একজন জনপ্রিয় কৌতুক অভিনেতা সম্প্রতি তিহার জেলে আত্মসমর্পণ করে ফের সর্বত্র আলোচনায় উঠে এসেছেন। কিন্তু আত্মসমর্পণের আগ মুহূর্তে তিনি যে কথা বলেছিলেন, তা আরও বেশি করে আবেগপ্রবণ করে তুলেছে তাঁর ভক্তদের। দিল্লির তিহার জেলের কর্মকর্তাদের সামনে নিজের অসহায়তার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে একাকিত্বের যন্ত্রণা, যা নতুন করে প্রশ্ন তুলেছে চলচ্চিত্র জগতের সম্পর্ক ও সহানুভূতি নিয়ে।
নিউজএক্সের রিপোর্ট অনুযায়ী, আত্মসমর্পণের কিছুক্ষণ আগে তিনি বলেন, তাঁর সামনে আর কোনও রাস্তা খোলা নেই। তিনি জানান, এই মুহূর্তে তাঁর কাছে কোনও টাকা নেই এবং সমস্যার কোনও সমাধানও খুঁজে পাচ্ছেন না। কণ্ঠে ধরা পড়ে গভীর হতাশা। তিনি বলেন, আমরা সবাই শেষ পর্যন্ত একাই, তাঁর কোনও বন্ধু নেই এবং এই পরিস্থিতি তাঁকে একাই মোকাবিলা করতে হবে। এই বক্তব্য শোনার পর অনেকেই আবেগে ভেসে যান এবং অভিনেতার মানসিক অবস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
এই মামলার সূত্রপাত ২০১০ সালে। তিনি তাঁর পরিচালিত ছবি আতা পাতা লাপাতা নির্মাণের জন্য মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে পাঁচ কোটি টাকা ধার নেন। দুর্ভাগ্যবশত ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ফলে আর্থিক সংকটে পড়েন। পরিস্থিতি আরও জটিল হয় যখন পর্যাপ্ত অর্থের অভাবে ব্যাঙ্কে দেওয়া তাঁর চেক বাউন্স করে। সেখান থেকেই আইনি জটিলতার শুরু।
২০১৮ সালের এপ্রিল মাসে ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে এবং তাঁর স্ত্রীকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে একাধিকবার আপিল করেন এবং আদালতের কাছে সময় চান। সময় পেলেও সুদের কারণে বকেয়া ঋণের পরিমাণ বেড়ে প্রায় নয় কোটিতে পৌঁছয় বলে জানা যায়। সময়ের সঙ্গে সঙ্গে ঋণের একটি অংশ মেটান ঠিকই, কিন্তু পুরো টাকা পরিশোধে বারবার ব্যর্থ হন।
আরও পড়ুনঃ “ও আমার সন্তানের মা…সব দোষ আমার, সেটা আমি মাথা পেতে নিচ্ছি!” শ্রেয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মুখ খুললেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়! কেন সম্পর্ক ভাঙার দায় একাই নিজের কাঁধে তুলে নিলেন অভিনেতা? আড়ালে থাকা কোন না-বলা গল্প আনলেন সামনে?
বারবার সময় চাওয়া এবং আদালতের শর্ত পূরণ না করায় শেষ পর্যন্ত আদালত কঠোর অবস্থান নেয়। আদালত জানিয়ে দেয়, একজন ব্যক্তির জনপ্রিয়তা বা পরিচিতি যাই হোক না কেন, তাঁকে বারবার ছাড় দেওয়া যায় না। এরপর আর কোনও বিলম্ব না করে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ মেনে তিনি তিহার জেলে আত্মসমর্পণ করেন। এই ঘটনা ফের বলিউডে আর্থিক অনিশ্চয়তা এবং তার পরিণতি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এই অভিনেতার নাম হল অন্যতম জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব।
