জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এ কেমন ভালোবাসা? বাড়ির প্রতিটি কোণে লাগানো সিসিটিভি, বাইরে থেকেও সম্রাটের কড়া নজর ঝিনুকের উপর! ভালোবাসা না নিয়ন্ত্রণ? ‘কমলা নিবাস’-এ সম্রাটের আচরণে আতঙ্ক বাড়ছে ঝিনুকের!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা নিবাস’-এর (Kamala Nibas) সাম্প্রতিক পর্বে সম্রাট ও ঝিনুকের সম্পর্ক নতুন মোড় নিয়েছে। প্রথমে রাজপ্রাসাদের মতো বাড়ি, অঢেল আদর আর যত্ন দেখে ঝিনুকের নতুন জীবন যেন স্বপ্নের মতোই মনে হচ্ছিল। কিন্তু একের পর এক ছোট ছোট ঘটনায় সম্রাটের আচরণ দেখে সেই স্বপ্নের আড়ালে অন্য এক অস্বস্তিকর বাস্তব ধরা দিতে শুরু করেছে। কখনও একটি কফির কাপ পড়ে যাওয়ায় অস্বাভাবিক প্রতিক্রিয়া, কখনও আবার একটি আরশোলাকে ঘিরে ভয়ঙ্কর আচরণ, সব মিলিয়ে ঝিনুকও বুঝতে শুরু করেছে যে সম্রাটের ভালোবাসার প্রকাশ আর পাঁচজনের মতো নয়। এবার সেই সন্দেহ আরও গভীর হল নতুন এক ঘটনায়।

ধারাবাহিকে দেখা যায়, সম্রাটের কাছে ঝিনুক যেন শুধু স্ত্রী নয়, এমন একজন মানুষ যাকে সে সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। ফুলশয্যার রাতেই সে ঝিনুককে জড়িয়ে ধরে জানিয়ে দেয়, তাকে ছোঁয়ার বা চোখে দেখার অধিকার একমাত্র তারই। এমনকি অন্য কেউ কাছে এলেও তার পরিণতি ভালো হবে না বলেও ইঙ্গিত দেয়। সেই কথার পর থেকেই দর্শকদের একাংশের মনে প্রশ্ন জাগে, এটি কি ভালোবাসা, নাকি অসুস্থ অধিকারবোধ? আর এবার সেই প্রশ্নের উত্তর যেন আরও স্পষ্ট হতে শুরু করেছে।

সাম্প্রতিক পর্বে জানা যায়, সম্রাট বাড়িতে না থাকলেও ঝিনুক কী করছে, কার সঙ্গে কথা বলছে বা কোথায় যাচ্ছে, সব জানতে সে গোটা বাড়ি জুড়ে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। বিষয়টি সামনে আসতেই ব্যক্তিগত পরিসর নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নতুন সংসারে পা রাখা ঝিনুক বুঝতেই পারেনি যে তার প্রতিটি পদক্ষেপ নজরবন্দি হয়ে রয়েছে। নিজের ইচ্ছেমতো চলাফেরা বা নিঃশ্বাস নেওয়ার স্বাধীনতাটুকুও যেন ধীরে ধীরে হারিয়ে ফেলছে সে। এই ঘটনাই সম্রাটের চরিত্রের আরেকটি উদ্বেগজনক দিক সামনে এনে দিয়েছে।

এর আগেও মোমবাতি নিভে যাওয়া, আরশোলাকে শাস্তি দেওয়ার নামে মুখে পুরে ফেলা কিংবা হঠাৎ করেই রাগে নিয়ন্ত্রণ হারানোর মতো একাধিক আচরণ দর্শকদের চমকে দিয়েছে। প্রতিটি ঘটনার পরই সম্রাট আবার স্বাভাবিক হয়ে ভালোবাসার কথা বলছে, কিন্তু সেই ভালোবাসার মধ্যেই যেন লুকিয়ে রয়েছে এক ধরনের ভয়ঙ্কর নিয়ন্ত্রণের ইচ্ছা। ঝিনুকও ধীরে ধীরে বুঝতে পারছে, এই বাড়ির বাহ্যিক ঐশ্বর্য যতই চোখ ধাঁধানো হোক, তার চারপাশে অদৃশ্য এক বন্দিদশা তৈরি হচ্ছে। তাই সম্রাটের প্রতিটি আচরণ এখন তার মনে নতুন করে ভয় তৈরি করছে।

এই নতুন ট্র্যাক ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, সম্রাটের চরিত্রে শুধু রাগ বা খামখেয়ালিপনা নয়, আরও গভীর মানসিক সমস্যার ইঙ্গিত মিলছে। অন্যদিকে ঝিনুকের জন্যও পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠছে, কারণ সে একদিকে স্বামীর অদ্ভুত আচরণের মুখোমুখি হচ্ছে, অন্যদিকে নিজের ব্যক্তিগত স্বাধীনতাও হারাতে বসেছে। এখন দর্শকদের নজর একটাই দিকে, ঝিনুক কি এই অস্বাভাবিক সম্পর্কের সত্যিটা পুরোপুরি বুঝে নিজের জন্য কোনও পথ খুঁজে পাবে, নাকি সম্রাটের নিয়ন্ত্রণের জাল আরও শক্ত হতে চলেছে।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page