জি বাংলা গত কয়েক সপ্তাহে একের পর এক নতুন ধারাবাহিকের প্রমো প্রকাশ করে দর্শকদের চমকে দিয়েছে। প্রথমে সামনে আসে ‘সতীপীঠ কালীঘাট’ এবং ‘দুলারী’-র ঝলক। তবে সেই দুই ধারাবাহিকের সম্প্রচারের সময় বা কোন সিরিয়ালের জায়গায় সেগুলি আসবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এর মধ্যেই একই দিনে আরও দুটি নতুন ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশ করেছে চ্যানেল। নতুন এই দুই গল্পের নাম ‘ইচ্ছাধারী নাগকন্যা’ এবং ‘বাঘিনী’। ফলে নতুন ধারাবাহিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার। কিন্তু এতগুলো নতুন সিরিয়াল একসঙ্গে ঘোষণার পর দর্শকদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
‘ইচ্ছাধারী নাগকন্যা’-র প্রথম ঝলক ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে। প্রমোতে দেখা যায়, একটি বিশাল সাপ নদীর গভীরে এগিয়ে যাচ্ছে। নদীর তলায় রয়েছে মা মনসার একটি বড় মূর্তি। সেই সাপ দেবীর সামনে পৌঁছতেই এক অলৌকিক ঘটনার মাধ্যমে রূপ বদলে নাগকন্যায় পরিণত হয়। ফ্যান্টাসি এবং পৌরাণিক উপাদানে তৈরি এই ধারাবাহিকের গল্প নিয়ে আগ্রহ তৈরি হলেও এখনও পর্যন্ত মুখ্য চরিত্রে কে অভিনয় করছেন, তা প্রকাশ করা হয়নি। ফলে এই চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়েও চলছে জোর জল্পনা।
অন্যদিকে ‘বাঘিনী’-র প্রথম ঝলকে উঠে এসেছে সুন্দরবনের পটভূমি। সেখানে দেখা যায়, এক গ্রাম্য মহিলা সন্তানকে সঙ্গে নিয়ে বনের মধ্যে মধু সংগ্রহ করছেন। হঠাৎই তাঁর সামনে হাজির হয় একটি বাঘ। কিন্তু ভয় না পেয়ে তিনি হাতে থাকা মশাল নিয়ে বাঘের মুখোমুখি দাঁড়িয়ে পড়েন। সাহসী এই দৃশ্য দর্শকদের নজর কাড়লেও এখানেও নায়িকার পরিচয় গোপন রাখা হয়েছে। ফলে দুই নতুন ধারাবাহিকের গল্পের পাশাপাশি নায়িকাদের নাম নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ বাড়ছে।
তবে ধারাবাহিকগুলির বিষয়বস্তুর চেয়েও এখন বেশি আলোচনায় রয়েছে তাদের সম্প্রচারের সময়। কারণ ইতিমধ্যেই চারটি নতুন সিরিয়ালের প্রমো প্রকাশ্যে এসেছে, অথচ কোনটি কবে শুরু হবে সে বিষয়ে স্পষ্ট কোনও ঘোষণা নেই। সমাজ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, এনে রাখবেন কোথায়? আবার কারও মতে, এতগুলো নতুন ধারাবাহিক এলে বর্তমান কোন কোন সিরিয়ালের জায়গা বদল হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কেউ কেউ জানতে চাইছেন, সব ধারাবাহিক কি একসঙ্গে আসবে, নাকি আলাদা আলাদা সময়ে সম্প্রচার শুরু হবে। ফলে জি বাংলার পরবর্তী ঘোষণার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
আরও পড়ুনঃ ‘বিদেশি বয়ফ্রেন্ডে’ মন মজেছে তন্বীর! রাজদীপ অতীত, মন ভাঙার ক’ষ্ট ভুলে ‘লং ডিস্টেন্স রিলেশনশিপ’এ অভিনেত্রী! প্রেমিককে দেখেছেন?
নতুন ধারাবাহিকগুলিকে ঘিরে দর্শকদের প্রত্যাশাও কম নয়। অনেকেই চাইছেন, এই গল্পগুলির মাধ্যমে জনপ্রিয় কিছু অভিনেত্রীকে আবার ছোটপর্দায় দেখতে। বিশেষ করে অঙ্কিতা এবং শ্বেতার নাম বারবার উঠে আসছে দর্শকদের আলোচনায়। যদিও ‘দুলারী’ ধারাবাহিকের ক্ষেত্রে ইতিমধ্যেই নায়িকার নাম ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, এই সিরিয়ালের মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দেবাদৃতা বসুর বোন দেবপ্রিয়া বসু। এখন দেখার বিষয়, বাকি ধারাবাহিকগুলির মুখ্য চরিত্রে কারা থাকছেন এবং কবে থেকে শুরু হচ্ছে এই নতুন গল্পগুলো।
