টলিউডে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনায় উঠে এসেছে অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)। শোনা যাচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি নাকি প্রার্থী হতে পারেন তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) এর হয়ে। যদিও এই নিয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি, তবু ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন চলছে। সম্প্রতি বঙ্গভূষণ সম্মান পাওয়ার পর থেকেই তাঁকে নিয়ে এই জল্পনা আরও বেড়েছে। তবে এই রাজনৈতিক গুঞ্জনের মাঝেই একেবারে অন্য আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন তাঁর অনুরাগীরা। প্রিয় বন্ধু ও সহঅভিনেতা যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)র জন্মদিন উপলক্ষে সমাজমাধ্যমে একটি খোলা চিঠি লিখে সকলের নজর কেড়ে নিলেন পরমব্রত।
সেখানে বন্ধুত্ব, কাজের স্মৃতি এবং পারস্পরিক শ্রদ্ধার কথা উঠে এসেছে। ১৫ মার্চ ৪৮ বছরে পা দিলেন যিশু সেনগুপ্ত। টলিউড থেকে বলিউড এমনকি দক্ষিণী চলচ্চিত্র জগতেও নিজের অভিনয় দক্ষতায় আলাদা জায়গা তৈরি করেছেন তিনি। এই বিশেষ দিনে বন্ধুকে শুভেচ্ছা জানাতে পরমব্রত দুটি ছবি পোস্ট করেন। একটি ছবিতে দেখা যায় দুজনেই ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পাশাপাশি বসে আছেন। অন্য ছবিটি শুটিং চলাকালীন মুহূর্তের। ছবিগুলির সঙ্গে আবেগঘন বার্তায় পরমব্রত লিখেছেন, বহুবার তাঁরা একসঙ্গে কাজ করেছেন কখনও সহঅভিনেতা হিসেবে আবার কখনও পরিচালক ও অভিনেতার জুটি হিসেবে।
প্রতিবারই যিশুর শিল্পের প্রতি নিষ্ঠা তাঁকে অনুপ্রাণিত করেছে বলেও উল্লেখ করেন তিনি। বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পরমব্রত আরও লেখেন, যিশুর আগামী বছরটা যেন আরও সাফল্যে ভরে ওঠে। আরও ভালো গল্প, শক্তিশালী অভিনয় এবং নতুন নতুন কাজের মাধ্যমে দর্শকদের মন জয় করার কামনাও করেছেন তিনি। তাঁর কথায় এই বন্ধুত্ব শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং শিল্পের মধ্য দিয়ে গড়ে ওঠা এক বিশেষ যাত্রা। সেই যাত্রা আরও দীর্ঘ হোক বলেই কামনা করেছেন তিনি। এই আন্তরিক বার্তা মুহূর্তেই ভক্তদের মন জয় করে নেয় এবং সমাজ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
অন্যদিকে যিশু সেনগুপ্তও নিজের জন্মদিন উদযাপন করেছেন সহকর্মীদের সঙ্গে। মধ্যরাতে জোড়া কেক কেটে উদযাপনের মুহূর্ত ভাগ করে নেন তিনি। একটি কেকে লেখা ছিল শুভ জন্মদিন সেরা বস, আর অন্য কেকটিতে ছিল ক্যামেরা ও তাঁর ছবির নকশা। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও এই ছোট্ট উদযাপন ছিল যথেষ্ট আনন্দময়। বর্তমানে তাঁর কাজের পরিধি বাংলা ছাড়িয়ে দেশজুড়ে বিস্তৃত। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে। আগামী দিনে ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় ‘অভিমান’ ছবিতে তিনি অভিনয় করবেন যেখানে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুনঃ ছোটপর্দায় নায়ক-নায়িকাদের থেকেও বাড়তি সুবিধা পান প্রযোজক-পত্নী! সমাজ মাধ্যমে বিতর্কের মাঝেই, অভিনেত্রীর ‘লেডি বস’ লুক ভাইরাল! দেড় কোটির গাড়ি ঘিরে ফের আলোচনায় রূপসা চক্রবর্তী!
এদিকে পরমব্রতকে ঘিরে রাজনৈতিক জল্পনাও থামছে না। গত বছর ফেডারেশন ও পরিচালক গিল্ডের সংঘাতের সময় তিনি অন্যতম আলোচিত মুখ ছিলেন। সেই সময় ফেডারেশনের সভাপতি বিশ্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মানহানির মামলাতেও তাঁর নাম ছিল। পরে অবশ্য একটি ভিডিও বার্তায় তিনি স্বীকার করেন যে সেই সিদ্ধান্ত হঠকারী ছিল। এরপর থেকেই তাঁর রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি মুম্বইয়ে শুটিংয়ে ব্যস্ত এবং এই জল্পনা সম্পর্কে তাঁর কাছে নিশ্চিত কোনও তথ্য নেই। খুব শিগগিরই ছোটপর্দায়ও ফিরতে চলেছেন তিনি, যেখানে দেবাদৃতা বসুর বিপরীতে একটি নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে।
