দক্ষিণী সিনেমার ঝলমলে পর্দার আড়ালে লুকিয়ে থাকা অস্বস্তিকর অভিজ্ঞতার কথা খোলাখুলি জানালেন তাপসী পান্নু। তেলুগু, তামিল, হিন্দি থেকে মালয়ালম নানা ভাষার ছবিতে নিজের শক্ত জায়গা তৈরি করা এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, অনেক সময়ই নায়িকাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যা শুধু বিব্রতকরই নয়, মানসিকভাবে অপমানজনকও। তাঁর মতে, অনেক ক্ষেত্রে অভিনয়ের চেয়ে শরীরকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা এখনও পুরোপুরি বদলায়নি।
অভিনেত্রীর দাবি, কিছু তামিল ও তেলুগু ছবির সেটে নায়িকাদের কখনও কখনও বিশেষ ধরনের পোশাক ‘প্যাডেড ব্রা’ পরার পরামর্শ দেওয়া হয়, যাতে শরীরের নির্দিষ্ট অংশ (স্ত’ন) বেশি করে ফুটে ওঠে। তাপসীর কথায়, এমন নির্দেশনা অভিনয়ের গভীরতা থেকে দর্শকের মনোযোগ সরিয়ে নিয়ে যায় বাহ্যিক চেহারার দিকে। তিনি আরও জানান, দক্ষিণী ছবিতে অনেক সময় দৃশ্য নির্মাণের সময় নাভিকে বিশেষভাবে তুলে ধরা হয়, আবার হিন্দি ছবিতে তুলনামূলকভাবে অন্য শারীরিক অংশে বেশি জোর দেওয়া হয়।
এই নির্দেশনা পৌঁছানোর প্রক্রিয়াটিও নাকি বেশ অস্বস্তিকর। তাপসীর অভিজ্ঞতা অনুযায়ী, অনেক সময় পরিচালক সরাসরি অভিনেত্রীকে না বলে সহকারী পরিচালকের মাধ্যমে বার্তা পাঠান, সেখান থেকে তা পৌঁছায় স্টাইলিং বা হেয়ার টিমের কাছে, শেষে অভিনেত্রীর কানে আসে। ফলে সেটে মাঝ শুটিংয়ে পোশাক বদলাতে বলা হয়, সবাই তাকিয়ে থাকে পরিবর্তন বোঝার জন্য, আবারও বদলাতে বলা হয়। এমন পরিস্থিতি যে কোনও অভিনেত্রীর জন্যই অস্বস্তিকর হয়ে ওঠে।
তাঁর মতে, কিছু নির্মাতা এখনও বিশ্বাস করেন শরীরের নির্দিষ্ট অংশকে আলাদা করে তুলে ধরলে দর্শকের আকর্ষণ বাড়ে। তবে এই বাস্তবতার মাঝেই পেশাগত জীবনে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। শিগগিরই আদালতকেন্দ্রিক ছবি আসসি তে দেখা যাবে তাঁকে। ছবিটি পরিচালনা করেছেন অনুভব সিনহা এবং গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কানি কুসরুতি। গল্পে অপহরণ ও নির্যাতনের পর আইনি লড়াইয়ের কাহিনি উঠে আসবে।
আরও পড়ুনঃ স্বামী নয়, শাশুড়িকেই ঠোটেঁ চুম্বন! মধ্যরাতে আবেগে ভাসলেন অপরাজিতা আঢ্য! গোলাপি গাউনে কাটলেন জন্মদিনের কেক! বিশেষ দিনে প্রিয় মানুষদের উদ্দেশ্যে কী বার্তা তাঁর?
এই ছবিতে আরও অভিনয় করেছেন মোহাম্মদ জীশান আইয়ুব, মনোজ পাহওয়া, সীমা পাহওয়া, কুমুদ মিশ্র, রেবতী, নাসিরুদ্দিন শাহ এবং সুপ্রিয়া পাঠক। প্রযোজনায় রয়েছে টি সিরিজ এবং বেনারস মিডিয়াওয়ার্কস। বাস্তবের কঠিন অভিজ্ঞতা আর শক্তিশালী চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান আরও দৃঢ় করতে প্রস্তুত তাপসী।
