চোখেমুখে জমে থাকা ক্রোধ, এলোমেলো চুল, অগোছালো পোশাক আর গালে আঘাতের স্পষ্ট চিহ্ন এই চেহারায় জিতু কামালকে প্রথম দেখায় চেনা মুশকিল। পরিপাটি প্রেমিক বা ঝকঝকে নায়কের যে ইমেজে দর্শক তাঁকে এতদিন দেখে এসেছেন, তার সঙ্গে এই রূপের কোনও মিল নেই। বড় পর্দায় সম্পূর্ণ ভিন্ন অবতারে ফিরতে চলেছেন জিতু। অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত নতুন ছবি চোর এ তাঁর এই লুক প্রকাশ্যে আসতেই দর্শক মহলে শুরু হয়েছে জোর আলোচনা এবং কৌতূহল।
দীর্ঘ বিরতির পর আবার পরিচালকের আসনে ফিরছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। তাঁর প্রত্যাবর্তনের ছবির নাম চোর। এক রাতের একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠবে ছবির টানটান গল্প। বাস্তবতার ছোঁয়া রাখতে শুটিং হবে কলকাতার একাধিক পরিচিত রাস্তা ও লোকেশনে। শহরের অচেনা রাত, অন্ধকার গলি আর মানুষের জটিল মানসিকতার মধ্যেই আবর্তিত হবে এই ছবি। সেই গল্পের কেন্দ্রীয় চরিত্রে থাকছেন জিতু কামাল।
এই ছবিতে জিতুর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিপ্লব চট্টোপাধ্যায়, রাজেশ শর্মা এবং শঙ্কর চক্রবর্তীর মতো শক্তিশালী অভিনেতাদের। প্রত্যেকেই নিজেদের অভিনয় দক্ষতায় আলাদা ছাপ রেখে গিয়েছেন দর্শকের মনে। অতীতে একাধিক সফল ছবি উপহার দেওয়া অগ্নিদেব এবারও প্রত্যাশা পূরণে আত্মবিশ্বাসী। অভিজ্ঞ অভিনেতাদের উপস্থিতি ছবির গল্পকে আরও বাস্তব ও গভীর করে তুলবে বলেই মনে করছেন সিনেমা মহল।
এই মুহূর্তে ছোট পর্দায় জিতুকে দেখা যাচ্ছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে। সেখানে তিনি আর্য সিংহ রায়, এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও কর্পোরেট দুনিয়ার দাপুটে বস। চোখেমুখে আভিজাত্য, নিখুঁত পোশাক আর আত্মবিশ্বাসী ব্যক্তিত্বেই দর্শকের কাছে পরিচিত তিনি। সেই পরিচিত খোলস ভেঙে বড় পর্দায় নিজেকে ভেঙে গড়ার এই চেষ্টাই তাঁর অভিনয় যাত্রায় নতুন মাত্রা যোগ করছে।
আরও পড়ুনঃ “অনেককে শেষে কষ্ট পেতে দেখেছি…আয় নয়, এবার মানসিক শান্তি চাই!” বিচ্ছেদ পরবর্তী জীবন নিয়ে মুখ খুললেন অনুশ্রী দাস! আবার কি সংসারের ইচ্ছে আছে? আর কি কোনদিনও ফিরবেন বা পর্দায়?
অগ্নিদেবের এই ছবির নেপথ্যে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তাঁর স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। সংলাপের ঘষামাজা ও চিত্রনাট্য লেখার কাজ সামলাচ্ছেন তিনি। সুদীপা জানিয়েছেন, এই ছবিতে পুরুষ চরিত্ররাই মূল চালিকাশক্তি হবেন, মহিলা চরিত্ররা থাকবেন বিশেষ উপস্থিতিতে। দেবলীনা কুমার, মানসী সিনহা ও অঞ্জনা বসুকে দেখা যাবে অতিথি শিল্পী হিসেবে। সব মিলিয়ে জিতু কামালের এই নতুন যাত্রা কতটা চমক দিতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা।
