জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“ও মা, এ তো দেখছি পুরো বিজেপি হয়ে গেছে!” “অশুভনাশিনী ত্রিনয়নী না, এআই-নয়নী এটা!” দুর্গা অঙ্কিতা, রামের ভূমিকায় অভিষেক! রামায়ণের গল্পে মহালয়া সাজাল জি বাংলা, দুর্গাপূজো কম নবরাত্রির প্রস্তুতি বেশি লাগছে? প্রোমো দেখেই অসন্তুষ্ট দর্শকের একাংশ! আপনাদের কী মতামত?

মহালয়া এলেই বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় চ্যানেলের বিশেষ অনুষ্ঠান ঘিরে দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়। চলতি বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। স্টার জলসার মহালয়া অনুষ্ঠানে দেবী দুর্গার ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে বলে আগেই জানা গিয়েছিল। অন্যদিকে জি বাংলার তরফে বিশেষ ঘোষণা না থাকায় তাদের অনুষ্ঠানে কে দেবী দুর্গার ভূমিকায় থাকছেন, তা নিয়ে অপেক্ষা ছিল দর্শকদের। অবশেষে প্রকাশ্যে এল জি বাংলার মহালয়া অনুষ্ঠান ‘অশুভনাশিনী ত্রিনয়নী’র প্রোমো। সেই প্রোমোতেই দেবী দুর্গার সাজে দেখা গেল ‘জগদ্ধাত্রী’ খ্যাত অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে। তবে দেবীর ভূমিকায় অঙ্কিতাকে দেখার পাশাপাশি অনুষ্ঠানের বিষয়বস্তু নিয়েও তৈরি হয়েছে নতুন আলোচনা।

জি বাংলার এবারের মহালয়া অনুষ্ঠানটি অন্যরকমভাবে সাজানো হয়েছে। প্রচলিত মহিষাসুরমর্দিনীর কাহিনির বদলে এখানে রামায়ণের প্রেক্ষাপটকে মহালয়ার সঙ্গে মিলিয়ে তুলে ধরা হয়েছে। প্রোমোতে অভিষেক বসুকে রামের ভূমিকায় দেখা যাচ্ছে। গল্প অনুযায়ী, রাম দেবী দুর্গার ভক্ত, অন্যদিকে রাবণ ভদ্রকালীর উপাসক। রাবণের অত্যাচার যখন বাড়তে থাকে, তখন দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে রাম তাকে বধ করেন। ফলে মহালয়ার আবহের সঙ্গে রাম, রাবণ এবং দেবী দুর্গার কাহিনিকে একসঙ্গে মিলিয়ে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। তবে এই ভাবনাই দর্শকদের একাংশের মধ্যে প্রশ্ন তুলেছে। অনেকেই মনে করছেন, মহালয়ার অনুষ্ঠানের সঙ্গে রামায়ণের এই মিশ্রণ তাঁদের প্রত্যাশার সঙ্গে মিলছে না।

প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। একজন দর্শক মন্তব্য করেছেন, ‘এই তো বেশ নবরাত্রি নবরাত্রি ফিল হচ্ছে প্রোমোটা দেখে।’ আবার আরেকজন লিখেছেন, ‘জি বাংলা তো দেখছি পুরো বিজেপি হয়ে গিয়েছে।’ দেবী দুর্গার সাজ নিয়েও মন্তব্য করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘শেষমেষ মা দুর্গার গায়ে ফুলহাতা ব্লাউজ! আর কী কী দেখতে হবে!’ আবার অঙ্কিতা মল্লিককে দেবীর সাজে দেখে একজন মন্তব্য করেছেন, ‘বাবা অঙ্কিতা মা দুর্গা’। শুধু বিষয়বস্তু বা পোশাক নয়, প্রোমো তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে। একজন দর্শক কটাক্ষ করে লিখেছেন, ‘এআই দিয়ে কে মহালয়ার প্রোমো বানায়। এটার তো নাম হওয়া উচিত এআই ত্রিনয়নী।’

অন্যদিকে স্টার জলসাতেও এবারের মহালয়া অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। তাদের অনুষ্ঠানের নাম ‘রূপে রূপান্তরে মহিষাসুরমর্দিনী’। সেখানে দেবী দুর্গার ভূমিকায় থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং মহাদেব শিবের চরিত্রে দেখা যাবে রণজয় বিষ্ণুকে। পাশাপাশি জলসার একাধিক জনপ্রিয় অভিনেত্রীকে দুর্গার বিভিন্ন রূপে দেখা যাবে। তাঁদের মধ্যে রয়েছেন সুস্মিতা, হিয়া, স্বস্তিকা এবং মানালী। দুই চ্যানেলের অনুষ্ঠানেই জনপ্রিয় তারকাদের উপস্থিতি থাকায় মহালয়ার অনুষ্ঠান নিয়ে দর্শকদের আগ্রহও তৈরি হয়েছে। তবে জি বাংলার প্রোমো প্রকাশের পর যে ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তাতে অনুষ্ঠান সম্প্রচারের পর দর্শকদের মতামত কোন দিকে যায়, সেটাই এখন দেখার।

পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিন দেবী দুর্গা কৈলাস থেকে মর্ত্যের উদ্দেশে যাত্রা শুরু করেন এবং মহিষাসুরকে বধ করে অন্যায় ও অশুভ শক্তির বিনাশ করেন। সেই চেনা কাহিনিকে কেন্দ্র করেই প্রতি বছর বিভিন্ন চ্যানেলে মহালয়ার বিশেষ অনুষ্ঠান তৈরি হয়। চলতি বছর মহালয়া পড়েছে ১০ অক্টোবর, শনিবার। অর্থাৎ দেবীর মর্ত্যে আগমনের আগে এখনও প্রায় এক মাসের বেশি সময় বাকি। তার আগেই জি বাংলার ‘অশুভনাশিনী ত্রিনয়নী’র প্রোমো সামনে এসে দর্শকদের মধ্যে আলোচনা শুরু করে দিয়েছে। অঙ্কিতা মল্লিকের দেবী দুর্গার সাজ, অভিষেক বসুর রামের চরিত্র এবং রামায়ণকে কেন্দ্র করে তৈরি এই নতুন ভাবনা শেষ পর্যন্ত দর্শকদের কতটা পছন্দ করে, তার উত্তর মিলবে অনুষ্ঠান সম্প্রচারের পরেই।

Piya Chanda

                 

You cannot copy content of this page