জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রাক্তনের বিয়ের পর অবশেষে নিজের জীবনে বসন্ত! বিয়ের মরশুমেই, সম্পর্কে সিলমোহর ‘মিঠাই’-এর শ্রী ওরফে দিয়া মুখোপাধ্যায়ের! সঙ্গীর ছবি শেয়ার করে চমকে দিলেন সবাইকে! চেনেন, অভিনেত্রীর প্রেমিককে?

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত থেকেছেন ছোটপর্দার অভিনেত্রী ‘দিয়া মুখোপাধ্যায়’ (Diya Mukherjee)। তাই হঠাৎ করেই গতকাল তাঁর সমাজ মাধ্যমে একটি ছবি দেখে অনুরাগীরা একটু চমকে উঠেছেন। ছবিতে রয়েছেন তিনি ও তাঁর বিশেষ মানুষ, তবে সঙ্গীর মুখ আড়ালেই। উপরে একটি লাল হৃদয়ের ইমোজি আর তাতেই স্পষ্ট ইঙ্গিত, অভিনেত্রীর জীবনে নতুন কেউ এসেছেন! ভ্যালেন্টাইনস সপ্তাহের আবহ কাটতে না কাটতেই এই পোস্ট যেন তাঁর তরফে এক নীরব ঘোষণা।

এই প্রসঙ্গেই দিয়া জানিয়েছেন, সম্পর্কটি নতুন হলেও হঠাৎ করে নয়। বেশ কয়েক মাস ধরে তাঁরা একে অপরকে সময় দিচ্ছেন। তবে এখনই বেশি প্রচার চান না তিনি। নিজের ভাষায়, তিনি ‘নজর’এ বিশ্বাস করেন, তাই সম্পর্কটিকে আপাতত আড়ালেই রাখতে পারলেই ভালো। অভিনেত্রীর এই খোলামেলা অথচ সংযত স্বীকারোক্তি অনেকেরই ভালো লেগেছে। টেলিপাড়ায় যেখানে সম্পর্ক মানেই প্রকাশ্য আলোচনার বিষয়, সেখানে দিয়া একটু দূরত্ব রেখেই নিজের সুখটুকু উপভোগ করতে চাইছেন।

অভিনেত্রীর ঘনিষ্ঠদের মতে, এই সম্পর্ক তাঁকে মানসিকভাবে অনেক স্থির করেছে। পরিবারও জানে সবটা এবং খুশিই। বিশেষ করে অসুস্থতা বা যে কোনও প্রয়োজনে তাঁর সঙ্গীর পাশে থাকা দিয়ার বাবা-মাকে আশ্বস্ত করেছে। মধ্যমগ্রাম থেকে টালিগঞ্জে কাজের জন্য আসা-যাওয়ার জীবনে যে নির্ভরতার প্রয়োজন, তা তিনি পাচ্ছেন বলেই মনে করা হচ্ছে। বিয়ের পরিকল্পনা আছে, তবে এখনই তাড়া নয় আর এই সিদ্ধান্তেই দু’জনের বোঝাপড়া স্পষ্ট।

প্রসঙ্গত, টেলিপাড়ার দর্শকদের কাছে দিয়া এখনও ‘মিঠাই’-এর ‘শ্রী’ হিসেবেই বেশি পরিচিত। সেই জনপ্রিয়তা আজও অটুট। তবে ব্যক্তিগত জীবনে তাঁর নাম একসময় জড়িয়েছিল অভিনেতা অভিষেক বসুর সঙ্গে। দীর্ঘ সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেই নিয়ে আলোচনা চলেছে বহুদিন। গত বছর অভিষেক নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। আর সেই থেকেই অনুরাগীদের প্রশ্ন ছিল, দিয়া কবে নতুন শুরু করবেন? অবশেষে তার উত্তর মিলল, যদিও নাম প্রকাশ্যে নয়।

প্রেমিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কিনা, সেই বিষয়েও কিছু খোলসা করলেন না তিনি। এদিকে পর্দায় আপাতত তাঁকে দেখা না গেলেও, শেষবার তিনি কাজ করেছিলেন ‘কথা’ ধারাবাহিকে। শোনা যাচ্ছে, নতুন কোনও ধারাবাহিকের খুব তাড়াতাড়ি ফিরতে পারেন তিনি। ব্যক্তিগত জীবনে শান্তি আর পেশাগতভাবে নতুন প্রস্তুতি, এই দুইয়ের মাঝেই দিয়া এখন অনেক বেশি স্বস্তিতে। সম্পর্কের পরিচয় আড়ালেই থাকুক, তবে তাঁর মুখের হাসিই বলে দিচ্ছে যে এই বসন্ত তাঁর জীবনে সত্যিই অন্যরকম!

Piya Chanda

                 

You cannot copy content of this page