বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা নিবাস’-এ ফের আসতে চলেছে বড় মোড়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নতুন মহাসপ্তাহের প্রোমো, আর তা দেখেই উদ্বেগে পড়েছেন দর্শকরা। এতদিন নানা ঝড়ঝাপটা সামলে কমলা নিজের সংসারকে আগলে রেখেছে। কখনও প্রিয়জনকে হারানোর কষ্ট, কখনও পরিবারের ভাঙন, আবার কখনও সম্পর্কের টানাপোড়েন, সবকিছুর মধ্যেও সে হাল ছাড়েনি। এই কঠিন সময়ে যিনি সবসময় তার পাশে থেকেছেন, তিনি শ্রীনিবাস। কিন্তু এবার সেই মানুষটিকেই ঘিরে তৈরি হয়েছে বড় আশঙ্কা। প্রোমো দেখে অনেকেরই প্রশ্ন, তবে কি এবার কমলার জীবন থেকে সেও হারিয়ে যেতে চলেছে?
সাম্প্রতিক প্রোমোতে দেখা যায়, শ্রীনিবাস কোনও একটি বিষয় নিয়ে গভীর দুশ্চিন্তায় ডুবে রয়েছে। সে যেন নিজের মধ্যেই হারিয়ে গেছে। বাড়ি থেকে বেরোনোর পরও তার মন অন্য কোথাও পড়ে থাকে। হাঁটতে হাঁটতে বারবার পথচলতি মানুষের সঙ্গে ধাক্কা লাগে, কিন্তু তাতেও যেন তার হুঁশ ফেরে না। ঠিক সেই সময় আচমকাই একটি গাড়ি এসে ধাক্কা মারে তাকে। মুহূর্তের মধ্যে রাস্তায় লুটিয়ে পড়ে শ্রীনিবাস। এই দৃশ্য দেখেই দর্শকদের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, ধারাবাহিকে এবার হয়তো বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হচ্ছে।
অন্যদিকে একই সময়ে কমলাকে দেখা যায় মন্দিরে স্বামীর মঙ্গল কামনায় পুজো দিতে। কিন্তু পুজোর মাঝেই ঘটে যায় অশুভ ঘটনা। তার হাত থেকে পড়ে যায় পুজোর থালা, ধাক্কা লেগে ভেঙে যায় শাখা-পলা। এই ঘটনায় কমলা নিজেও অশনি সংকেত অনুভব করে। প্রোমোতে এই দুটি দৃশ্য পাশাপাশি দেখানো হওয়ায় দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। শ্রীনিবাস কি শেষ পর্যন্ত প্রাণে বাঁচবে? নাকি কমলার জীবনে আবারও নেমে আসবে এক নতুন শোকের অধ্যায়? এই প্রশ্নই এখন ঘুরছে দর্শকদের মনে।
আগামী ২৭ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ধারাবাহিকের মহাসপ্তাহে এই সমস্ত ঘটনার উত্তর মিলবে। তবে তার আগেই সোশ্যাল মিডিয়ায় প্রোমো ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। অনেক দর্শকের মতে, সাগরের মৃত্যুর পর যদি এবার শ্রীনিবাসকেও গল্প থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তা মেনে নেওয়া খুব কঠিন হবে। কেউ লিখেছেন, প্রোমো দেখেই চোখে জল চলে এসেছে। আবার কেউ জানিয়েছেন, এত আবেগঘন পর্ব দেখার সাহস হয়তো তাদের হবে না। সব মিলিয়ে নতুন প্রোমো দর্শকদের মধ্যে প্রবল আবেগ তৈরি করেছে।
আরও পড়ুনঃ টলিউডের অচলাবস্থা কাটাতে নবান্নের উদ্যোগ!ফিল্মে শিফট ১২ ঘণ্টার! নন্দনে ডাকা হল জরুরি বৈঠক, কী সিদ্ধান্ত নেওয়া হল?
উল্লেখ্য, দেবশঙ্কর হালদার এই ধারাবাহিকের হাত ধরেই আবার ছোট পর্দায় ফিরেছিলেন। তাই প্রোমোতে শ্রীনিবাসের এই দুর্ঘটনার দৃশ্য দেখে অনেকেই আশঙ্কা করছেন, তবে কি এখানেই শেষ হতে চলেছে তাঁর চরিত্রের পথচলা? যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে শেষ পর্যন্ত কী হতে চলেছে, শ্রীনিবাস কি সুস্থ হয়ে ফিরবে, নাকি কমলার জীবনে আবারও নেমে আসবে গভীর অন্ধকার— সেই উত্তর জানতেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।
