রথের দিন সকালে প্রকাশ্যে এল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত নতুন ছবি ‘ডাক্তার কাকু’র পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে, এক ব্যক্তি স্কুটি চালিয়ে এগিয়ে চলেছেন, সামনে রয়েছে উজ্জ্বল আলোর ছটা। পেছনে আধো অন্ধকারে দেখা যাচ্ছে কিছু বাড়ির অবয়ব, যা ছবির পরিবেশ সম্পর্কে ধারণা দিচ্ছে। পোস্টারের সঙ্গে ছবির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর, শিক্ষক দিবসের ঠিক আগে প্রেক্ষাগৃহে আসবে এই ছবি। সম্প্রতি ‘অভিমান’ ছবিতে দর্শক প্রসেনজিৎকে রকস্টার চরিত্রে দেখেছেন। এবার সম্পূর্ণ অন্য ধরনের চরিত্রে বড়পর্দায় হাজির হতে চলেছেন তিনি।
প্রসঙ্গত, ‘ডাক্তার কাকু’ ছবিতে একজন মানবিক চিকিৎসকের জীবন তুলে ধরা হবে। ছবিটি কোনও নির্দিষ্ট বাস্তব চরিত্রের গল্প নয় বলে জানিয়েছেন প্রযোজক এনা সাহা। তবে বাস্তবে এমন অনেক চিকিৎসক রয়েছেন, যাঁরা নিজের কথা না ভেবে রোগীদের জন্য কাজ করেন। সময়, পরিবার এবং ব্যক্তিগত জীবনের অনেক কিছু ত্যাগ করে তাঁরা মানুষের পাশে দাঁড়ান। সেই ধরনের এক চিকিৎসকের চরিত্রই দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়ে। এনা সাহার মতে, ছবিতে একজন আদর্শবান চিকিৎসকের গল্পের পাশাপাশি বাবা ও ছেলের সম্পর্কও উঠে আসবে। চরিত্রটির নীতি, মূল্যবোধ এবং চিকিৎসার প্রতি দায়বদ্ধতা হবে ছবির অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন ঋদ্ধি সেন এবং এনা সাহা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তুলিকা বসুকে। ছবিতে রয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ সুচন্দ্রা এবং শ্রীলগ্না বন্দ্যোপাধ্যায়। এনা সাহা জানিয়েছেন, আরও অনেক শিল্পী এই ছবির অংশ হয়েছেন। ‘ডাক্তার কাকু’র পরিচালনা করেছেন পাভেল, যিনি ছবিতে অভিনয়ও করেছেন। ছবিটি মেটাট্রন প্রোডাকশনসের নিবেদনে তৈরি হয়েছে। এনা সাহা ও বনানী সাহা এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন।
ছবিতে প্রসেনজিৎ অভিনীত চিকিৎসক চরিত্রটি আগের প্রজন্মের একজন ডাক্তার। ডাক্তারি পাশ করার সময় মানবসেবার যে শপথ তিনি নিয়েছিলেন, সেটাই জীবনের মূল আদর্শ। রোগী দেখতে শুরু করলে নিজের খাওয়া, বিশ্রাম বা ব্যক্তিগত সময়ের কথাও ভুলে যান তিনি। পাড়া এবং আশপাশের মানুষের কাছে চিকিৎসক দিলীপ সাহা একজন ভরসার মানুষ হয়ে ওঠেন। ঋদ্ধি সেন অভিনীত চরিত্রের নাম পুশকিন, যে এই চিকিৎসকের ছেলে। পাভেলের অভিনীত চরিত্রের নাম পচা। বাবা, ছেলে এবং একজন চিকিৎসকের জীবন সংগ্রামকে ঘিরেই এগোবে ছবির গল্প।
আরও পড়ুনঃ ‘বাংলা ইন্ডাস্ট্রিতে আজকাল স্মার্ট পরিচালক অনেক, কিন্তু তাদের ছবি চলে না’ বর্তমানে বাংলা সিনেমার মান নিয়ে অকপট বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে, কাঁদের তুললেন কাঠগড়ায়?
প্রায় পাঁচ বছর আগে ‘ডাক্তার কাকু’ ছবিটি তৈরি করার পরিকল্পনা শুরু করেছিলেন পরিচালক পাভেল। দীর্ঘ প্রস্তুতির পর অবশেষে চলতি বছর দর্শকদের সামনে আসছে এই ছবি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও সমাজমাধ্যমে ছবির পোস্টার প্রকাশ করে মুক্তির খবর জানান। তিনি লেখেন, ‘চিন্তা নেই, আর অপেক্ষা করতে হবে না, ডাক্তার কাকু আসছে ৪ সেপ্টেম্বর।’ তিনি আরও জানান, শিক্ষক দিবসে শিক্ষা শুধু শ্রেণিকক্ষে নয়, সিনেমার পর্দাতেও পাওয়া যাবে। ছবির মাধ্যমে চিকিৎসা পেশার মানবিক দিক এবং সম্পর্কের গল্প তুলে ধরা হবে। ‘ডাক্তার কাকু’ মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
