জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ভালো গল্পের পরেও টিআরপিতে ধাক্কা খাচ্ছে ‘তারে ধরি ধরি’! রাতারাতি স্লট বদলে গেল ‘বেশ করেছি প্রেম করেছি’র, প্রাইম টাইমে আসছে ‘কুসুম’! জেনে নিন পছন্দের ধারাবাহিকের নতুন সময়!

জি বাংলার ধারাবাহিকের অন্দরে বড়সড় রদবদল ঘটল। গত ডিসেম্বরে ব্লুজ প্রযোজিত টিনএজ প্রেমের গল্প ‘বেশ করেছি প্রেম করেছি’ নিয়ে শুরুতে বেশ আশাবাদী ছিলেন নির্মাতারা। স্বয়ম ও জুঁইয়ের রসায়ন দর্শকদের মন জয় করবে বলেই মনে করা হয়েছিল। কিন্তু বাস্তবে টিআরপি তালিকায় সেই প্রত্যাশা পূরণ হয়নি। কয়েক সপ্তাহ ধরেই ধারাবাহিকটি কাঙ্ক্ষিত দর্শক টানতে ব্যর্থ হচ্ছিল। অবশেষে তিন মাসের মাথায় বড় সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ সন্ধ্যা ৭টার স্লট থেকে সরিয়ে দেওয়া হল এই মেগাকে। যে স্লট একসময় জনপ্রিয় ধারাবাহিকদের জন্য সংরক্ষিত থাকে, সেখানে জায়গা ধরে রাখতে না পারায় হতাশ অনুরাগীদের একাংশ। অনেকেই মনে করেছিলেন এই সিরিয়াল হয়তো একসময় ‘জগদ্ধাত্রী’র মতো জনপ্রিয়তার পথে হাঁটবে, কিন্তু সেই স্বপ্ন আপাতত অধরাই থেকে গেল।

আগামী ৯ মার্চ থেকে আর সন্ধ্যা ৭টায় দেখা যাবে না ‘বেশ করেছি প্রেম করেছি’। সেই জায়গায় এবার প্রাইম টাইমে উঠে আসছে জি বাংলার আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’। এতদিন এই সিরিয়ালটি সম্প্রচারিত হতো সন্ধ্যা ৬টায়। ধারাবাহিকটির ধারাবাহিক জনপ্রিয়তা এবং দর্শকের আগ্রহের কথা মাথায় রেখেই এই বড় পদক্ষেপ নিয়েছে চ্যানেল। নির্মাতাদের আশা, প্রাইম টাইমে এলে আরও বেশি দর্শকের কাছে পৌঁছতে পারবে ‘কুসুম’। ফলে টিআরপি তালিকাতেও ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। টেলিভিশনের কঠিন প্রতিযোগিতার বাজারে দর্শকের মন জেতাই শেষ কথা, আর সেই লক্ষ্যেই এই নতুন স্লট পরিবর্তনের সিদ্ধান্ত।

অন্যদিকে ‘বেশ করেছি প্রেম করেছি’ আপাতত বন্ধ হচ্ছে না। তবে সিরিয়ালটিকে সরিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যা ৬টার স্লটে, যা এতদিন ‘কুসুম’-এর সম্প্রচারের সময় ছিল। অর্থাৎ স্বয়ম ও জুঁইয়ের গল্প এখন থেকে নতুন সময়েই দেখতে পাবেন দর্শকরা। মাত্র কয়েক মাসের মধ্যেই এমন স্লট পরিবর্তনকে অনেকেই ‘ডিমোশন’ বলেই মনে করছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে মনে করছেন, গল্পের গতি এবং উপস্থাপনায় আরও নতুনত্ব আনতে পারলে হয়তো সিরিয়ালটি আবারও দর্শকের মন জয় করতে পারবে। তবুও প্রিয় জুটিকে আগের সময় থেকে সরিয়ে দেওয়ায় মন খারাপ ভক্তদের।

এই স্লট বদলের ফলে অন্য ধারাবাহিকের দর্শকদের মধ্যেও কিছুটা ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে ‘আর্য অপর্ণা’ জুটির সিরিয়ালের ভক্তদের একাংশ সামাজিক মাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, আগে থেকেই টিআরপির লড়াইয়ে চাপের মধ্যে থাকা কিছু ধারাবাহিকের উপর এবার নতুন করে প্রভাব পড়তে পারে। নেটপাড়ায় কেউ কেউ দাবি করছেন, একাধিক ধারাবাহিকের স্লট বদলের ফলে দর্শকের অভ্যাসে হঠাৎ পরিবর্তন আসছে। ফলে কোন সিরিয়াল কোন সময়ে দেখবেন তা নিয়ে বিভ্রান্তিও তৈরি হচ্ছে। যদিও চ্যানেল কর্তৃপক্ষের মতে, টিআরপি ও দর্শক চাহিদার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলা টেলিভিশনের প্রতিযোগিতা এখন ক্রমেই তীব্র হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা ৭টার স্লট মানেই অন্য চ্যানেলের সঙ্গে সরাসরি টক্কর। সেই কারণেই ‘বেশ করেছি প্রেম করেছি’ প্রত্যাশামতো দর্শক না টানতে পারায় দ্রুত নতুন কৌশল নেয় চ্যানেল। পাশাপাশি জি বাংলায় আরও কয়েকটি নতুন ধারাবাহিকের প্রোমো সামনে এলেও এখনও স্লট ঘোষণা হয়নি। রাহুল মজুমদার ও নবাগতা সম্পূর্ণা রক্ষিতের ‘সাত পাকে বাঁধা’ এবং ‘কমলা নিবাস’ নিয়েও চলছে জল্পনা। অন্যদিকে শীঘ্রই শেষ হতে চলেছে আরেক জনপ্রিয় সিরিয়াল ‘তুই আমার হিরো’। ফলে আগামী দিনে কোন মেগা কোন স্লটে জায়গা পাবে, তা নিয়েও দর্শকদের মধ্যে কৌতূহল বাড়ছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page