জি বাংলার নতুন ধারাবাহিক ‘দুলারী’ (Dulari) নিয়ে দর্শকদের কৌতূহল প্রথম ঝলক প্রকাশের পর থেকেই তৈরি হয়েছিল। তবে আজ বিকেলে সামনে আসা পূর্ণাঙ্গ প্রোমো (Dulari First Promo) সেই আগ্রহকে যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিল। গ্রামবাংলার একেবারে অন্যরকম আবহ, পাহাড়ি রাস্তা, মাটির গন্ধ আর এক সাধারণ মেয়ের বড় স্বপ্ন, সব মিলিয়ে প্রথম প্রোমোতেই আলাদা অনুভূতি তৈরি করেছে এই ধারাবাহিক। অনেকেই বলছেন, বহুদিন পর ছোটপর্দায় এমন বাস্তব ঘেঁষা এবং চেনা বাংলার ছবি দেখা গেল।
প্রোমোর শুরুতেই দেখা যায়, পাহাড়ি গ্রামাঞ্চলের এক সাধারণ বাড়িতে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করছে দুলারী। বাড়ির পরিবেশ দেখেই বোঝা যায়, অভাব তার নিত্যসঙ্গী। কিন্তু সেই অভাব কোনওভাবেই থামাতে পারেনি তার স্বপ্ন দেখা। রাত পেরিয়ে ভোর হতে না হতেই পরীক্ষা দিতে বেরিয়ে পড়ে সে। হাতে সাইকেল, বই নিয়ে রাস্তা চলতেও পড়া ছাড়ছে না দুলারী। আঁকাবাঁকা উঁচুনিচু পথ পেরিয়ে এগিয়ে যাওয়ার সেই দৃশ্যেই যেন ধরা পড়েছে তার জেদের গল্পটা।
পথে বেরিয়ে প্রথমেই মা সিংহবাহিনীর মন্দিরে গিয়ে প্রণাম করতে দেখা যায় তাকে। তারপর আবার ছুটে চলা। কেউ যখন তাকে জিজ্ঞেস করে পরীক্ষার প্রস্তুতি কেমন, তখন দুলারীর চোখেমুখে ফুটে ওঠে আত্মবিশ্বাস। সে জানায়, এমন ভালো পরীক্ষা দেবে যাতে খুব শিগগির কলকাতায় গিয়ে পড়াশোনা করতে পারে। শুধু নিজের স্বপ্ন নয়, গ্রামের অন্য মেয়েদের জন্যও সে নতুন দরজা খুলে দিতে চায়। এই সংলাপগুলোতেই স্পষ্ট হয়ে যাচ্ছে, ধারাবাহিকের মূল গল্পটা শুধুই প্রেম বা পারিবারিক টানাপোড়েন নয়, বরং এক মেয়ের নিজের জায়গা তৈরি করার লড়াই।
প্রোমোর দ্বিতীয় অংশে গল্প হঠাৎই অন্য মোড় নেয়! পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে উচ্ছ্বাসের সঙ্গে মাকে নিজের স্বপ্নের কথা জানায় দুলারী। কিন্তু সেই আনন্দের বদলে মায়ের রাগই সামনে আসে। মুহূর্তের মধ্যে দুলারীর পদার্থবিদ্যার বই আগুনে ছুড়ে ফেলেন তিনি। দৃশ্যটা প্রকাশ্যে আসতেই অনেক দর্শক আবেগপ্রবণ হয়ে পড়েছেন। কারণ, আগুনের ভেতর থেকে আধপোড়া বই বাঁচানোর সময় দুলারীর চোখের জল আর অসহায় মুখ যেন বাস্তবের বহু মেয়ের লড়াইকে মনে করিয়ে দিয়েছে।
সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে এই প্রোমোর ভিজ্যুয়াল আর লোকেশন। পাহাড়ি রাস্তা, গ্রামের সকালের দৃশ্য, বাসযাত্রা, মিলিয়ে অনেকেই বলছেন যে ধারাবাহিকটার মধ্যে যেন সিনেমার ছোঁয়া রয়েছে। যদিও এখনও সম্প্রচারের দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবুও সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ‘দুলারী’ নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। দর্শকদের একাংশের মতে, এই ধারাবাহিক শুধু বিনোদন নয়, গ্রামের মেয়েদের স্বপ্ন দেখার সাহসের গল্পও হয়ে উঠতে পারে।
