দীর্ঘ এক মাসের বিরতির পর আবারও টেলিভিশনের সাপ্তাহিক টিআরপি প্রকাশের পথ পরিষ্কার হল। কেরল হাই কোর্ট কেন্দ্রের নতুন টেলিভিশন রেটিং নীতির উপর থাকা অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে নেওয়ায় ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্কের সামনে আর কোনও আইনি বাধা থাকল না। ফলে খুব শিগগিরই নতুন নিয়ম মেনে সাপ্তাহিক রেটিং প্রকাশ শুরু হতে পারে।
এই বিতর্কের মূল কারণ ছিল টিভির ল্যান্ডিং পেজ ব্যবস্থা। এতদিন সেট টপ বক্স চালু করলেই যে চ্যানেলটি প্রথমে দেখা যেত, সেই চ্যানেলের ভিউয়ারশিপও টিআরপির হিসেবের মধ্যে ধরা হত। নতুন নীতিতে সেই ব্যবস্থা বাদ দেওয়া হয়েছে। এখন থেকে শুধুমাত্র দর্শক নিজের ইচ্ছায় যে চ্যানেল দেখবেন, সেই ভিউয়ারশিপই রেটিং নির্ধারণে গণ্য হবে।
কেন্দ্র সরকার এবং বার্ক আদালতে জানায়, ল্যান্ডিং পেজের কারণে অনেক সময় প্রকৃত দর্শকসংখ্যার সঠিক ছবি পাওয়া যায় না। তাদের দাবি, এই পদ্ধতিতে কিছু চ্যানেলের ভিউয়ারশিপ কৃত্রিমভাবে বেড়ে যায়। অন্যদিকে অল ইন্ডিয়া ডিজিটাল কেবল ফেডারেশন এবং ডেম নেটওয়ার্কস অভিযোগ করে, নতুন নিয়ম তাদের বাণিজ্যিক স্বার্থে প্রভাব ফেলতে পারে।
দীর্ঘ শুনানির পর বিচারপতি বেচু কুরিয়ান থমাস অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দেন। এর ফলে নতুন টেলিভিশন রেটিং নীতি কার্যকর করার পথ আরও সহজ হয়ে গেল। এখন বার্ক নিয়মিতভাবে সাপ্তাহিক টিআরপি তালিকা প্রকাশ করতে পারবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ মা হওয়ার আগেই ভয়ঙ্কর ফাঁদে পারুল! ডাক্তারের কাছে যাওয়ার পথে অপহ’রণ, নিষিদ্ধ পল্লীতে নিয়ে গিয়ে কী করা হলো তাঁর সঙ্গে? ‘পরিণীতা’-র গল্পে চরম মোড়! রায়ান কি পারবে স্ত্রী ও সন্তানকে বাঁচাতে? নাকি বাবা হতে পারবে না সে?
এই সিদ্ধান্তে টেলিভিশন শিল্পে নতুন প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাপ্তাহিক টিআরপি প্রকাশ আবার শুরু হলে কোন চ্যানেল দর্শকের কতটা পছন্দের, তার স্পষ্ট ছবি পাওয়া যাবে। একই সঙ্গে বিজ্ঞাপন বাজারের পরিকল্পনা এবং চ্যানেলগুলোর ব্যবসায়িক কৌশলেও এর প্রভাব পড়তে পারে।
