় আমায় আর চায় না, অথচ তোমরা চাও।” এই কথার মধ্যেই যেন লুকিয়ে আছে অভিমান আর আক্ষেপের মিশ্র সুর। অনেকেই মনে করছেন, প্রযোজনা সংস্থা বা চ্যানেলের তরফে তাঁকে ফেরানোর পরিকল্পনা নেই বলেই হয়তো এই ইঙ্গিত। যদিও এই বিষয়ে জি বাংলা বা নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু জল্পনা থামেনি।
ব্যক্তিগত জীবনেও গত কয়েক মাসে নানা ঝড়ের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী। বছরখানেক আগে মাকে হারানোর গভীর শোক, তারপর অভিনেতা রাজদীপ গুপ্তর সঙ্গে সম্পর্কের ইতি টানা এবং কেরিয়ারে সাময়িক বিরতি সব মিলিয়ে সময়টা সহজ ছিল না তাঁর জন্য। এর আগে মিঠাই ধারাবাহিকে তোর্সা চরিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা তৈরি করেছিলেন তন্বী। পরবর্তীতেও তিনি ধারাবাহিকে নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন।
আরও পড়ুনঃ এক ‘চুরি’কে কেন্দ্র করে দম্পতির প্রকাশ্য বাকবিতণ্ডা! অনামিকার কথায় স্পষ্ট ক্ষোভ, তাঁর অজান্তেই নাকি উদয় ঘটিয়েছে এই ঘটনা! দাম্পত্যে বিশ্বাস ও বোঝাপড়াই আসল, আর সেই জায়গাতেই কি ধরল চিড়?
এখন প্রশ্ন একটাই, মীরা কি সত্যিই আর ফিরবে না। তন্বীর ‘অসম্পূর্ণ গল্প’ কি কেবলই আবেগের বহিঃপ্রকাশ, নাকি এর মধ্যেই লুকিয়ে আছে চরিত্রটির স্থায়ী বিদায়ের আভাস। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তরা ইতিমধ্যেই সরব, অনেকেই চান তাঁকে আবার পর্দায় দেখতে। দর্শকের এই প্রবল আগ্রহ কি গল্পের মোড় ঘুরিয়ে দেবে, নাকি রহস্যই থেকে যাবে অমীমাংসিত, সেটাই এখন দেখার অপেক্ষা।
