প্রেমিক সব মাধ্যমেই চুটিয়ে অভিনয় করছেন, দর্শক-অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। প্রশ্ন উঠছে, এত সাফল্যের মাঝেও তাঁর প্রেমিকা কেন স্বেচ্ছায় নিজেকে সরিয়ে রেখেছেন পর্দার আলো থেকে? হ্যাঁ, কথা হচ্ছে ‘কনে দেখা আলো’র মুখো অভিনেতা সোমরাজের (Somraj Maity) প্রেমিকা ‘আয়ুসী তালুকদার’কে (Ayoshi Talukdar) নিয়ে। ২০২৩ সালে ‘আর্চির গ্যালারি’ ছবিতে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। সেই ছবিতে তাঁর অভিনয় নিয়ে আলোচনাও কম হয়নি। কিন্তু তারপর থেকেই যেন হঠাৎ করেই পর্দা থেকে দূরে সরে গিয়েছেন তিনি!
প্রায় তিন বছর হতে চলল, নতুন কোনও কাজ নিয়ে দর্শকের সামনে আসেননি। এই বিরতি নিয়ে নানান প্রশ্ন উঠলেও অভিনেত্রীর সিদ্ধান্ত যে ভেবেচিন্তেই নেওয়া, তা তাঁর কথাতেই স্পষ্ট। আয়ুসীর মতে, শুধুমাত্র আলোচনায় থাকার জন্য বা ক্যামেরার সামনে নিয়মিত উপস্থিত থাকার তাগিদে তিনি যে কোনও চিত্রনাট্যে কাজ করতে রাজি নন। বেশ কিছু সময়ে তাঁর পছন্দমতো চরিত্রের প্রস্তাব আসেনি বলেই কাজ বেছে নিতে সময় নিচ্ছেন।
অর্থনৈতিক চাপে পড়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনও তাঁর নেই। অভিনয়ের পাশাপাশি নিজের একটি ব্যবসা গড়ে তুলেছেন তিনি। একটি পিলাটিজ স্টুডিও রয়েছে তাঁর। এই উদ্যোগ তাঁকে আর্থিকভাবে কিছুটা স্বস্তি দিয়েছে, ফলে কাজ বাছাইয়ের ক্ষেত্রে তিনি আরও সতর্ক হতে পারছেন। অন্যদিকে, তাঁর ব্যক্তিগত জীবনও আলোচনায় রয়েছে। অভিনেতা সোমরাজ মাইতি বর্তমানে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে অভিনয় করছেন এবং ছোটপর্দায় নিয়মিত মুখ।
তবে আয়ুসীর পথ আপাতত আলাদা। তিনি ধীরে চলার পক্ষপাতী। তাঁর কাছে কাজের মানটাই বেশি গুরুত্বপূর্ণ, সংখ্যাটা নয়। ফলে সুযোগ এলেই রাজি হয়ে যাওয়ার বদলে তিনি অপেক্ষা করছেন এমন চরিত্রের জন্য, যা তাঁকে নতুনভাবে চ্যালেঞ্জ জানাবে। তবে, শুধু বাংলা ইন্ডাস্ট্রিতেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না আয়ুসী। গত ছয় মাসে একাধিকবার মুম্বই যাতায়াত করেছেন তিনি। হিন্দি মাধ্যমে কাজ করার আগ্রহ তাঁর স্পষ্ট। তাঁর মতে, মুম্বইয়ে প্রতিযোগিতা যেমন তীব্র, তেমনই সম্ভাবনাও বিস্তর।
আরও পড়ুনঃ এক বছরের পথচলার ইতি! জি বাংলার ‘তুই আমার হিরো’তে শাক্য-আরশির প্রেমের অধ্যায় শেষ! স্লট বদল, বড় লিপের মাঝে টিআরপির ওঠানামায় বিদায় নিচ্ছে ধারাবাহিক! হয়ে গেল শেষ দিনের শুটিং, কবে সম্প্রচারিত হবে অন্তিম পর্ব?
সেই কারণেই নতুন অভিজ্ঞতার খোঁজে তিনি সেখানে সুযোগ খুঁজছেন। মার্চ মাস থেকেই একটি হিন্দি ওয়েব সিরিজের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে এর অর্থ এই নয় যে বাংলা ইন্ডাস্ট্রিকে তিনি সম্পূর্ণ বিদায় জানাচ্ছেন। একটি নতুন বাংলা ছবির বিষয়েও কথাবার্তা চলছে। সবকিছু ঠিকঠাক এগোলে খুব শিগগিরই আবারও তাঁকে দেখা যেতে পারে বাংলা পর্দায়। আপাতত আয়ুসী সময় নিয়ে, নিজের মতো করে এগোচ্ছেন। যেখানে অভিনয়ের পাশাপাশি নিজের পছন্দ থেকে পরিকল্পনা আর ভবিষ্যতের স্বপ্ন, সব কিছুকেই সমান গুরুত্ব দিচ্ছেন।
