জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অনির্বাণের মতো প্রতিভাবান অভিনেতাকে ব্যান করার শাস্তি আজ নিজেই ব্যান স্বরূপ! ‘খাঁ’ড়া হাতে বিপত্তারিণী…’ সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা!

স্টুডিওপাড়ায় তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগে বৃহস্পতিবার গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। নিউ আলিপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োর কর্মীদের কাছ থেকে দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। পাশাপাশি এক মেকআপ শিল্পীর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। রিজেন্ট পার্ক এলাকার ওই বাসিন্দার অভিযোগের পর তদন্তে নামে পুলিশ। পরে স্বরূপকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। শুক্রবার তাঁকে আদালতে তোলা হতে পারে বলে জানা গিয়েছে।

গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই রাতের মধ্যেই থানার সামনে জড়ো হন বহু স্থানীয় বাসিন্দা। সেখানে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় অনেককেই। একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁর প্রভাব এবং ক্ষমতার কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে ইন্ডাস্ট্রির বহু মানুষ সমস্যার মুখে পড়েছেন। থানার বাইরে “চোর চোর” স্লোগানও শোনা যায়। সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। টলিপাড়ার নানা পরিচিত মুখকে নিয়েও নতুন করে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে পুরনো বিতর্ক এবং তথাকথিত ‘ব্যান কালচার’ ফের উঠে এসেছে আলোচনার কেন্দ্রে।

সেই প্রসঙ্গেই আবারও সামনে এসেছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নাম। টলিউডের একাংশের দাবি, অতীতে বিভিন্ন বিতর্কের জেরে অনির্বাণের মতো প্রতিভাবান শিল্পীকেও কাজের সুযোগ থেকে দূরে রাখা হয়েছিল। স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একাধিক মিম। তার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে অনির্বাণ অভিনীত ‘শাহজাহান রিজেন্সি’ ছবির জনপ্রিয় গান “না না কিচ্ছু চাইনি আমি”। অভিনেতার ছবির সঙ্গে সেই গানের লাইন জুড়ে নানা পোস্ট শেয়ার করছেন নেটিজেনরা। মুহূর্তের মধ্যেই সেগুলি ভাইরাল হয়ে পড়েছে।

এদিকে অনির্বাণের একটি ভিডিওও নতুন করে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে অভিনেতাকে ফুরফুরে মেজাজে গান গাইতে দেখা যাচ্ছে। তাঁর কণ্ঠে শোনা যায়, “রাখুন সাথে তারা তুই খাঁড়া হাতে বিপত্তারিণী আমাদের”। অনেকেই এই ভিডিওকে বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন। যদিও অভিনেতা সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবুও নেটিজেনদের একাংশের মতে এই ভিডিও এবং বর্তমান ঘটনার মধ্যে এক ধরনের প্রতীকী যোগ রয়েছে। ফলে ভিডিওটি নিয়েও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনির্বাণকে ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যেও।

প্রসঙ্গত, টলিউডে ‘ব্যান কালচার’ নিয়ে গত কয়েক মাস ধরেই বিতর্ক চলছে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর এই বিষয়টি আরও বেশি করে সামনে আসে। অভিনেতা দেব প্রকাশ্যে এই সংস্কৃতি বন্ধের দাবি তুলেছিলেন। পরে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে ফেডারেশনের ভূমিকা নিয়েও নানা আলোচনা শুরু হয়। বিধায়ক পাপিয়া অধিকারী জানিয়েছিলেন, ভবিষ্যতে টালিগঞ্জে ফেডারেশন বা গিল্ডের আগের মতো প্রভাব থাকবে না। একইসঙ্গে রুদ্রনীল ঘোষও স্পষ্ট করেন, ব্যক্তিগত মতামতের স্বাধীনতা থাকবে, তবে কোনও ধরনের “ব্যান কালচার” মেনে নেওয়া হবে না। এই আবহেই স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারি টলিপাড়ার আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page