উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে শুক্রবার রাতে নন্দনে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন রাজনীতির পাশাপাশি টলিপাড়ার একাধিক পরিচিত মুখ এবং মহানায়কের পরিবারের সদস্যরাও। কেক কেটে পালন করা হয় এই বিশেষ দিন। তবে সবকিছুর মধ্যেও সবচেয়ে বেশি নজর কেড়েছে কৌস্তভ বাগচি ও রাজ চক্রবর্তীর একসঙ্গে মঞ্চে ওঠার মুহূর্ত।
ব্যারাকপুরের দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে এদিন একসঙ্গে গান গাইতে দেখা যায়। তাঁরা মিলে পরিবেশন করেন ‘পৃথিবী বদলে গেছে, যাতে কী নতুন লাগে’ গানটি। গান গাওয়ার সময় কৌস্তভ কোনও কথা ভুলে গেলে তাঁকে সাহায্য করতে দেখা যায় রাজকে। তাঁদের এই যৌথ পরিবেশনা উপস্থিত দর্শকদের পাশাপাশি বিশেষ অতিথিদেরও নজর কেড়েছে।
মঞ্চে দুই নেতার এমন বন্ধুত্বপূর্ণ মুহূর্ত দেখে অবাক হয়েছেন অনেকেই। নির্বাচনের সময় একে অপরকে নিয়ে তাঁদের মধ্যে তীব্র রাজনৈতিক লড়াই এবং কথার সংঘাত দেখা গিয়েছিল। সেই কারণেই মাত্র কিছুদিনের ব্যবধানে দুজনকে একই মঞ্চে এত স্বাভাবিকভাবে দেখা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা এবং মন্তব্য।
অনুষ্ঠান শেষে কৌস্তভ বাগচি বলেন, এটি রাজনীতির নয়, সংস্কৃতির মঞ্চ। তাই রাজনৈতিক মতের পার্থক্য দূরে রেখে সকলের একসঙ্গে আসাই স্বাভাবিক। তাঁর বক্তব্য, সংস্কৃতির জগতে আমরা এবং ওরা বলে কোনও বিভাজন থাকা উচিত নয়। উত্তম কুমারের মতো শিল্পীর জন্মশতবর্ষ উদ্যাপনের মঞ্চে সকলের মিলিত হওয়াটাই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনঃ তৃণমূলের অনুষ্ঠানে যোগ দিলেও অন্য মতাদর্শে বিশ্বাসী ছিলেন! এবার ‘গেরুয়া’ শিবিরে মানসী সেনগুপ্ত, BJMC-র গুরুত্বপূর্ণ পদে অভিনেত্রী, প্রাক্তন সরকারকে নিয়ে কী বললেন?
প্রসঙ্গত, নির্বাচনের ফল প্রকাশের সময় রাজ চক্রবর্তীকে ঘিরে উত্তেজনার ঘটনাও সামনে এসেছিল। সেই সময় দুই পক্ষের রাজনৈতিক অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন। কিন্তু উত্তম কুমারের জন্মশতবর্ষের অনুষ্ঠানে সেই পুরনো বিরোধের ছবি দেখা যায়নি। বরং একই মঞ্চে গান গেয়ে কৌস্তভ ও রাজ বুঝিয়ে দিলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজনৈতিক মতভেদ সরিয়ে রেখেও একসঙ্গে থাকা সম্ভব।
