জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রথের দিনই বড় ঘোষণা! ‘রান্নাঘর’-এর পর এবার একেবারে নতুন ভূমিকায় সুদীপা চট্টোপাধ্যায়, কী নিয়ে ফিরছেন জনপ্রিয় সঞ্চালিকা?

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ সুদীপা চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে জনপ্রিয় সঞ্চালিকা হিসেবে পরিচিত। বিশেষ করে জি বাংলার ‘রান্নাঘর’ অনুষ্ঠানের সঙ্গে তাঁর নাম যেন একসময় ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল। বহু বছর একটানা সেই অনুষ্ঠান সঞ্চালনা করে তিনি আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। যদিও বর্তমানে তিনি আর সেই অনুষ্ঠানের অংশ নন, তবুও বিনোদন জগত থেকে নিজেকে সরিয়ে রাখেননি। অভিনয়, চিত্রনাট্য লেখা এবং নতুন নতুন কাজ নিয়েই ব্যস্ত সময় কাটছে তাঁর। সম্প্রতি আবারও নতুন এক চমকের ইঙ্গিত দিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল বাড়িয়ে দিয়েছেন তিনি।

খুব সম্প্রতি শেষ হয়েছে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘চোর’-এর শুটিং। এই ছবির চিত্রনাট্য লিখেছেন সুদীপা চট্টোপাধ্যায় নিজেই। খুব শিগগিরই বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। রথযাত্রার দিন এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনেন পরিচালক। তবে শুধু ছবির আপডেটেই থেমে থাকেননি সুদীপা। একই দিনে তিনি নিজের আগামী নতুন কাজেরও আভাস দিয়ে একটি বিশেষ পোস্ট শেয়ার করেন, যা দেখে অনুরাগীদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়।

রথযাত্রার শুভক্ষণে নিজের সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন সুদীপা। সেখানে দেখা যায় ধোঁয়া ওঠা এক কাপ চায়ের ছবি, আর তার নিচে বড় অক্ষরে লেখা রয়েছে “সঙ্গে সুদীপা”। তার ঠিক নিচেই লেখা ছিল “গল্পে, কথায়, অনুভবে”। পোস্টটির ক্যাপশনে অভিনেত্রী শুধু লিখেছেন, “কামিং সুন।” এই কয়েকটি শব্দই যথেষ্ট ছিল অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে তুলতে। পোস্টটি প্রকাশ্যে আসার পর থেকেই অনেকেই নতুন এই উদ্যোগ নিয়ে আলোচনা শুরু করেন।

সুদীপার পোস্ট থেকেই স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে খুব শিগগিরই তাঁকে একটি নতুন পডকাস্টের সঞ্চালক হিসেবে দেখা যাবে। এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের পরিচিত অতিথিরা উপস্থিত হয়ে নিজেদের জীবনের নানা অজানা অভিজ্ঞতা, গল্প এবং অনুভূতির কথা ভাগ করে নেবেন তাঁর সঙ্গে। যদিও এই ধরনের পডকাস্ট এখন বিনোদন জগতে নতুন নয়। এর আগেও একাধিক অভিনেতা, অভিনেত্রী এবং পরিচালক নিজেদের পডকাস্ট শুরু করেছেন। এবার সেই তালিকায় নিজের নাম যুক্ত করলেন সুদীপা চট্টোপাধ্যায়ও।

অভিনেত্রীর এই নতুন উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। তাঁর পোস্টে সহশিল্পী থেকে অনুরাগী, অনেকেই আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন। দীর্ঘদিন জনপ্রিয় একটি অনুষ্ঠান সঞ্চালনার অভিজ্ঞতা থাকায় দর্শকদের একাংশের বিশ্বাস, এই নতুন পডকাস্টেও তিনি নিজের স্বাভাবিক উপস্থাপনা দিয়ে সবার মন জয় করবেন। এখন শুধু অপেক্ষা, কবে আনুষ্ঠানিকভাবে শুরু হবে “সঙ্গে সুদীপা” এবং প্রথম পর্বে কার সঙ্গে আড্ডায় বসবেন তিনি।

Piya Chanda

                 

You cannot copy content of this page