প্রয়াত হলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক রাজা সেন। রবিবার, ১৬ অগস্ট ৭০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
পরিচালক হিসেবে রাজা সেনের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা। বড় পর্দার পাশাপাশি টেলিভিশনেও একাধিক উল্লেখযোগ্য কাজ করেছেন তিনি। তাঁর পরিচালিত ‘দামু’ বিশেষভাবে দর্শকের মনে জায়গা করে নেয়। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া এই ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা শিশুচলচ্চিত্রের সম্মান পান তিনি।
‘দামু’ ছাড়াও ‘আত্মীয় স্বজন’, ‘চক্রব্যূহ’, ‘দেশ’ এবং ‘ল্যাবরেটরি’র মতো ছবির সঙ্গে তাঁর নাম জড়িয়ে রয়েছে। টেলিভিশনেও ‘সুবর্ণলতা’, ‘আদর্শ হিন্দু হোটেল’, ‘আরোগ্য নিকেতন’সহ বেশ কিছু জনপ্রিয় কাজ পরিচালনা করেছেন রাজা সেন। তাঁর পরিচালিত ‘আত্মীয় স্বজন’ও জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিল।
গত কয়েক বছর ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন রাজা সেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল এবং চিকিৎসকেরা তাঁর শারীরিক পরিস্থিতির উপর কড়া নজর রাখছিলেন।
আরও পড়ুনঃ ‘ব’য়স্ক বুড়ি!’ সাজ, বয়স নিয়ে নেটিজেনের নোংরা কটা’ক্ষের মুখে অভিনেত্রী ইন্দ্রানী হালদার, ট্রোলারকে নিজের ভাষাতেই জবাব অভিনেত্রীর
বাংলা চলচ্চিত্রে নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন রাজা সেন। সিনেমার পাশাপাশি তথ্যচিত্র এবং টেলিভিশনেও তাঁর কাজের ছাপ রয়েছে। জাতীয় পুরস্কারজয়ী এই পরিচালকের প্রয়াণে বাংলা চলচ্চিত্র মহলে তৈরি হয়েছে গভীর শূন্যতা। তাঁর কাজ এবং সৃষ্টির মধ্য দিয়েই আগামী দিনেও দর্শকের মনে বেঁচে থাকবেন রাজা সেন।
