সিবিএসই ক্লাস ১২ পরীক্ষার ফল প্রকাশ হতেই আনন্দের খবর এল টলিপাড়ার বসু পরিবারে। অভিনেত্রী দেবপ্রিয়া বসু পড়াশোনাতেও দারুণ সাফল্য পেয়েছেন। খুব শীঘ্রই জি বাংলার নতুন ধারাবাহিক ‘দুলারী’-তে নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে, তার আগেই পরীক্ষার ফল নিয়ে চর্চায় উঠে এলেন তিনি। দেবপ্রিয়ার দিদি তথা অভিনেত্রী দেবাদৃতা বসু জানিয়েছেন, বোনের এই সাফল্যে বাড়ির সকলে ভীষণ খুশি। তিনি বলেন, “আমরা সবাই ভীষণ খুশি। ও স্কুলের মধ্যে তৃতীয় হয়েছে। খুবই ভাল রেজাল্ট করেছে। ওভারঅল ৮৭ শতাংশ পেয়েছে।” অভিনয়ের পাশাপাশি পড়াশোনায়ও দেবপ্রিয়ার এই সাফল্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পরিবারে খুশির আবহ স্পষ্ট।
দেবপ্রিয়া ভবিষ্যতে কোন বিষয় নিয়ে পড়বেন, তা নিয়েও কৌতূহল রয়েছে অনুরাগীদের মধ্যে। এই বিষয়ে দেবাদৃতা জানান, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বেশ কিছুদিন ধরেই দেবপ্রিয়া উচ্চশিক্ষার জন্য নিজের পছন্দের বিষয় নিয়ে ভাবছেন। দিদির কথায়, “এখনও স্থির করেনি। তবে ও অনেকদিন ধরেই বলছিল, ইংলিশ অনার্স নিয়ে পড়তে চায়। নইলে মিডিয়া সায়েন্স। ফলে এখন এটা নিয়ে একটু ভাবনাচিন্তা করছে।” অর্থাৎ পড়াশোনার দিকেও তিনি যথেষ্ট মনোযোগী। অভিনয়ের ব্যস্ততার মাঝেও উচ্চশিক্ষা নিয়ে পরিকল্পনা করছেন দেবপ্রিয়া। কোন বিষয় শেষ পর্যন্ত বেছে নেন, সেটাই এখন দেখার।
একদিকে পরীক্ষায় ভাল ফল, অন্যদিকে খুব শীঘ্রই নায়িকা হিসেবে নতুন পথচলা শুরু হতে চলেছে দেবপ্রিয়ার। এতদিন তাঁকে মূলত পার্শ্ব চরিত্রে দেখেছেন দর্শকরা। এবার প্রথমবার বড় দায়িত্ব নিয়ে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাঁকে। এই সাফল্য নিয়ে পরিবারের প্রতিক্রিয়া জানতে চাইলে দেবাদৃতা বলেন, “ভীষণ উত্তেজিত আমরা সবাই। ইমোশনাল হয়ে পড়ছি। এত ভাল রেজাল্ট করেছে, আবার শীঘ্রই একটা ভাল কাজ শুরু হতে চলেছে। সবটা মিলিয়েই আমরা খুব খুশি।” একই সঙ্গে বোনকে কোনও আলাদা পরামর্শ দিয়েছেন কি না, সে প্রশ্নে তিনি জানান, “না কোনও টিপস দিইনি। ওর নিজের যা ট্যালেন্ট আছে সেটা যথেষ্ট। আমাকে আর আলাদা করে টিপস দিতে হয়নি।”
জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘দুলারী’। স্বর্ণেন্দু সমাদ্দারের প্রযোজনা সংস্থা ক্রেজি আইডিয়াজ মিডিয়ার ব্যানারে তৈরি হচ্ছে এই মেগা। সম্প্রতি চ্যানেলের তরফে ধারাবাহিকটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। প্রকাশিত প্রোমোতে দেখা যায়, গ্রামের রাস্তার ধারে একটি বাস দাঁড়িয়ে রয়েছে। চারপাশে ফাঁকা প্রান্তর, যেন কেউ অপেক্ষা করছে দিনের শেষ বাসটির জন্য। নাম ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে ধারাবাহিকটি নিয়ে চর্চা শুরু হয়। নতুন এই সিরিয়ালের নায়ক ও নায়িকা কারা হবেন, তা জানতে আগ্রহ বেড়ে যায় দর্শকদের মধ্যে। পরে জানা যায়, নায়িকার চরিত্রে থাকছেন দেবপ্রিয়া বসু।
আরও পড়ুনঃ টিআরপি যুদ্ধ ধু’ন্ধুমার! একসঙ্গে বেঙ্গল টপার ‘পরশুরাম’, ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ ও ‘তারে ধরি ধরি মনে করি!’ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোথায় দাঁড়িয়ে বাকিরা?
সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হবে ‘দুলারী’-র শুটিং। প্রথমদিকে ধারাবাহিকের টিম পুরুলিয়ায় আউটডোর শুটে যাবে বলেও জানা যাচ্ছে। দেবপ্রিয়াকে দেখা যাবে এক সাধারণ গ্রাম্য মেয়ের ভূমিকায়, যার চোখে থাকবে অনেক স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের লড়াই নিয়েই এগোবে গল্প। তবে নায়কের চরিত্রে কে থাকছেন, তা এখনও স্পষ্ট করা হয়নি। উল্লেখযোগ্য বিষয়, দেবপ্রিয়ার পরিবারও দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। তাঁর দিদি দেবাদৃতা বর্তমানে ‘কমলা নিবাস’-এ ‘পল্লবী’ চরিত্রে অভিনয় করছেন। তাঁদের বাবা সঞ্জয় বসুও পরিচিত অভিনেতা। সোশ্যাল মিডিয়াতেও এই দুই বোনকে নিয়মিত দেখেন দর্শকরা।
