টলিউডে দেব (Dev) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) জুটি একসময় ছিল দর্শকদের অন্যতম প্রিয়। একের পর এক সফল ছবিতে একসঙ্গে অভিনয় করে তাঁরা শুধু জনপ্রিয় জুটিই হননি, তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও দীর্ঘদিন চর্চা চলেছে। পরবর্তীতে দুজনের পথ আলাদা হয়ে গেলেও পেশাগত সম্পর্কের উষ্ণতা কখনও পুরোপুরি হারিয়ে যায়নি। সময়ে সময়ে বিশেষ অনুষ্ঠানে কিংবা গুরুত্বপূর্ণ মুহূর্তে একে অপরের পাশে দেখা গিয়েছে তাঁদের। এবারও তেমনই এক নতুন অধ্যায়ের সাক্ষী হতে চলেছেন দর্শকরা। দেবের জীবনের আরও একটি বড় শুরুর দিনে আবারও সঙ্গী হলেন শুভশ্রী, যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা।
মাঝে কয়েক বছর বিরতির পর নতুন রূপে ফিরছে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’। এতদিন এই অনুষ্ঠানের সঞ্চালনায় দর্শক দেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তবে এবার প্রথমবার এই দায়িত্ব সামলাবেন দেব। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রথম পর্বের অতিথিদের তালিকা। সেই তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কবীর খান, বাণী রায় চৌধুরী, বিজ্ঞানী চিকিৎসক পুণ্যব্রত চক্রবর্তী, পৃথ্বীরঞ্জন দাস, চন্দন পাল, অগ্নি মিত্র, সুনীল ছেত্রী, শান, বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ এবং পদ্মশ্রী হর্ষবর্ধন নেওটিয়ার মতো বিশিষ্ট ব্যক্তিত্ব। নতুন সঞ্চালক হিসেবে দেবকে দেখার অপেক্ষায় রয়েছেন অসংখ্য দর্শক।
তবে প্রথম পর্বের আরেকটি বড় চমক শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি। দেবের এই নতুন যাত্রায় তাঁকে শুভেচ্ছা জানাতেই তিনি হাজির হচ্ছেন ‘দাদাগিরি সিজন ১১’-র গ্র্যান্ড ওপেনিংয়ে। জি বাংলার প্রকাশ করা ঝলকেই সেই ছবি সামনে এসেছে। আগামী ৫ জুলাই রাত ৯টা থেকে শুরু হবে এই নতুন মরশুম। নাচ, গান, আড্ডা এবং নানা চমকে ভরপুর এই উদ্বোধনী পর্বে দেব ও শুভশ্রীকে একসঙ্গে দেখে অনেকেই পুরনো দিনের স্মৃতিতে ফিরে গিয়েছেন। বহু দর্শকের মতে, দেবের জীবনের বড় বড় নতুন শুরুর মুহূর্তে শুভশ্রীকে বারবার দেখা যাওয়া নিছক কাকতালীয় নয় বলেই মনে হচ্ছে।
অন্যদিকে এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে নানান প্রশ্নও। অনেকেই জানতে চেয়েছেন, দেবের এত গুরুত্বপূর্ণ দিনে রুক্মিণী মৈত্রকে কেন দেখা গেল না। আবার একাংশের মতে, আগামী দুর্গাপুজোয় মুক্তি পেতে চলা দেব ও শুভশ্রীর নতুন ছবির কারণেই এই উপস্থিতি একেবারেই স্বাভাবিক। সেই সঙ্গে অনেকেই মনে করিয়ে দিয়েছেন, ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ বদলালেও পেশাদার জুটি হিসেবে দেব ও শুভশ্রী এখনও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। তাই তাঁদের একসঙ্গে দেখা মাত্রই নতুন করে উচ্ছ্বাস তৈরি হওয়াটাও অস্বাভাবিক নয়।
আরও পড়ুনঃ “পর্দায় শাড়ি, বাইরে অর্ধউল’ঙ্গ!” ছোট পোশাক নিয়ে ফের ট্রোলড অনামিকা! ন’গ্ন উরু নিয়ে এত আপত্তি কেন? সমালোচকদের একহাত নিতে কী বললেন অভিনেত্রী?
এবারের ‘দাদাগিরি’ শুধু নতুন সঞ্চালক নয়, নতুন টাইটেল ট্র্যাক নিয়েও আসছে। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানের পরিচিত গানটি ছিল অরিজিৎ সিংয়ের কণ্ঠে। তবে নতুন মরশুমে সেই জায়গায় শোনা যাবে ঈশান মিত্রের গাওয়া নতুন টাইটেল ট্র্যাক। ঈশান জানিয়েছেন, তিনি আগের গানের সঙ্গে তুলনা নয়, সম্পূর্ণ নতুন আঙ্গিকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। সব মিলিয়ে নতুন সঞ্চালক, নতুন গান, নতুন চমক এবং দেবের বিশেষ দিনে শুভশ্রীর উপস্থিতি মিলিয়ে ‘দাদাগিরি সিজন ১১’-র প্রথম পর্ব নিয়ে দর্শকদের উৎসাহ এখন তুঙ্গে।
