টলিউডে দীর্ঘদিনের সাফল্য সত্ত্বেও ব্যক্তিগত জীবন নিয়ে কখনও বাড়তি শিরোনাম হননি অভিনেত্রী ‘কোয়েল মল্লিক’ (Koel Mallick)। কেরিয়ারের শুরুর দিক থেকে আজ পর্যন্ত তাঁকে ঘিরে সম্পর্কের গুঞ্জন বা বিতর্ক শোনা যায়নি বললেই চলে। বরং পরিবারের পছন্দেই বিয়ে, এখন দুই সন্তানের মা হয়ে পরিমিত, গুছিয়ে রাখা জীবনটাই যেন তাঁর ব্যক্তিত্বের সঙ্গে মিলে গেছে। ছেলে কবীর ও মেয়ে কাব্যকে বড় করে তুলতেও তিনি সেই একই মূল্যবোধের উপর জোর দিচ্ছেন, যা তিনি ছোটবেলায় নিজের বাড়িতে শিখেছেন।
এই জীবনদর্শনের কেন্দ্রে অবশ্যই রয়েছেন বাবা ‘রঞ্জিত মল্লিক’ (Ranjit Mallick)। শুধু জনপ্রিয় অভিনেতা নন, কোয়েলের কাছে তিনি একজন নিয়মনিষ্ঠ অভিভাবক। যাঁর কাছ থেকে শৃঙ্খলা আর সংযমের পাঠ এসেছে খুব ছোটবেলা থেকেই। কাজের জগতে যত ব্যস্ততাই থাকুক, পরিবারকে গুরুত্ব দেওয়ার অভ্যাস তিনি বাবার কাছ থেকেই শিখেছেন। তাই পেশা আর ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষা করা তাঁর কাছে আলাদা কোনও চাপ নয়, বরং স্বাভাবিক অভ্যাস।
প্রসঙ্গত, যৌথ পরিবারে বড় হওয়ার অভিজ্ঞতাও তাঁকে বাস্তববাদী করে তুলেছে। সব সম্পর্ক সবসময় সমানভাবে চলবে না, এই বোধ তাঁর ভাবনায় স্পষ্ট। অকারণে অভিযোগ না তুলে পরিস্থিতি বুঝে নেওয়ার মানসিকতা তাঁকে স্থির থাকতে সাহায্য করেছে সবসময়। এই স্থিরতাই হয়তো তাঁকে ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখে কাজের জায়গায় ধারাবাহিকভাবে এগিয়ে যেতে সহায়তা করেছে। তবে, সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবাকে নিয়ে কথা বলতে গিয়ে কোয়েল এক মজার তুলনা টানেন।
আসলে, অভিনেত্রীকে জানতে চাওয়া হয়েছিল যে বাবা রঞ্জিত মল্লিক আর দাদুর রঞ্জিত মল্লিকের মধ্যে কি পার্থক্য আছে? তাঁর কথায়, “আমরা যখন ছোট ছিলাম, যেকোনো ভুল সেটা ছোট হোক বা বড়, বাবার কাছে সেটা ক্ষমার অযোগ্য ছিল। অন্যায় করলেই কি ভীষণ বকা খেতাম। কিন্তু এখন যখন নাতি নাতনী কিছু করে, বাবা সেগুলো যেন চোখেই দেখতেই পান না! উল্টে আমি শাসন করতে গেলে, আমাকেই শাসন করে দেয়!”
আরও পড়ুনঃ বাঙালি রীতিতে বিয়ে হলেও চিরাচরিত সাজ নয়! ‘ভ্যালেন্টাইনস ডে’-তেই নতুন অধ্যায়ে পা রণজয়-শ্যামৌপ্তির! কবিতায় শুরু হওয়া প্রেম কীভাবে পৌঁছল মণ্ডপে? বিয়ে নিয়ে হবু দম্পতি রয়েছে কী বিশেষ পরিকল্পনা? মধুচন্দ্রিমায় যাচ্ছেন কোথায়?
কথার ভঙ্গিতে হাস্যরস থাকলেও, এর মধ্যেই ধরা পড়ে সময়ের সঙ্গে একজন বাবার বদলে যাওয়া ভূমিকা। যিনি এক সময়ের কঠোর অভিভাবক থেকে আজকে নরম দাদু! এই বদলই আসলে পারিবারিক সম্পর্কের স্বাভাবিক গতিপথ। কোয়েল যেমন ছোটবেলায় নিয়মের মধ্যে বড় হয়েছেন, এখন তিনি নিজের সন্তানদের বড় করছেন স্নেহ আর নিয়ম দুটোর সমন্বয়ে। প্রযুক্তি বা সময়ের গতি যাই বদলাক, পরিবার থেকে শেখা মূল্যবোধই তাঁর জীবনের ভিত শক্ত করে রেখেছে। তাই তারকাখ্যাতির মাঝেও তাঁর জীবনযাপন সংযত এবং মাটির কাছাকাছি।
