জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“এটা আমার কাছে সহজ প্রাপ্তি নয়, দীর্ঘ লড়াইয়ের ফল…এবার প্রবীণদের জন্য মেডিক্লেম ফেরানোই অগ্রাধিকার!” আর্টিস্ট ফোরামের কোষাধ্যক্ষ পদে জিতে, শপথ গ্রহণ বাসবদত্তা চট্টোপাধ্যায়ের!

ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের বার্ষিক নির্বাচন ঘিরে এ বছর টলিউড মহলে ছিল আলাদা উত্তেজনা। রবিবারের ভোটের পর ফল প্রকাশ হতেই সামনে আসে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ছবি। আগামী এক বছরের জন্য কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। নিজের এই সাফল্যকে তিনি সহজ প্রাপ্তি বলতে নারাজ, বরং দীর্ঘ লড়াইয়ের ফল বলেই মনে করছেন।

গত কয়েক বছর ধরে ফোরামের বেশ কিছু পদ প্রায় নির্দিষ্ট থাকলেও এ বছরের নির্বাচন নতুন আলোচনা তৈরি করেছে। সভাপতি পদে আবারও রঞ্জিত মল্লিক এবং কার্যকরী সভাপতি হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দায়িত্বে বহাল রয়েছেন। সম্পাদক পদে আছেন শান্তিলাল মুখোপাধ্যায়। বহুদিন পর ফোরামে প্রত্যাবর্তন করেছেন দেবদূত ঘোষ। সহকারী সম্পাদক হয়েছেন তিনি এবং আবীর চট্টোপাধ্যায়।

বাসবদত্তা জানিয়েছেন এই প্রথম নির্বাচনের মাধ্যমে তিনি কোষাধ্যক্ষ পদে আসীন হলেন, তাই বিষয়টি তাঁর কাছে ভীষণ আবেগের। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, ভাস্কর চট্টোপাধ্যায় ও অয়নদের প্রতি। সোমবার ভোররাত পর্যন্ত চলা ভোটগণনার অভিজ্ঞতা তাঁর কাছে ছিল স্মরণীয়, পরিবেশ দেখে মনে হয়েছে যেন বড় কোনও রাজনৈতিক নির্বাচনের গণনা চলছে।

নতুন দায়িত্ব নিয়ে অভিনেত্রী বেশ চিন্তাশীল এবং পরিকল্পনামুখী। তাঁর মতে শিল্পীদের কল্যাণই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। বিশেষ করে বন্ধ হয়ে যাওয়া মেডিক্লেম প্রকল্প আবার চালু করার ইচ্ছার কথা স্পষ্টভাবে জানিয়েছেন তিনি। পাশাপাশি সংগঠনের প্রবীণ সদস্যদের সঙ্গে আলোচনা করেই প্রতিটি সিদ্ধান্ত নিতে চান বলেও জানান বাসবদত্তা।

এ বছরের কমিটিতেও রয়েছেন একাধিক পরিচিত মুখ। সহ সভাপতি পদে চিরঞ্জিৎ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, লাবণী সরকার, শাশ্বত চট্টোপাধ্যায় এবং ভরত কল দায়িত্বে থাকছেন। কার্যকরী কমিটিতে কুশল চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, শুভ্রজিৎ দত্ত, সুদীপ মুখোপাধ্যায় ও গৌরব চট্টোপাধ্যায়দের উপস্থিতি ফোরামের ভবিষ্যৎ কার্যকলাপকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন সদস্যরা।

Piya Chanda

                 

You cannot copy content of this page