অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর আবারও নিজের বক্তব্যের জন্য আলোচনায় উঠে এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে লিভ ইন সম্পর্ক নিয়ে নিজের মত প্রকাশ করেন তিনি। শুধু দু’জন মানুষের একসঙ্গে থাকা নয়, সেই সম্পর্কে সন্তান এলে তার ভবিষ্যৎ ও সামাজিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী। তাঁর এই মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর বিতর্ক।
সাক্ষাৎকারে মমতা শঙ্কর বলেন, যদি দু’জন মানুষের মধ্যে সত্যিকারের ভালোবাসা, বিশ্বাস এবং সারাজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার থাকে, তাহলে লিভ ইন সম্পর্কে তাঁর আপত্তি নেই। তবে সেই সম্পর্কে সন্তান জন্মালে বাবা-মায়ের দায়িত্ব আরও বেড়ে যায় বলেই তাঁর মত। তিনি মনে করেন, তখন শুধু নিজের ইচ্ছা নয়, সন্তানের ভবিষ্যৎ এবং সমাজে তাকে কী পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে, সেটাও ভেবে দেখা উচিত।
অভিনেত্রী আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে কঠোর নিয়মকানুনে বিশ্বাসী নন। তবুও সমাজের কিছু কাঠামো বজায় থাকা দরকার বলে মনে করেন। তাঁর বক্তব্য, বিয়ে নামের প্রতিষ্ঠানকে অস্বীকার করার প্রয়োজন নেই। একইসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিজেপি সরকারের কিছু নিয়ম সমাজের জন্য ইতিবাচক হতে পারে বলেও তাঁর মনে হয়েছে। এই মন্তব্যও বিশেষভাবে নজর কেড়েছে।
মমতা শঙ্করের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ তীব্র আপত্তি জানিয়েছেন। অনেকের প্রশ্ন, সব লিভ ইন দম্পতিই তো সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন না। আবার বিয়ে করলেই সম্পর্ক সফল হবে, এমন নিশ্চয়তাও নেই। তাই ব্যক্তিগত জীবনযাপনের সিদ্ধান্ত নিয়ে এমন মন্তব্যকে অনেকেই সমর্থন করেননি।
আরও পড়ুনঃ ব্যক্তিগত জীবন নিয়ে এখনও আলোচনা থামেনি, এরই মাঝে বড় ঘোষণা হিরণের! অভিনয় থেকে রাজনীতি, এবার কোন নতুন শুরুর ইঙ্গিত দিলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা?
উল্লেখ্য, এর আগেও নারী স্বাধীনতা, পোশাক এবং আধুনিক জীবনযাপন নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন মমতা শঙ্কর। এবার লিভ ইন সম্পর্ক নিয়ে তাঁর নতুন বক্তব্যও একইভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। কেউ তাঁর মতামতকে সমর্থন করছেন, আবার কেউ ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্ন তুলে সমালোচনা করছেন। ফলে বিষয়টি নিয়ে বিতর্ক এখনও অব্যাহত।
