জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আমি তো মানুষ খু’ন করিনি!” “আমার যদি একাধিক প্রেম থাকে, তাতে কী অন্যায় আছে?” ‘একটু বাঁচতে দিন’, শ্যামৌপ্তির সঙ্গে বিচ্ছেদ জল্পনার মাঝেই মুখ খুললেন রণজয়! জানালেন নিজের অবস্থান?

পাঁচ মাসের মধ্যেই নাকি ভেঙে যেতে চলেছে অভিনেতা রণজয় ও শ্যামৌপ্তির দাম্পত্য, এমন খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা। স্বাভাবিকভাবেই এই খবর তাঁদের অনুরাগীদেরও চিন্তায় ফেলে। এরই মধ্যে শোনা যায়, ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’র এক সহ অভিনেত্রীর সঙ্গে রণজয়ের ঘনিষ্ঠতা নিয়েও নানা গুঞ্জন চলছে। টলিপাড়ার এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, বেশ কিছুদিন ধরেই নাকি তাঁদের সংসারে অশান্তি চলছে। সেই খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে শুরু হয় নানা জল্পনা ও বিশ্লেষণ। তবে এই সমস্ত বিষয় নিয়ে এতদিন পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অভিনেতা। অবশেষে সব বিতর্কের মাঝেই নিজের বক্তব্য সামনে আনলেন রণজয়।

ঘনিষ্ঠ সূত্রের দাবি অনুযায়ী, বিয়েতে পাওয়া অর্থকে কেন্দ্র করেই নাকি প্রথম সমস্যার শুরু হয়। এরপর সম্পত্তি নিয়েও স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে বলে খবর সামনে আসে। এমনও দাবি করা হয়, বাড়ির পাশাপাশি একটি গাড়িও নিজের নামে করে নেওয়ার চেষ্টা করছেন শ্যামৌপ্তি। শুধু তাই নয়, বড়পর্দায় অভিনেত্রীর কাজ করাও নাকি রণজয়ের পছন্দ ছিল না। প্রতিদিনের অশান্তি বাড়তে বাড়তে অশালীন ভাষা ব্যবহার পর্যন্ত গড়ায় বলেও অভিযোগ ওঠে। এমনকি কয়েকদিন আগে নাকি স্ত্রীকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য করেছিলেন অভিনেতা, এমন দাবিও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। যদিও এই অভিযোগগুলির কোনওটিরই স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত হয়নি।

এই পরিস্থিতির মধ্যেই ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে নিজের বক্তব্য জানান রণজয়। ভিডিওতে তিনি বলেন, “দয়া করে আমাকে বাঁচিয়ে দিন। আমি খুব সাধারণ জীবনযাপন করি। আমরা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছিলাম, আমাদের কেউ জোর করেনি। আমাদের যদি কোনও সমস্যা হয়, সেটা আমরা নিজেরাই মিটিয়ে নেব। যদি কোনও সিদ্ধান্ত নিই, তাহলে আমরা দুজনেই সকলকে জানাব। কিন্তু এইভাবে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করবেন না দয়া করে।” তিনি আরও বলেন, “আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত, তাই এতদিন এই বিষয় নিয়ে কোনও কথা বলতে চাইনি। আমি চুপ ছিলাম বলেও অনেকে নানা কথা বলেছে। কিন্তু একজন মহিলাকে নিয়ে কিছু বলার আগে সবাইকে ভাবা উচিত। আমার প্রাক্তনদের নিয়েও আলোচনা হয়েছে। আমার যদি একাধিক প্রেম থাকে, তাতে কী অন্যায় আছে? আমি তো মানুষ খুন করিনি।”

রণজয় আরও জানান, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সকলকে জবাব দেওয়ার কোনও বাধ্যবাধকতা তাঁর নেই। তাঁর কথায়, বাড়ির বয়স্ক সদস্যরা এই ধরনের খবর দেখে ও শুনে আরও বেশি কষ্ট পাচ্ছেন। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, এখন মহিলা সহকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতেও তিনি অস্বস্তি বোধ করছেন। একটি প্রেমের ধারাবাহিকে অভিনয় করার জন্য যতটুকু প্রয়োজন, তিনি ততটুকুই করেন বলে জানান অভিনেতা। কিন্তু সেই কাজকেও কেন্দ্র করে যেভাবে নানা গুজব ছড়ানো হচ্ছে, তা তাঁকে মানসিকভাবে ভীষণ আঘাত দিচ্ছে। তিনি বলেন, “দয়া করে আমাকে বাঁচতে দিন। আমাকে একটু নিশ্বাস নিতে দিন। আপনারা যে কথা রটাচ্ছেন, দয়া করে সেগুলো বলবেন না। আমার যদি সত্যিই কারও সঙ্গে প্রেম থাকত, তাহলে আমি সেটা লুকিয়ে রাখতাম না। রোজ রোজ ছবি পোস্ট করতাম না। আমি যা করি, সবই সিরিয়ালের প্রচারের জন্য। এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য নেই।”

ভিডিওর শেষদিকে রণজয় বলেন, “আমরা একসঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছি। আমাদের মধ্যে যা কিছু হচ্ছে, সেটা আমাদের নিজেদের বুঝে নিতে দিন। আপনারা আমাদের একা ছেড়ে দিন। যদি আমাদের সম্পর্ক ভেঙেও যায়, সেটাও আমাদের সিদ্ধান্ত হবে। এটা নিয়ে মন্তব্য করার অধিকার অন্য কারও নেই।” তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট, তাঁদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যা তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন দুজনেই। তবে ভবিষ্যতে তাঁরা কী সিদ্ধান্ত নেবেন, তা এখনও স্পষ্ট নয়। আপাতত এই বিষয়টি নিয়ে নতুন করে জল্পনা শুরু হলেও, অভিনেতার অনুরোধ একটাই, তাঁদের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত থাকতেই দেওয়া হোক।

Piya Chanda

                 

You cannot copy content of this page