সুর, স্টাইল আর ব্যক্তিত্ব— সব মিলিয়েই বরাবর একটু আলাদা তিনি। মঞ্চে যেমন তাঁর গান, তেমনই তাঁর উপস্থিতি। অনেকে তাঁকে চেনেন শুধু জোজো নামেই, পদবি জানেন খুব কম মানুষ। দুই সন্তানের মা এবং বিবাহিতা হয়েও আজও মঞ্চে তাঁকে ডাকা হয় মিস জোজো বলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও আবার নতুন করে তাঁকে আলোচনার কেন্দ্রে এনেছে। সেখানে তাঁর বিলাসী রুচির এক ঝলক দেখে অবাক নেটিজেনরা।
সম্প্রতি Vzone নামের একটি চ্যানেলে হাজির হয়ে নিজের প্রিয় কিছু জিনিস দেখান তিনি। চোখে থাকা হিরে খচিত চশমার দাম শুনে অনেকেই হতবাক। তাঁর কথায়, সেটির মূল্য প্রায় এক লক্ষ টাকা। হাতে থাকা ৫.২ ক্যারেটের হিরের আংটির দাম প্রায় পাঁচ লক্ষ। কানের দুলের দামও কয়েক লক্ষ টাকার কম নয়। নিজের এই ঝলমলে সংগ্রহ নিয়ে তিনি গর্বিত, আর হিরের প্রতি তাঁর ভালোবাসার কথা অকপটে স্বীকারও করেছেন।
তবে জৌলুসের আড়ালে রয়েছে এক গভীর জীবনবোধের গল্প। করোনা পরবর্তী সময়কে তিনি নিজের জীবনের নতুন সূচনা বলেই মনে করেন। তাঁর মতে, সেই কঠিন সময় অনেক কষ্ট নিয়ে এলেও তাঁকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে। আগে কাজের চাপে নিজেকে মেশিন মনে হতো, কিন্তু জীবনকে অন্যভাবে অনুভব করার সুযোগ এনে দেয় সেই সময়। বিশেষ করে একটি ছোট্ট মানুষের আগমন তাঁর জীবনকে সম্পূর্ণ বদলে দেয়।
লকডাউনের সময়ই তিনি দত্তক নেন পুত্র সন্তান আদি। পঞ্চাশ বছর বয়সে আবার মাতৃত্বের স্বাদ পাওয়া তাঁর কাছে এক নতুন অধ্যায়। কাজের সূত্রে পরিবারের সদস্যরা বাইরে থাকলেও এখন তাঁর জীবনের কেন্দ্র ছেলেকে ঘিরেই। কলকাতা শহরের ব্যস্ততা থেকে দূরে নিজের মতো করে তিনি সময় কাটান কাজ আর মাতৃত্বের মধ্যে ভারসাম্য রেখে। এই নতুন দায়িত্ব তাঁর জীবনে এনে দিয়েছে অন্যরকম শান্তি।
আরও পড়ুনঃ প্রাক্তনের বিয়ের পর অবশেষে নিজের জীবনে বসন্ত! বিয়ের মরশুমেই, সম্পর্কে সিলমোহর ‘মিঠাই’-এর শ্রী ওরফে দিয়া মুখোপাধ্যায়ের! সঙ্গীর ছবি শেয়ার করে চমকে দিলেন সবাইকে! চেনেন, অভিনেত্রীর প্রেমিককে?
তবে এই পথ মোটেই সহজ ছিল না। সন্তান দত্তক নেওয়ার পর কটূক্তির মুখেও পড়তে হয়েছিল তাঁকে। সন্তানের গায়ের রং নিয়ে অমানবিক মন্তব্যও শুনতে হয়েছে। কিন্তু জোজো চুপ থাকেননি। সন্তানের সম্মান রক্ষায় কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্যায় দেখলে তিনি কখনও পিছিয়ে থাকেন না। তাঁর কাছে মাতৃত্ব শুধু ভালোবাসা নয়, লড়াই করার শক্তিরও আরেক নাম।
