জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘আমি আর দশটা সাধারণ মুখের মতো…কোনও কিছুর জন্য যথেষ্ট নই…” হঠাৎ আবেগঘন পোস্টে মন খুললেন রাহুল দেব বোস! টলিউড ছড়িয়ে বি-টাউনে পা, জাতীয় স্তরের ছবি অংশ হতেই কী নিয়ে আক্ষেপ অভিনেতার?

টলিপাড়ার পরিচিত মুখ রাহুল দেব বোস এখন ছোটপর্দার গণ্ডি ছাড়িয়ে ওটিটি, সিনেমা এমনকি বলিউডের দিকেও নিজের জায়গা তৈরি করেছেন। বাংলা ইন্ডাস্ট্রির পাশাপাশি জাতীয় স্তরেও ধীরে ধীরে পরিচিতি বাড়ছে অভিনেতার। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকেও। তবে এই সাফল্যের মাঝেই রবিবার সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে নিজের জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরলেন রাহুল। সেখানে তিনি জানান, জীবনের বিভিন্ন সময়ে তাঁকে শুনতে হয়েছে তিনি নাকি কোনও ক্ষেত্রেই যথেষ্ট ভালো নন। অভিনেতার সেই পোস্ট ঘিরে ইতিমধ্যেই নেটমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

রাহুল নিজের পোস্টে লেখেন, “সহনশীলতার সঙ্গে আমার সম্পর্ক চিরস্থায়ী। জীবনের বিভিন্ন সময়ে আমাকে বলা হয়েছে যে আমি কোনও কিছুর জন্য যথেষ্ট ভালো নই।” এরপর একে একে তিনি জানান, তাঁকে বলা হয়েছিল পড়াশোনায় তিনি টিকতে পারবেন না, সামাজিক দিক থেকেও তিনি খুব অস্বস্তিকর মানুষ। এমনকি অভিনয় নিয়েও বহুবার প্রশ্ন উঠেছিল। তাঁর কথায়, ‘আমি কখনওই একজন পেশাদার অভিনেতা হতে পারব না। আমি হলেও বেশিদিন টিকতে পারব না। আমাকে শেষ পর্যন্ত ক্যামেরার পেছনে যেতে হবে, কারণ আমি ক্যামেরার সামনে টিকতে পারব না।” এই সমস্ত কথাই জীবনের বিভিন্ন সময়ে শুনতে হয়েছিল তাঁকে।

অভিনেতা আরও লেখেন, “আমি আর দশটা সাধারণ মুখের মতোই। আমি অভিনেতা হিসেবে যথেষ্ট বহুমুখী নই। আমি টেলিভিশনেই সীমাবদ্ধ থাকব। আমি বাংলা বিনোদন জগতেই আটকে থাকব।” শুধু তাই নয়, জাতীয় স্তরেও তাঁর জায়গা হবে না বলেই অনেকের ধারণা ছিল বলে জানান রাহুল। তাঁর কথায়, “জাতীয় মঞ্চে আমি কেবল বিজ্ঞাপন, অতিথি শিল্পী বা এক-দুটি দৃশ্যের জন্যই উপযুক্ত হব।” তবে এত নেতিবাচক মন্তব্যের পরেও তিনি থেমে যাননি। বরং সেই কথাগুলোকেই নিজের শক্তিতে পরিণত করেছেন অভিনেতা। তিনি স্পষ্ট জানান, সব বাধা সত্ত্বেও তিনি নিজের পথেই এগিয়ে গিয়েছেন।

নিজের সাফল্যের প্রসঙ্গ টেনে রাহুল লেখেন, “আমি এমন সব প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি যেখানে বলা হয়েছিল আমি কখনওই পৌঁছাতে পারব না।” আগামী বছর অভিনয় জগতে তাঁর দশ বছর পূর্ণ হতে চলেছে বলেও জানান তিনি। অভিনেতার কথায়, “আমি এমন সব চরিত্রে অভিনয় করেছি যা আমি একসময় কেবল স্বপ্ন দেখতাম। আমি টেলিভিশনের গণ্ডি পেরিয়ে গিয়েছি। আঞ্চলিক সীমানা অতিক্রম করেছি। আর আজ, জীবনে প্রথমবারের মতো, আমি মন থেকে অনুভব করছি যে আমি জাতীয় মঞ্চের একজন যোগ্য ব্যক্তি।” তাঁর এই আত্মবিশ্বাসী বক্তব্য অনেক অনুরাগীকেই অনুপ্রাণিত করেছে।

পোস্টের শেষ অংশে নিজের মানসিক দৃঢ়তার কথাও তুলে ধরেন রাহুল। তিনি লেখেন, “আমাকে কেউ কিছু করতে পারবে না বললে আমি তা শুনবো না। হয়তো আমার এই দৃঢ়তার উৎস এখানেই। অহংকার নয়। প্রতিশোধও নয়।” অভিনেতার মতে, অন্য কাউকে নিজের জীবনের সীমা ঠিক করতে দিতে চান না তিনি। আরও লেখেন, “কারণ দৃঢ়তা সরব হয় না। বেশিরভাগ সময়, একে জেদের মতো দেখায়। নীরব জেদ। সেই ধরনের জেদ যা বন্ধ দরজা দিয়ে হেঁটে যেতে থাকে, যতক্ষণ না অবশেষে একটা দরজা খোলে।” তাঁর এই পোস্টে ইতিমধ্যেই ভালোবাসা ও সমর্থনের বার্তা পাঠিয়েছেন অনুরাগীরা।

Piya Chanda

                 

You cannot copy content of this page