জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফুটপাথে শিশুর জন্য দুধ গরম মায়ের, মহিলাকে ধমক মন্ত্রী অগ্নিমিত্রার! কলকাতাকে সুন্দর করার চেষ্টা করতেই মন্ত্রীর আচরণের বিরুদ্ধে সরব শ্রীলেখা, ঋদ্ধি

কলকাতার রাস্তায় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের একটি ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে বিতর্ক। শনিবার শহর পরিদর্শনের সময় ফুটপাথে থাকা এক মহিলাকে ধমক দিতে দেখা যায় তাঁকে। ওই মহিলা নিজের সন্তানের জন্য ফুটপাথে দুধ গরম করছিলেন। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অগ্নিমিত্রার আচরণ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনাটি নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর বক্তব্য, একজন অসহায় মা নিজের শিশুর জন্য খাবার তৈরি করছিলেন, সেটাকেই কেন অপরাধের মতো দেখা হবে? শ্রীলেখার মতে, ওই মহিলার নিজের বাড়ি বা অট্টালিকা নেই বলেই তাঁকে ফুটপাথে থাকতে হচ্ছে। তাই মন্ত্রীর উচিত আগে তাঁর পরিস্থিতি বোঝা এবং মানুষের কষ্ট অনুভব করা।

অগ্নিমিত্রার উদ্দেশে শ্রীলেখা আরও বলেন, মন্ত্রিত্বের ক্ষমতা দেখানোর আগে মানুষের পাশে দাঁড়ানো জরুরি। তিনি মনে করিয়ে দেন, অগ্নিমিত্রাও একজন মা এবং সন্তানের ক্ষুধার কষ্ট তাঁর বোঝার কথা। শ্রীলেখার পোস্টে এক নেটিজেন কঠোর মন্তব্য করলেও অভিনেত্রী পাল্টা জানান, অনেক অর্থের আড়ালে থাকা মানুষরা হয়তো খিদের যন্ত্রণা বুঝতে পারেন না।

অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদ করেছেন অভিনেতা ঋদ্ধি সেনও। তিনি অগ্নিমিত্রার ধমকের শিকার হওয়া মহিলার একটি ছবি এবং কলকাতার ফুটপাথে আঁকা দুর্গার মুখের একটি ছবি পাশাপাশি পোস্ট করেছেন। তাঁর বক্তব্যের মূল সুর ছিল, শহর তখনই সুন্দর, যখন সেই শহর সবার জন্য হয়। কলকাতার সৌন্দর্য্য শুধু রাস্তাঘাট বা সাজসজ্জায় নয়, শহরের প্রতিটি মানুষের জায়গা এবং অধিকারেও রয়েছে বলে ইঙ্গিত করেছেন তিনি।

প্রসঙ্গত, অগ্নিমিত্রা পাল আগে ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচিত ছিলেন। পরে রাজনীতিতে যোগ দিয়ে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিধায়ক হন এবং ২০২৬ সালেও একই কেন্দ্র থেকে জয় পান। বর্তমানে তিনি রাজ্য সরকারের নগরোন্নয়ন দফতরের দায়িত্বে রয়েছেন। সেই দায়িত্বে থাকার সময় ফুটপাথবাসী এক মহিলাকে ধমক দেওয়ার ভিডিয়ো ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে এখন সমাজমাধ্যমে চলছে জোর আলোচনা।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page