ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তিথি বসু ফের চর্চায়। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন ‘মা’ ধারাবাহিকের ঝিলিক। সম্প্রতি একটি অনুষ্ঠানের ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরেই ক্ষোভ প্রকাশ করেন তিথি। তাঁর দাবি, সেখানে তাঁকে এবং আরও এক অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে।
তিথি জানিয়েছেন, প্রায় পাঁচ বছর ধরে স্যান্ডিকে তিনি চেনেন। তাঁর অভিযোগ, স্যান্ডি বিভিন্ন মেয়ের জন্য ক্লায়েন্টের ব্যবস্থা করে দেন এবং তাঁদের সঙ্গে বিদেশেও যান। অভিনেত্রীর দাবি, তাঁকেও একাধিকবার ক্লায়েন্টের খরচে বিদেশ যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এমনকি শ্রীলঙ্কায় এক ভ্লগারের সঙ্গে কাজের কথা বলেও তাঁকে সেখানে যাওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে জানিয়েছেন তিথি।
অভিনেত্রীর আরও দাবি, এই ধরনের প্রস্তাবের পাশাপাশি তাঁকে ব্যক্তিগত জীবন নিয়েও অস্বস্তিকর প্রশ্ন করা হত। বিদেশে গেলে তিনি একা যাবেন কি না, নাকি প্রেমিকের সঙ্গে যাবেন, এমন প্রশ্নও করা হয়েছিল বলে জানান তিথি। নিজের বক্তব্যের সমর্থনে স্যান্ডির পাঠানো কিছু অডিয়ো বা ভয়েস মেসেজের কথাও উল্লেখ করেছেন তিনি।
তিথি আরও বলেন, বিদেশে গেলে নিজের উপার্জনের টাকাতেই যাবেন তিনি। কোনও অনুষ্ঠান বা কাজের প্রয়োজনে প্রচারের জন্য কোথাও যেতে হলে তাতেও তাঁর আপত্তি নেই। তবে কোনও ক্লায়েন্টের মাধ্যমে বা ওই ধরনের প্রস্তাবে তিনি বিদেশ যেতে চান না। অভিনেত্রীর কথায়, তিনি নিজের মতো করে সৎ পথে কাজ করতে চান এবং যতটুকু উপার্জন করেন, তাতেই সন্তুষ্ট।
আরও পড়ুনঃ সব বিষয়ে মুখ খুললেও ব্যান কালচারের বিরুদ্ধে সরব হননি কেন? অনির্বাণ, ঋদ্ধিকে ব্যান করার সময় কেন নীরব ছিলেন কৌশিক সেন? অবশেষে মুখ খুলে কঠিন সময়ের অজানা কথা জানালেন অভিনেতা!
স্যান্ডির একটি মন্তব্যকে কেন্দ্র করেই তিথির এই ক্ষোভ প্রকাশ্যে এসেছে। অভিনেত্রীর অভিযোগ, একটি অ্যাডাল্ট কমেডি শোয়ের অংশে তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে এবং সেই বিষয়টি তাঁকে অত্যন্ত আঘাত করেছে। তিথি স্পষ্ট জানিয়েছেন, তাঁকে নিয়ে ট্রোল বা কটাক্ষ করা হলেও তিনি তাতে গুরুত্ব দিতে চান না। তবে এই ঘটনার পর স্যান্ডির প্রতি তাঁর মনোভাব বদলে গিয়েছে বলেই জানিয়েছেন অভিনেত্রী।
