জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জিতের বিপরীতে প্রথম ছবির সুযোগ পান নবমিতা! শেষ মুহূর্তে কেন অফার চলে গিয়েছিল কোয়েলের কাছে? কোন ক্ষো’ভের কথা জানালেন মহানায়কের নাতনি?

উত্তম কুমারের নাতনি হিসেবে পরিচিত হলেও নিজের অভিনয় দক্ষতার জোরেই ইন্ডাস্ট্রিতে জায়গা তৈরি করেছেন নবমিতা চট্টোপাধ্যায়। ‘বাজলো তোমার আলোর বেণু’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় তাঁর অভিনয়ে হাতেখড়ি। পরে বেশ কিছু টেলিফিল্ম ও ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। তবে শুরু থেকেই নিয়মিত কাজ করার পথে হাঁটেননি অভিনেত্রী। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নিজের পছন্দ অনুযায়ী কাজ বেছে নিয়েছেন তিনি।

তবে নবমিতার কেরিয়ারে এমন একটি সুযোগ এসেছিল, যা সত্যি হলে হয়তো তাঁর অভিনয়জীবনের ছবিটাই অন্যরকম হতে পারত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘নাটের গুরু’ ছবিতে প্রথমে তাঁকেই নেওয়ার কথা ছিল। অর্থাৎ জিতের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যেতে পারত তাঁকে। কিন্তু শেষ পর্যন্ত কোনও এক কারণে সেই সুযোগ আর পাননি নবমিতা। তাঁর জায়গায় ছবির নায়িকা হিসেবে নেওয়া হয় কোয়েল মল্লিককে।

অডিশনের পর সেই সুযোগ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ হয়েছিল নবমিতার। সেই সময় মেয়ের পাশে দাঁড়িয়েছিলেন তাঁর বাবা। অভিনয়ে আসার আগে মেয়ের পড়াশোনা শেষ করুক, সেটাই চেয়েছিলেন তিনি। নবমিতা তখনও গ্র্যাজুয়েশন শেষ করেননি এবং অভিনয় সম্পর্কে তাঁর অভিজ্ঞতাও খুব বেশি ছিল না। তাই বাবার পরামর্শ মেনে প্রথমে পড়াশোনা শেষ করেন অভিনেত্রী। পাশাপাশি মডেলিংও চালিয়ে যান তিনি।

পড়াশোনা শেষ করার পর ধীরে ধীরে অভিনয়ে মন দেন নবমিতা। একের পর এক চরিত্রে কাজ করে দর্শকদের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তবে ‘বাজলো তোমার আলোর বেণু’ ধারাবাহিকে বর্ষা চরিত্রটি তাঁকে বিশেষ জনপ্রিয়তা এনে দেয়। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও একসময় চর্চায় ছিলেন নবমিতা। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। যদিও ২০২০ সালে তাঁদের সম্পর্কের ইতি ঘটে।

বর্তমানে নতুন করে বিয়ে নিয়ে ভাবছেন না নবমিতা। নিজের কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়েই এগোতে চান তিনি। ভবিষ্যতে পথ কুকুরদের জন্য বড় কিছু করার ইচ্ছার কথাও জানিয়েছেন অভিনেত্রী। তবে ‘নাটের গুরু’ ছবির সেই পুরনো ঘটনা এখনও তাঁর কেরিয়ারের একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে রয়েছে। জিতের বিপরীতে অভিনয়ের সেই সুযোগ শেষ পর্যন্ত কোয়েলের কাছে চলে গেলেও পরবর্তীকালে নিজের অভিনয়ের পরিচয়েই দর্শকদের কাছে জায়গা করে নিয়েছেন নবমিতা।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page