একটা ছোট্ট মেয়ের জীবনে একের পর এক অন্ধকার নেমে এসেছে। খুব অল্প বয়সেই সে হারিয়েছে নিজের বাবাকে। দুর্ঘটনার পর থেকেই তার জীবন যেন পুরো বদলে যায়। যে মানুষটাকে সে সবচেয়ে বেশি ভরসা করত, সেই মানুষের কাছ থেকেও তাকে দূরে সরিয়ে দেওয়া হয় জোর করে। নতুন বাড়িতে গিয়ে ভালোবাসা তো দূরের কথা, ঠিকমতো যত্নও পায়নি মেয়েটি। দিনের পর দিন মানসিক অত্যাচার আর অবহেলার মধ্যে দিয়ে কাটছিল তার জীবন। ছোট্ট মেয়েটার কষ্ট দেখে অনেকেরই মন ভেঙে গিয়েছে। এবার সেই অসহায় শিশুই হঠাৎ একদিন বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে।
বাড়ি থেকে পালিয়ে রাস্তায় একা একা হাঁটতে দেখা যায় ছোট্ট মেয়েটিকে। কাঁদতে কাঁদতেই সে এগিয়ে যাচ্ছিল, তখনই হোঁচট খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হয় তার। ঠিক সেই সময় একজন যুবক তাকে সামলে নেয়। মেয়েটির অবস্থা দেখে তিনিও বুঝতে পারেন, সে ভীষণ ভয় আর কষ্টের মধ্যে রয়েছে। অন্যদিকে, মেয়েটিকে খুঁজে না পেয়ে তার আত্মীয়রা শুরু করে দোষারোপ। তারা গিয়ে অপমান করে সেই মহিলাকেও, যাকে মেয়েটি নিজের মায়ের মতো ভালোবাসে। এর মধ্যেই ছোট্ট মেয়ে সেই যুবকের হাতে একটি ফোন নম্বর দিয়ে বলে, “মামমামের কাছে পৌঁছে দাও।” তারপরই বদলাতে শুরু করে পুরো পরিস্থিতি।
কি ঘাবড়ে গেলেন? ভাবছেন কোন অভিনেত্রী? আসলে এই ঘটনাই সামনে এসেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা নিবাস’-এর নতুন প্রোমোতে। ইতিমধ্যেই ধারাবাহিকের এই নতুন ঝলক দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, এবার থেকেই কাছাকাছি আসতে চলেছে আদিত্য ও পল্লবীর সম্পর্ক। প্রোমোতে দেখা যায়, ছোট্ট মিঠির ফোন পেয়ে পল্লবী কিছুটা নিশ্চিন্ত হয়। আদিত্য জানায়, মিঠি তার কাছেই নিরাপদে আছে। এই ঘটনার পর থেকেই দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। আগামী দিনে মিঠিকে ঘিরেই গল্পে বড় পরিবর্তন আসতে পারে বলেই অনুমান করছেন অনেকে।
ধারাবাহিকের আগের পর্বগুলোতেও মিঠির কষ্টের ছবি উঠে এসেছে বারবার। দুর্ঘটনায় বাবাকে হারানোর পর থেকেই সে মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে। তার মা আগেই মারা গিয়েছিল, তাই পল্লবীকেই সে নিজের মা বলে মনে করে। কিন্তু মিঠিকে নিজের কাছে রাখতে চাইলেও নানান সমস্যার মুখে পড়তে হয় পল্লবীকে। এমনকি বাচ্চা চুরির অভিযোগে পল্লবীর বাবা-মাকেও গ্রেফতার করা হয়। পরে জোর করে মিঠিকে নিয়ে যাওয়া হয় তার পিসির বাড়িতে। সেখানে তাকে দিয়ে বাড়ির কাজ করানো থেকে শুরু করে ঠিকমতো খাবার না দেওয়া, সবকিছুই দেখানো হয়েছে গল্পে। এক দৃশ্যে তো খিদের জ্বালায় মিঠিকে ডাস্টবিন থেকে খাবার তুলেও খেতে দেখা যায়।
আরও পড়ুনঃ বিদায় নিলেন! ‘পরিণীতা’য় আর দেখা যাবে না এই জনপ্রিয় অভিনেত্রীকে! প্রিয় ধারাবাহিকের দর্শকদের জন্য বড় দুঃখের খবর!
এই নতুন প্রোমো সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে আবেগের ঝড় উঠেছে। অনেকেই ছোট্ট মিঠির চরিত্রটির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। পাশাপাশি আদিত্য ও পল্লবীর সম্পর্ক কোন দিকে এগোয়, সেটাও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দর্শকদের একাংশের মতে, মিঠিই ভবিষ্যতে এই দুই মানুষের জীবনের যোগসূত্র হতে চলেছে। সোশ্যাল মিডিয়াতেও ইতিমধ্যেই এই ট্র্যাক নিয়ে শুরু হয়েছে আলোচনা। আগামী দিনে মিঠি কি সত্যিই পল্লবীর কাছে ফিরে আসতে পারবে, নাকি তার জীবনে আরও নতুন বিপদ অপেক্ষা করছে, এখন সেটাই দেখার।
