ছোটপর্দার পরিচিত ও জনপ্রিয় মুখ নবনীতা দাস। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও বরাবরই চর্চার কেন্দ্রে থেকেছে। অভিনেতা জীতু কমলের প্রাক্তন স্ত্রী হিসেবে তিনি আলাদাভাবে পরিচিত হলেও নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন নবনীতা। যদিও বেশ কিছুদিন ধরে তাঁকে বাংলা মেগায় নিয়মিত দেখা যাচ্ছে না, তবু সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার কারণে ভক্তদের সঙ্গে তাঁর যোগাযোগ অটুট। এবার সেই সোশ্যাল মিডিয়াতেই এমন একটি পোস্ট করলেন তিনি, যা দেখে রীতিমতো উদ্বেগে পড়েছেন অনুরাগীরা।
শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে নবনীতা দুটি ছবি শেয়ার করেন। একটি ছবিতে দেখা যায় ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারির দৃশ্য, যেখানে তিনি জিমে শরীরচর্চা করছেন, সুস্থ ও প্রাণবন্ত। আর ঠিক তার পাশেই রয়েছে চলতি বছরের ৬ ফেব্রুয়ারির আর একটি ছবি, যেখানে অভিনেত্রী শুয়ে আছেন হাসপাতালের বেডে। এই দুই ছবির তুলনাই যেন অনেক কিছু বলছে। হাসপাতালের ছবির নীচে একটিমাত্র শব্দ লিখেছেন নবনীতা, অপ্রত্যাশিত। কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, সে বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।
নবনীতার এই পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জল্পনা। অনুরাগীরা নানা প্রশ্ন করছেন, কেউ কেউ আবার দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছাবার্তাও পাঠাচ্ছেন। তবে অভিনেত্রীর তরফে কোনও বিবৃতি না আসায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। কাজের দুনিয়া থেকে আপাতত কিছুটা দূরে থাকলেও ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্ত যে তাঁর ভক্তদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, এই ঘটনায় তা আরও একবার স্পষ্ট হয়ে উঠেছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ মে ভালোবেসে বিয়ে করেছিলেন জীতু কমল ও নবনীতা দাস। টেলিভিশনের জনপ্রিয় এই জুটিকে দর্শকরা বাস্তব জীবনেও বেশ পছন্দ করেছিলেন। ইসস্মার্ট জোরির মঞ্চে তাঁদের রসায়ন নজর কেড়েছিল। তবে রিয়্যালিটি শো শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই বিচ্ছেদের ঘোষণা আসে। বিচ্ছেদের কারণ নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। নবনীতা জানিয়েছিলেন, নিজেদের ভালোর জন্যই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে আইনিভাবে তাঁদের বিচ্ছেদ সম্পন্ন হয়।
আরও পড়ুনঃ “উৎপল দত্তের পর রাজেশ শর্মাই আদ্যোপান্ত বাঙালি অভিনেতা” তুলনায় অস্বস্তিতে অভিনেতা নিজেই, ‘চোর’-এর পোস্টার লঞ্চে আবেগে ভেসে তুলনা সুদীপা চট্টোপাধ্যায়ের!
বিচ্ছেদের পর কেটে গেছে প্রায় আড়াই বছর। এই সময়ের মধ্যে নবনীতার নাম একাধিকবার বিভিন্ন গুঞ্জনে জড়ালেও বর্তমানে তিনি একাই রয়েছেন বলেই জানা যায়। অন্যদিকে জীতু কমলকে ঘিরেও বিতর্ক কম হয়নি। তাঁর ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার নিয়ে সম্প্রতি জলঘোলা হয়েছিল এবং সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করেছিলেন অভিনেতা। এমন আবহে নবনীতার হাসপাতালের পোস্ট নতুন করে কৌতূহল বাড়িয়েছে। অনুরাগীরা এখন একটাই প্রার্থনা করছেন, দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরুন তাঁদের প্রিয় অভিনেত্রী।
