কলকাতার ছাত্র আন্দোলনে উপস্থিত থাকার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আন্দোলনে তাঁর অংশগ্রহণ নিয়ে একাংশ প্রশ্ন তুলতেই নীরব থাকেননি তিনি। বরং নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সেই সমালোচনার জবাব দিয়েছেন স্পষ্ট ভাষায়। তাঁর বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।
শ্রীলেখা জানান, কোনও সামাজিক বা মানবিক ইস্যুতে নিজের মত প্রকাশ করা এবং প্রতিবাদে সামিল হওয়া তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই কারণে তাঁকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ বা কটাক্ষ করা হলেও নিজের অবস্থান থেকে তিনি সরে আসবেন না। সমাজের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সচেতন নাগরিক হিসেবে পাশে দাঁড়ানোকে তিনি নিজের দায়িত্ব বলেও উল্লেখ করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র, অভিনেতা ঋদ্ধি সেন ও তার প্রেমিকা অভিনেত্রী সুরঙ্গনাকে কটাক্ষ করে বলা হয় পাকিস্তান, চীন থেকে মোটা টাকার ফান্ডিং পাচ্ছেন তারা নাকি আরশোলাদের এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য।
এই বিষয়ে, অভিনেত্রীর পোস্টে আরও উঠে আসে, মতের অমিল থাকতেই পারে, কিন্তু সেই কারণে কাউকে অপমান করা বা বিদ্বেষ ছড়ানো গ্রহণযোগ্য নয়। তিনি মনে করেন, গণতান্ত্রিক পরিবেশে প্রত্যেকেরই নিজের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। তাই ভিন্ন মতকে সম্মান জানিয়েই আলোচনা হওয়া উচিত।
শ্রীলেখার এই পোস্ট প্রকাশ্যে আসার পর নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল দুই মেরুর। একাংশ তাঁর অবস্থানকে সমর্থন করে প্রশংসা করেছেন। আবার অন্যদিকে কেউ কেউ তাঁর মতের বিরোধিতা করেছেন। ফলে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্ক আরও জোরদার হয়েছে।
সব মিলিয়ে ছাত্র আন্দোলনে উপস্থিতি এবং তা নিয়ে পরবর্তী প্রতিক্রিয়ার জেরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন শ্রীলেখা মিত্র। সমালোচনার মুখেও নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানিয়ে দিয়েছেন, সামাজিক বিষয় নিয়ে ভবিষ্যতেও প্রয়োজন হলে তিনি নিজের মত প্রকাশ করবেন।
