জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এক বছরের পথচলার ইতি! জি বাংলার ‘তুই আমার হিরো’তে শাক্য-আরশির প্রেমের অধ্যায় শেষ! স্লট বদল, বড় লিপের মাঝে টিআরপির ওঠানামায় বিদায় নিচ্ছে ধারাবাহিক! হয়ে গেল শেষ দিনের শুটিং, কবে সম্প্রচারিত হবে অন্তিম পর্ব?

জি বাংলার দর্শকদের প্রায় এক বছর ধরে আনন্দ দিয়েছে ধারাবাহিক ‘তুই আমার হিরো’ (Tui Amar Hero)। নির্মাতা সূত্রে খবর, সেই সফর এবার শেষের পথে। সমাজমাধ্যমে কলাকুশলীদের ছবিতেই দেখা গিয়েছে, শেষ দিনের শুটিং হয়ে গিয়েছে। সেটে এদিন পাশাপশি ছিল কাজের ব্যস্ততা আর চাপা মনখারাপ। গল্পের জনপ্রিয়তা ওঠানামা করেছে ঠিকই, কিন্তু শাক্য আর আরশির প্রেমের রসায়ন শুরু থেকেই আলাদা করে নজর কেড়েছিল। সুপারস্টার শাক্যজিতের ঝলমলে দুনিয়া আর সাধারণ মেয়ে আরশির জীবনের বিপরীত স্রোতের মিলনই ছিল ধারাবাহিকের আসল শক্তি।

ধারাবাহিকটির প্রযোজনায় ছিলেন শ্রীজিৎ রায় এবং শৌভিক চক্রবর্তী। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রুবেল দাস এবং মোহনা মাইতি। প্রথম দিকে টিআরপি তালিকায় ভালো অবস্থানেই ছিল এই মেগা, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই অবস্থান বদলেছে। স্লট পরিবর্তন, নতুন ধারাবাহিকের আগমন মিলিয়ে শেষ কয়েক সপ্তাহে আর আগের মতো দর্শকসংখ্যা ধরে রাখা যায়নি। তবুও গল্পে যখনই নতুন মোড় এসেছে, বিশেষ করে বড় লিপের পর শাক্য-আরশির মেয়েকে ঘিরে অধ্যায় শুরু হওয়ায়, দর্শকের কৌতূহল আবার বেড়েছে।

মজার বিষয়, সেই নতুন প্রজন্মের চরিত্রেও দেখা গিয়েছিল মোহনাকেই যা গল্পে আলাদা মাত্রা যোগ করেছিল। প্রসঙ্গত, প্রায় এক বছর আগে, ১০ মার্চ থেকে শুরু হয়েছিল এই ধারাবাহিকের যাত্রা। এখন শেষের মুখে দাঁড়িয়ে অনেকেই বলছেন, ধারাবাহিকটি হয়তো আরও কিছুদিন চলতে পারত। কিন্তু বর্তমান টেলিভিশনে গল্পের আয়ু আগের তুলনায় অনেকটাই কমেছে। একসময় চার-পাঁচ বছর ধরে চলা মেগা এখন কয়েক মাসেই শেষ হয়ে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে এক বছর টিকে থাকাও কম কথা নয়।

শেষ শুটিংয়ের দিনে শিল্পীদের মুখে হাসি থাকলেও, সেটের আবহে যে বিদায়ের সুর লুকিয়ে ছিল, তা সহজেই বোঝা যাচ্ছিল। এদিকে চ্যানেলের আসছে একের পর এক নতুন গল্প। তালিকায় রয়েছে ‘কমলা নিবাস’ এবং ‘সাত পাকে বাঁধা’। পাশাপাশি শুরু হতে চলেছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’, যেখানে এক সংগ্রামী মায়ের লড়াইকে তুলে ধরা হবে। নাম ভূমিকায় থাকছেন সোমা বন্দ্যোপাধ্যায়। তাঁর মেয়ের চরিত্রে দেখা যাবে স্বস্তিকা ঘোষ এবং ইপ্সিতা মুখোপাধ্যায়। স্বস্তিকার বিপরীতে নায়ক হিসেবে থাকবেন সৌম্যদীপ মুখোপাধ্যায়।

এই চ্যানেলেই ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের হাত ধরে অভিনেতার পর্দার জীবন শুরু। অন্যদিকে স্বস্তিকাও, প্রতিপক্ষ চ্যানেলের ‘অনুরাগের ছোঁয়া’র মাধ্যমে দর্শকের মন জয় করেছিলেন। তবে নতুনের ভিড়ের মাঝেও ‘তুই আমার হিরো’ আলাদা করে মনে থাকবে তার সহজ প্রেমকাহিনির জন্য। অতিরিক্ত নাটকীয়তার চেয়ে সম্পর্কের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি আর মিলনের মুহূর্তগুলোই বেশি জায়গা করে নিয়েছিল দর্শকের মনে। শাক্য-আরশির গল্প হয়তো শেষ হচ্ছে, কিন্তু এক বছরের এই পথচলা থেকে যাবে স্মৃতিতে।

Piya Chanda

                 

You cannot copy content of this page